
বাংলা ইন্ডাস্ট্রির দক্ষ অভিনেতা হিসাবেই পরিচিত অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। বহু বছর ধরে একাধিক সিনেমায় অভিনয় করে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা ছবিকে। টলিউড পেরিয়ে তাঁর বিস্তার এখন বলিউডেও। বেশ কিছু হিন্দি ছবিতে খরাজের অভিনয় নজর কেড়েছে। নেগেটিভ হোক কিংবা পজিটিভ অথবা কমেডিয়ান হিসাবে খরাজের চরিত্রগুলি দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে। হিন্দি ছবিতে বহু আগেই দেখা গিয়েছিল অভিনেতাকে। এবার খোদ শাহরুখ খানের সঙ্গে একফ্রেমে দেখা যাবে অভিনেতাকে।
বড়পর্দায় ফের এসআরকে ম্যাজিক দেখা যাবে। চলতি বছরের ডিসেম্বরে আসছে 'কিং'। তোড়জোড় চলছে সেই সিনেমার। যে চারজন চিত্রনাট্য লিখেছেন, তাঁদের মধ্যে রয়েছে কাহানি খ্যাত সুজয় ঘোষ। আর এবার আরও এক বাঙালিকে দেখা যাবে এই ছবিতে। তিনি হলেন খরাজ মুখোপাধ্যায়। সম্প্রতি মুম্বই থেকে শ্যুটিং সেরে ফিরেছেন অভিনেতা। এক সংবাদমাধ্যকে খরাজ তাঁর শেযুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে জানিয়েছেন অসাধারণ তাঁর অভিজ্ঞতা। শাহরুখ খান দারুণ মানুষ, কাজ ছাড়া কিছু বোঝেন না।
খরাজ এও জানান যে যতক্ষণ সেটে আছেন, অন্য কোনও বিষয় নিয়ে কথাই বলেন না। জোরে কথা বলেন না তাই অন্যরাও চুপ করে কাজ করেন। কখন হতো শাহরুখের শ্যুটিং? খরাজ জানিয়েছেন যে বলিউডের বাদশার শ্যুটিং শুরু হয় দুপুর ২টো থেকে রাত দুটো পর্যন্ত। সেটা খরাজের জন্য সুবিধা হয়েছিল বলেই জানিয়েছেন তিনি। এই ছবির মাধ্যমেই সুহানাকে বড়পর্দায় ‘লঞ্চ’ করছেন শাহরুখ খান। খরাজ জানিয়েছেন মেয়ে সুহানার প্রথম ছবি তাই বাবা হিসাবে শাহরুখ পুরোটাই গাইড করছেন, শিখিয়ে দিচ্ছেন।
খরাজের সঙ্গে সুহানার একাধিক দৃশ্য রয়েছে। এছাড়াও শাহরুখের সঙ্গেও দৃশ্য রয়েছে খরাজের। বেশ কিছুটা শ্যুটিং সেরে কলকাতায় ফিরেছিলেন খরাজ। এরপর দ্বিতীয়ার্ধের শ্যুটিংয়ে ফের গিয়েছিলেন খরাজ। আর শ্যুটিং সেরে শাহরুখের অটোগ্রাফও নিয়েছেন অভিনেতা। ছবি তুলতে পারেননি কারণ শাহরুখ সেই সময় নিজের চরিত্রের লুকসে ছিলেন। প্রসঙ্গত, সুজয় ঘোষই খরাজের কথা শাহরুখকে বলেছিলেন। খরাজের প্রশংসা করে শাহরুখ বলেন যে তিনি তাঁর অভিনয়ের প্রশংসা শুনেছেন এবং পরবর্তীতে আরও ছবিতে খরাজের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন এসআরকে। তবে খরাজকে কোন চরিত্রে দেখা যাবে কিং-এ সেটা জানা যায়নি। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ-খরাজের কিং।