
নীল বর্ণ গায়ের রং, মাথায় সোনালি লম্বা মুকুট, চোখের চাহনিতে আগুন, গা ভর্তি গয়না। ত্রিনয়ন থেকে ফেটে বেরোচ্ছে রাগ। ভদ্রকালী অবতারে ধরা দিয়ে সকলকে চমকে দিলেন এই অভিনেত্রী। অভিনেত্রীর এই সাজ নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে। টেলিভিশনের ভীষণ চেনা মুখ ইনি। একাধিক সিরিয়ালে এই অভিনেত্রীকে লিড রোলে দেখতে পাওয়া যায়। মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে এই অভিনেত্রীকে দেখা যাবে এই ভদ্রকালী অবতারে।
অভিনেত্রী রীতিমতো বাংলা টেলিভিশন দাপটের সঙ্গে অধিকার করে রয়েছেন বিগত কয়েক বছর। চ্যানেলে চ্যানেলে মহালয়ার অনুষ্ঠান নিয়ে প্রস্তুতি তুঙ্গে। আর তারই মাঝে সামনে এল এই ভদ্রকালী অবতার। অভিনেত্রীকে এই অবতারে বেশ মানিয়েছে। এমনিতে এই অভিনেত্রী রিয়্যাল লাইফে একটুও রাগী নন, বরং সদাই হাসিমুখে থাকেন তিনি। কিন্তু মা কালীর অবতারে তাঁর চোখ-মুখের ভঙ্গীমায় রাগের বহিঃপ্রকাশ স্পষ্ট। ভদ্রকালী রূপে যাঁকে দেখা যাচ্ছে, তিনি হলেও অভিনেত্রী আরাত্রিকা মাইতি। জি বাংলার মহিষাসুরমর্দিনীতে তাঁকে দেখা যাবে এই কালী অবতারে।
এই মুহূর্তে আরাত্রিকাকে দেখা যাচ্ছে জোয়ার ভাঁটা সিরিয়ালে। সেখানে উজি চরিত্রটি দর্শকের কাছে ভীষণভাবে জনপ্রিয়। মহিষাসুরমর্দিনীতে চ্যানেলের সব সিরিয়ালের অভিনেত্রীদেরই দেবীর বিভিন্ন অবতারে দেখা যাবে। সেরকমই আরাত্রিকাকে দেখা যাবে ভদ্রকালী রূপে। তাঁর মেকআপের পর আরাত্রিকাকে চেনা দায়। এমনিতে দারুণ নাচেন অভিনেত্রী, নাচের রিয়্যালিটি শো থেকেই অভিনয় জগতে আসা আরত্রিকার। ইতিমধ্য়েই সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে ডেবিউ করে ফেলেছেন। তাঁর অভিনয় দর্শকেরা ভীষণভাবে ভালোবাসেন।
ইতিমধ্যেই মহালয়ার অনুষ্ঠান ঘিরে উন্মাদনা তুঙ্গে। তিনটে চ্যানেলের মহিষাসুরমর্দিনীতে তিনজনকে দেখা যাবে দেবী রূপে। জি বাংলার মহিষাসুরমর্দিনীতে দুর্গারূপে দেখা যাবে জগদ্ধাত্রী সিরিয়াল খ্যাত অঙ্কিতাকে। অপরদিকে, স্টার জলসাতে দুর্গা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং সান বাংলায় মা দুর্গা রূপে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। এছাড়াও মা দুর্গার বিভিন্ন অবতারে দেখা যাবে তিন চ্যানেলের সব সিরিয়ালের অভিনেত্রীদের। তিন চ্যানেলের তরফ থেকে মহালয়ার এই অনুষ্ঠানের প্রোমোগুলিও সামনে এসেছে। প্রসঙ্গত, রেডিওর পাশাপাশি দীর্ঘদিন ধরেই বাংলা টেলিভিশনে মহালয়ার বিশেষ অনুষ্ঠান হয়ে উঠেছে পুজোর অন্যতম আকর্ষণ।
কসময় মহালয়ার ভোর মানেই ছিল রেডিয়োর সামনে বসে চণ্ডীপাঠ শোনা। পরে সেই আবহে যোগ হয় টেলিভিশনের পর্দা। দেবী দুর্গার ভূমিকায় জনপ্রিয় অভিনেত্রীদের দেখা, পৌরাণিক কাহিনি, মহিষাসুরের সঙ্গে দেবীর যুদ্ধ, দেবীর নানা রূপ—সব মিলিয়ে মহালয়ার অনুষ্ঠান ধীরে ধীরে হয়ে ওঠে এক দৃশ্যশ্রাব্য উৎসব। বাংলা টেলিভিশনের বিভিন্ন চ্যানেল প্রতি বছরই মহালয়াকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠান তৈরি করে। কোথাও মূল গল্পের কেন্দ্রে থাকেন মহিষাসুরমর্দিনী, কোথাও উঠে আসে দেবীর অন্য কোনও রূপ বা পৌরাণিক আখ্যান। আবার কোনও কোনও অনুষ্ঠানে পুরাণের গল্পের সঙ্গে জুড়ে দেওয়া হয় সমকালীন ভাবনা। ফলে একই দেবীকে ঘিরে তৈরি হয় একাধিক গল্প, একাধিক উপস্থাপনা।