
টলিউডে এখন বিয়ের মরশুম। ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা এক এক করে তাঁদের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন। সম্প্রতি মিমি চক্রবর্তী আইনি বিয়ে সেরেছেন। এছাড়াও টেলিভিশনের দু-তিনজন তারকাও শুভকাজ সেরে ফেলেছেন। ডিসেম্বরেই চারহাত এক হচ্ছে শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দারের। এবার শোনা যাচ্ছে, ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন টলিপাড়ার আরও এক চর্চিত জুটি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। চলতি বছরের পুজো থেকেই তাঁদের বিয়ে নিয়ে চর্চা ছিল। এবার শোনা যাচ্ছে ডিসেম্বরের শীতেই সাহেব-সুস্মিতা ছাদনাতলায় যাচ্ছেন।
'কথা' ধারাবাহিকের মাধ্যমেই এই জুটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। আর এই সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েই একে-অপরের প্রেমে পড়েন সাহেব-সুস্মিতা। দুজনে কেউই সম্পর্কের কথা সরাসরি স্বীকার না করলেও, অস্বীকারও কেউ করেন না। তাঁদের অফস্ক্রিন রসায়ন অনস্ক্রিনেও যে বজায় আছে, তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে, চলতি শীতেই অর্থাৎ আগামী ১৩ই ডিসেম্বর নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সাহেব ও সুস্মিতা! জুটির তরফ থেকে অবশ্য এই নিয়ে কোনও কিছু প্রকাশ্যে আনা হয়নি। জানা যাচ্ছে, বাঙালি সাজে বিয়ের দিন সাজবেন বর-কনে। কলকাতাতেই বসবে বিয়ের বাসর। এই শুভদিনে উপস্থিত থাকবেন সাহেব-সুস্মিতার কাছের মানুষরা। থাকবেন টলিউডের বহু পরিচিত মুখেরাও।
কিন্তু সত্যি কি তাঁরা বিয়ে করছেন এই ডিসেম্বরে? এ প্রসঙ্গে সুস্মিতা এক সংবাদমাধ্যমকে বলেন, 'দু-বছর ধরে তো কত কিছুই শুনছি। দেখা যাক। যখন হবে তখন দেখা যাবে।' অর্থাৎ এখনই কোনও কিছু ফাঁস করতে রাজি নন সাহেবের প্রেমিকা। প্রথম থেকেই এই জুটি তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কিছু বলেননি। তবে একসঙ্গে সব জায়গায় যাওয়া এবং সাহেবের পারিবারিক অনুষ্ঠানে সুস্মিতার যোগ দেওয়া, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল যে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে। সুস্মিতা এখন ভট্টাচার্য পরিবারেরই একজন তার প্রমাণ মেলে সর্বদা। কিছুদিন আগেই মা ও হবু বউকে বাহুডোরে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন সাহেব। জানিয়ে দিয়েছেন এই দুইজনই তাঁর ‘গোটা দুনিয়া’।
পুজোর সময়ও হবু শ্বশুড় সুব্রত ভট্টাচার্যের সঙ্গে প্যান্ডেল হপিং করেছেন সুস্মিতা। সাহেবের সঙ্গে অষ্ঠমীর অঞ্জলিও দিয়েছেন তিনি। যদিও বিয়ে নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন কথা জুটি। সাহেব-সুস্মিতার দুজনেরই একটা অতীত অধ্যায় আছে। মডেল সোনিকা চৌহানের সঙ্গে বিয়ের কথা পাকা ছিল সাহেবের। কিন্তু সোনিকার দুর্ঘটনায় মৃত্যুর জেরে পরিণতি পায়নি সেই প্রেম। অন্যদিকে অনির্বাণ রায়ের সঙ্গে চার বছরের সম্পর্কে ছিলেন সুস্মিতা। সেরেছিলেন বাগদানও। কিন্তু টেকেনি সম্পর্ক। এই মুহূর্তে সাহেব ও সুস্মিতা দুজনেই স্টার জলসার ভিন্ন ভিন্ন সিরিয়ালে কাজ করছেন। সাহেবকে দেখা যাচ্ছে গঙ্গা সিরিয়ালে আর সুস্মিতাকে দেখা যাচ্ছে তিলোত্তমা ধারাবাহিকে।