
মার্চ শেষেই সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তারপর থেকেই শ্যুটিং ফ্লোরে তারকা ও কলা-কুশলীদের নিরাপত্তা নিয়ে জোরদার প্রশ্ন ওঠে। এবার ফের শ্যুটিং ফ্লোরে দুর্ঘটনা ঘটলো অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সিরিয়ালের এক দৃশ্যের শ্যুট করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী। এখন কেমন আছেন সোমা?
টলিউড তথা টেলিভিশনের অত্যন্ত চেনা মুখ সোমা বন্দ্যোপাধ্যায়। নেগেটিভ ও পজিটিভ দুভাবেই তিনি দর্শক মহলে ভীষণভাবে খ্যাতি অর্জন করেছেন। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই মুহূর্তে সোমাকে দেখা যাচ্ছে অন্নপূর্ণার লক্ষ্মীরা সিরিয়ালে। মাত্র কয়েকদিনই হল জি বাংলায় শুরু হয়েছে এই নতুন ধারাবাহিক। অন্নপূর্ণার তিন মেয়েকে নিয়েই তৈরি এই ধারাবাহিকের গল্প। সম্প্রতি এই ধারাবাহিকে দেখা গিয়েছে, সোমার চরিত্রটি ছিনতাইবাজদের খপ্পরে পড়ে এবং সব টাকা-পয়সা ছিনতাই হয়ে যায়।
জানা গিয়েছে, এই দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই আহত হয়েছেন সোমা। দৃশ্যে সোমার হাত থেকে টাকা ভর্তি প্যাকেট নিয়ে চলে যায় ছিনতাইবাজরা, সেই দৃশ্যে অভিনয় করার সময় ঘটনাটি ঘটে। যারা বাইকে ছিলেন তারা খুব দ্রুতগতিতে সোমার হাত থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যান, যেমনটা দৃশ্যে ছিল। এক সংবাদমাধ্যমকে সোমা জানিয়েছেন যে , হাতের মধ্যে ব্যাগ জড়ানো ছিল তাই ব্যাগ নিতে গিয়ে অসাবধানতায় সোমার আঙুলের হাড় সম্পূর্ণ সরে গিয়েছে। এক কথায়, হাত ভেঙেছে অভিনেত্রীর। তবে সেই ভাঙা হাত নিয়েই সেদিনের শ্যুটিং করেছেন তিনি। পরে এক্সরে করান এবং ডাক্তারও দেখান।
অভিনেত্রী আরও জানিয়েছেন, ভাঙা হাত নিয়েই তিনি শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। কারণ এখন শ্যুটিং বন্ধ করা সম্ভব নয়। যদিও ফ্লোরের সকলেই অভিনেত্রীকে ভীষণভাবে সহায়তা করছেন বলে জানিয়েছেন তিনি। আবার এই হাত চোট নিয়ে তিনি সকলের জন্য রান্না করে নিয়ে আসছেন। গত ১ জুন থেকে জি বাংলায় শুরু হয়েছে অন্নপূর্ণার লক্ষ্মীরা। এই সিরিয়ালের মাধ্যমে বহুদিন পর ছোটপর্দায় দেখা যাচ্ছে সোমা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, কিছুদিন আগেই শ্যুটিং ফ্লোরে পায়ে গুরুতর চোট লাগে অভিনেতা শুভ্রজিৎ সাহার। পায়ের লিগামেন্টে চোট পান তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে বাধ্য হয়ে শুভ্রজিৎকে সিরিয়াল ছাড়তে হয়।