
ছোটপর্দার দুই চেনা মুখ এঁরা। একাধিক পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন। তবে এই মুহূর্তে এই দুই চেনা মুখই একই সিরিয়ালে কাজ করছেন। 'লক্ষ্মীর ঝাঁপি' ধারাবাহিকে তাঁদের সম্পর্ক জামাইবাবু ও শ্যালিকার। পর্দায় জামাইবাবুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছে শ্যালিকা। সেই নাটকীয়তা বেশ উপভোগ করছেন দর্শকেরা। তবে রিয়্যাল লাইফে জামাইবাবু ও শ্যালিকার কেমিস্ট্রিটা একেবারে উল্টো। পর্দার বাইরে তাঁরা একে-অপরকে চোখে হারান। টেলিপাড়ার নতুন জুটি অভিনেত্রী সৌমি চক্রবর্তী ও অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী। পর্দায় তাঁদের শত্রুতা থাকলেও পর্দার বাইরে কিন্তু তাঁদের রোম্যান্স জমে ক্ষীর।
টেলি ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই সৌমি ও দেব্যজ্য়োতির সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন এই জুটি। কিছুদিন আগে সৌমি ও দেবজ্যোতির ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে বুঝতে কোনও অসুবিধা হয় না যে এই জুটি চুটিয়ে প্রেম করছেন। আর সম্প্রতি এই টেলিভিশন জুটি ফের নেটপাড়ার পারদ চড়ালেন। নীল আকাশ ও মেঘলা আবহাওয়ার মাঝে সুইমিং পুলে অন্তরঙ্গ অবস্থায় ধরা দিলেন সৌমি-দেবজ্যোতি।
সুইমিং পুলের জলে দেবজ্যোতির ঠোঁটে ঠোঁট রাখলেন সৌমি। দুজনের প্রেমের উত্তাপ আঁচ করতে পারল নেটপাড়া। অন্য একটি ছবিতে দেবজ্যোতিকে জলের মধ্যেই শূন্যে তুলে ধরে রোম্যান্স করতে দেখা গিয়েছে। আবার অন্য ছবিতে দেবজ্যোতির বাহুডোরে ধরা দিলেন সৌমি। সব মিলিয়ে টেলিপাড়ার এই নতুন জুটির রোম্যান্স এখন টক অফ দ্য টাউন বলা চলে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। এখনও পর্যন্ত এই পোস্টে লাইক পড়েছে ৪৬ হাজারের বেশি।
তবে এই নতুন জুটিকে দেখে যেমন উচ্ছ্বসিত নেটিজেনদের একাংশ তেমনি ট্রোলের মুখেও পড়তে হয়েছে এঁদের। কিছুমাস আগেও সৌমির সঙ্গে সম্পর্কে ছিলেন কনটেন্ট ক্রিয়েটর পৃথ্বীশ। তাঁদের মধ্যে মাখো মাখো ভালোবাসা ছিল, লিভ-ইনও করতেন তাঁরা। একাধিক রিলস একসঙ্গে বানিয়েছেন তাঁরা। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। পৃথ্বীশের সঙ্গে বিচ্ছেদের মাত্র কয়েক মাসের মাথায় দেবজ্যোতির সঙ্গে এই চরম ঘনিষ্ঠতা দেখে অনেকেই বাঁকা চোখে তাকাচ্ছেন। পর্দার ‘জামাইবাবু’ দেবজ্যোতির প্রেমে সৌমি যে এই মুহূর্তে হাবুডুবু খাচ্ছেন, তা তাঁদের ছবি থেকেই পরিষ্কার। প্রাক্তনকে ভুলে বর্তমানে বাঁচা বা নিজের পছন্দমতো মানুষের সঙ্গে জীবন কাটানোটা যে সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত অধিকার, সেটাই যেন বুঝিয়ে দিচ্ছেন অভিনেত্রী।