
টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তিনি। একাধিক সিরিয়ালে তাঁকে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে। যদিও একটা সময়ে তিনি প্রধান চরিত্রেই অভিনয় করতেন। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও তিনি ভীষণ খোলামেলা। সম্পর্কে রয়েছেন এক ফুটবলারের সঙ্গে। তাঁর সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন। সম্প্রতি সি বিচে অভিনেত্রী প্রেমিকাকে নিয়ে বাংলা রোম্যান্টিক গানে রিলস বানাতে দেখা গেল ওই ফুটবলারকে।
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী গীতশ্রী রায় তথা গীত। শেষ তাঁকে দেখা গিয়েছিল শুভ বিবাহ সিরিয়ালে। ফুটবলার প্রবীর দাসের সঙ্গে ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন। বিদেশে মাঝে মধ্যেই ঘুরতে যান তাঁরা। আর সেখান থেকেই প্রেমিকার সঙ্গে রোম্যান্টিক রিলস বানালেন প্রবীর। ভিডিওতে দুজনকেই সাদা রঙের পোশাকে দেখা গিয়েছে। প্রবীর ও গীতকে পারবোনা আমি ছাড়তে তোকে এই গানে রিলস বানাতে দেখা যায়। বেশ ফিল্মি কায়দাতেই ফুটবলার তাঁর প্রেমিকাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন। এই ভিডিও শেয়ার হতেই টেলিপাড়ার অনেক তারকারাই কমেন্ট করেছেন।
প্রায় তিন বছর হল প্রবীর দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন। প্রেম নিয়ে বেশি দিন লুকোছাপা করেননি অভিনেত্রী। প্রেমিক প্রবীর পেশায় ফুটবলার। বছরের দু’টি মাস, মে-জুন— তাঁর খেলার চাপ থাকে না। তাই বছরের এই সময়ই ঘুরতে যাওয়ার চেষ্টা করেন যুগলে। গত বছর মলদ্বীপে ঘুরতে গিয়ে খুব রোম্যান্টিক ভাবে বিয়ের প্রস্তাব দেন প্রবীর। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন অভিনেত্রী। তবে এখনই বিয়ের ফুট ফুটছে না। বিয়ে হতে এখনও দেরি আছে।
প্রবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা চর্চায় বরাবরই স্পিকটি নট থেকেছেন গীতশ্রী। বরং, ফুটবলারের সঙ্গে কাটানো সময়টাকে জীবনের সেরা মুহূর্ত বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। প্রবীর দাস কেরলা এফসি দলের হয়ে খেলেন এখন। ফুটবল দুনিয়ার চেনা মুখ প্রবীর। এই তারকা ফুটবলার ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা তনুশ্রীকে বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পরেই ফুটবলার স্বামী প্রবীরের নামে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন তনুশ্রী। বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছিল। ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগও। কিন্তু এতসব কিছুর পরও প্রবীরের সঙ্গে সম্পর্কে আসেন গীতশ্রী। আর প্রথম প্রথম তাঁকে বহু কটাক্ষ শুনতে হয় এই নিয়ে।
গীতশ্রী প্রবীরের অতীত নিয়ে ভাবতে নারাজ বরং তাঁর সঙ্গে নিজের সুন্দর ভবিষ্যত দেখেন পর্দার রাশি। গীতশ্রীর চেয়ে ৩ বছরের ছোট প্রবীর। তবে তা তাঁদের ভালোবাসায় কোনওদিন বাধা হয়ে দাঁড়ায়নি। ২০১১ সালে ‘রাশি’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে হাতেখড়ি গীতশ্রীর। তার পর একাধিক মেগায় দেখা গেলেও সেই জনপ্রিয়তা ছুঁতে পারেননি। এখন মূলত পার্শ্ব চরিত্রেই দেখা মেলে তাঁর। এর পাশাপাশি নতুন ব্যবসাও খুলেছেন গীতশ্রী। সম্প্রতি হৃষিকেশে গিয়ে যোগগুরু হয়েছেন অভিনেত্রী। আর এইসবের মাঝে দুজনে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন এখন।