
সোশ্যাল মিডিয়ায় তারকাদের ফ্যানপেজ তৈরি হওয়া কোনও নতুন বিষয় নয়। একাধিক তারকার ফ্যানপেজ রয়েছে আর সেখান থেকে সেই তারকাদের পেশা সংক্রান্ত তথ্য, সিনেমার প্রচার কিংবা শুধুই ছবি পোস্ট করা হয়। মাঝে মাঝে অবশ্য এই ফ্যানপেজগুলো সমস্যাও সৃষ্টি করে। তেমনি এক ফ্যানপেজের পাল্লায় পড়ে বিপাকে পড়লেন পর্দার একেনবাবু। সেই পেজ থেকে ক্রমাগত অন্য় বিষয়ে পোস্ট শেয়ার করা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই অনির্বাণ চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে সবাইকে সতর্ক করেছেন।
পর্দার একেনবাবুর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে। আর সেই পেজ থেকে ক্রমাগত মিম পোস্ট করা হচ্ছে, যা সম্পূর্ণ রাজনৈতিক। আর এরপর অনির্বাণ চক্রবর্তী সকলকে সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, আমার শুধুমাত্র এই একটাই প্রোফাইল আছে। আমার নামে বা আমার অভিনীত কোনও চরিত্রের নামে অন্য কোনও প্রোফাইল/পেজ-এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। অনির্বা চক্রবর্তী এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে বলেন যে তাঁকে এক পরিচিত ওই প্রোফাইল পাঠিয়ে জিজ্ঞাসা করেন যে এটা তাঁর প্রোফাইল কিনা। যেখানে সবই রাজনৈতিক পোস্ট।
সেই প্রোফাইল ছবিতে একেনবাবুর চরিত্রের একটি ছবি আর আর কভারে রয়েছে অভিনেতার নিজের ছবি। যদিও অভিনেতার নাম কোথাও ব্যবহার হয়নি বলে জানিয়েছেন তিনি। কে বা কারা এটা করেছেন, তা অনির্বাণ জানেন না। যদিও এই প্রোফাইল নিয়ে রিপোর্ট করেছেন অনির্বাণ। ফেসবুকের তরফ থেকে উত্তরও পেয়েছেন অভিনেতা। ভুয়ো প্রোফাইল নিয়ে ইতিমধ্যেই সতর্কীকরণ পোস্টও করেন।
এর আগেও একাধিক তারকার ভুয়ো প্রোফাইল কিংবা তাঁদেরই প্রোফাইল হ্যাক হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সেই মর্মেই অনির্বাণ চক্রবর্তীর এই বার্তা, যাতে আগামী দিনে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এই প্রোফাইল থেকে কিছু না করা হয়। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশ্যে এসেছে একেনবাবুর ছবি ‘কেরালার কুরুক্ষেত্র’- এর অভিনেতাদের তালিকা। অগাস্ট মাসেই কেরলমে হবে একেনবাবুর শ্যুটিং। প্রি-প্রোডাকশন এবং শেষ মুহূর্তের চিত্রনাট্যের কাজ চলছে চুটিয়ে। পুজোয় বড়পর্দায় মুক্তি পাবে ‘কেরালার কুরুক্ষেত্র’।