
গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের চাকচিক্য ভরা জীবনের পেছনে অনেক সময়ই এমন কিছু ঘটনা থাকে, যা প্রকাশ্যে আসার পর অনেকেই হতচকিত হয়ে পড়েন। সেরকমই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন হিন্দি টেলিভিশন তথা বলিউডের জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। লক আপ নামক রিয়্যালিটি শোয়ে রাম জানিয়েছেন যে ১৩ বছর বয়সে স্কুলে পড়াকালীন তিনি যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। এই প্রথমবার রাম এই শোয়ের মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের বিস্ফোরক তথ্য ফাঁস করলেন।
'লক আপ'-এ সিক্রেট ফাঁস টাস্ক-এ রাম কাপুর এই ঘটনা জানানোর পাশাপাশি এও জানান যে তাঁর স্ত্রী গৌতমী ছাড়া আর কেউ এই ঘটনার কথা জানে না। ভয়াবহ সেই ঘটনার কথা বলতে গিয়ে রাম জানান যে তিনি তখন অষ্টম শ্রেণীর ছাত্র, সেই সময় এক বড় ক্লাসের পড়ুয়া বোর্ডিং স্কুলের ডর্মিটরিতে এই ঘটনা ঘটায়। রাম বলেন, আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি। বয়স ১৩ বছর। আমায় যৌন হেনস্থা করা হয়। স্কুলের পর আমরা হস্টেলে বসে গল্প করতাম। দশম শ্রেণির এক ছাত্র আমার সঙ্গে বিছানায় ছিল। সকলে মিলে আমরা মজা, হাসিঠাট্টা করছিলাম। হঠাৎ, কম্বলের তলায়, আমাকে ছুঁতে শুরু করে ওই ছেলেটি।
'বড়ে অচ্ছে লাগতে হ্যায়' অভিনেতা বলেন, আমাদের চারপাশে ৩০-৪০ জন পড়ুয়া ছিল আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি কিছুই করতে পারিনি আর সে তার কাজ চালিয়েই যাচ্ছিল। রাম জানান যে, তিনি প্রথমে কিছুই বলতে পারেননি। হঠাৎ এমন ঘটনায় কী ভাবে উত্তর দিতে হয়, বোঝেননি। এই ঘটনার কারণে আমি বেশ কয়েক বছর মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। রাম বলেন, আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে এই পরিস্থিতিতে আমার কী করা উচিত, চুপ করে থাকব নাকি সহ্য করবো নাকি চিৎকার করবো। খানিক পরে সাহস করে ওই ছেলেটিকে রাম জানান তাঁর অস্বস্তির কথা। রাম বলেন, জানি না, খানিক পরে ওকে বলি, আমার এটা ভাল লাগছে না। ও সঙ্গে সঙ্গে থেমে যায় এবং বেরিয়ে যায়। এই ঘটনার প্রভাব পড়েছিল অভিনেতার ওপরেও।
এই ঘটনার পরই রাম হঠাৎ করে শান্ত ও চুপচাপ হয়ে গিয়েছিলেন। তাঁর মনের ওপর গভীর প্রভাব পড়েছিল। তবে যাঁর হাতে হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেতা, তিনি পরবর্তী কালে এসে ক্ষমা চান। রাম বলেন, 'খুব আজব বিষয়। কিন্তু, আমাকে যিনি অস্বস্তিতে ফেলেছিলেন, তিনিই সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন।' এমনকী এখন তিনি রামের খুব ভাল বন্ধুও। রাম বলেন, 'কয়েক সপ্তাহ পর সে ক্ষমা চাইল, এবং যখনই সুযোগ পেত, আমাকে এটা বোঝাতে চাইত যে সে সত্যিই অনুতপ্ত। এটা এমন একটা গোপন কথা যা আমার ছেলেমেয়ে আর বাবা-মাও জানে না। শুধু গৌতমীই এ ব্যাপারে জানে।' এই ঘটনার কথা বলতে গিয়ে রামকে কাঁপতে দেখা যায়। শেষপর্যন্ত তাঁকে শান্ত করতে এগিয়ে আসেন অনুষ্ঠানের দুই সঞ্চালক, ফারাহ খান ও রিতেশ দেশমুখ। ঘটনাটি নিয়ে বলতে গিয়ে রাম বলেন, এটি মানুষের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে এবং তাঁকে শিখিয়েছে যে অন্যকে বিচার করা উচিত নয়। তিনি আরও বলেন যে, যদিও সেই অভিজ্ঞতার কথা বললে এখনও বেদনাদায়ক স্মৃতি মনে পড়ে, তবুও সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি তাঁর আর কোনো ভয় বা বিদ্বেষ নেই।