Advertisement

Rahul Arunoday Banerjee Death Case: রাহুলের মৃত্যুর ৭ দিন পর ঠিক কী কী ঘটল? বুঝুন এক ঝলকে

গত ২৯ মার্চ দিঘার তালসারিতে ভোলে বাবা পার করেগা শ্যুটিংয়ে গিয়ে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতার আকস্মিক মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠে এসেছে। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-কে। গত এক সপ্তাহ জুড়ে টলিপাড়া সরগরম হয়েছিল রাহুলের মৃত্যু কাণ্ড নিয়ে।

রাহুলের মৃত্যুর পর ঠিক কী কী ঘটল?রাহুলের মৃত্যুর পর ঠিক কী কী ঘটল?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2026,
  • अपडेटेड 3:24 PM IST
  • গত ২৯ মার্চ দিঘার তালসারিতে ভোলে বাবা পার করেগা শ্যুটিংয়ে গিয়ে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।

গত ২৯  মার্চ দিঘার তালসারিতে ভোলে বাবা পার করেগা শ্যুটিংয়ে গিয়ে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতার আকস্মিক মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠে এসেছে। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-কে। গত এক সপ্তাহ জুড়ে টলিপাড়া সরগরম হয়েছিল রাহুলের মৃত্যু কাণ্ড নিয়ে। অভিনেতার মৃত্যুর পর ৭দিন অতিক্রান্ত। এক ঝলকে দেখে নেওয়া যাক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু থেকে আজ পর্যন্ত কী কী হল। 

২৯ মার্চ, রবিবার
ভোলে বাবা পার করেগা শ্যুটিংয়ের জন্য দুদিনের আউটডোরে গিয়েছিল সিরিয়ালের টিম। তাঁদের সঙ্গেই যান সিরিয়ালের প্রধান চরিত্র উজান তথা রাহুল বন্দ্যোপাধ্যায় ও শ্বেতা মিশ্র। শনিবার একপ্রস্থ শ্যুটিংয়ের পর প্রায় সব অভিনেতাই ফিরে গিয়েছিলেন। শুধু ছিলেন শ্বেতা ও রাহুল। তাঁদের নিয়েই দিঘার তালসারিতে শ্যুটিং শুরু হয়। জানা যায়, সেখানেই শ্বেতা ও রাহুল জলের কিছুটা গভীরে চলে যান। এরপর দুজনেই জলে পড়ে গেলে শ্বেতাকে উদ্ধার করা গেলেও, অনেক পরে রাহুলকে জল থেকে তোলা হয়। দিঘা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রাহুলের। এই ঘটনা শোনা মাত্রই টলিউডে শোকের আবহ তৈরি হয়। রাহুলের বিজয়গড়ের বাড়িতে একে একে সব তারকারা আসতে শুরু করেন। রাতের দিকে আসেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। 

ছবি সৌজন্যে: ফেসবুক

৩০ মার্চ, সোমবার
তালসারির তাম্রলিপ্ত হাসপাতালে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্ত হয়। প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর ফুসফুসের ভিতরে অস্বাভাবিক পরিমাণে পাওয়া গিয়েছে বালি এবং নোনা জল। তাঁর খাদ্যনালি, শ্বাসনালি, পাকস্থলীর ভিতরেও বালি ঢুকে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। অল্প সময় নয়, বরং দীর্ঘ ক্ষণ ধরে জলের তলায় ডুবে থাকলে এমন হয়, জানাচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। অভিনেতা জলের তলায় অন্তত ঘণ্টাখানেক ডুবে ছিলেন বলে খবর। পরে ভিসেরা পরীক্ষা হবে বলেও জানা গিয়েছে। এদিনই রাহুলের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তালসারি থেকে দেহ সোজা নিয়ে আসা হয় বিজয়গড়ের বাড়িতে। রাহুলের বাড়ি সংলগ্ন ‘ভোলা বসু ভবন’-এ তাঁকে শ্রদ্ধা জানানো হয়। অভিনেতার দেহ এরপর পৌঁছায় কেওড়াতলা শ্মশানে। সেখানেই ছেলে সহজ ও প্রিয়াঙ্কা অভিনেতার শেষকৃত্য সম্পন্ন করেন। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

৩১ মার্চ, মঙ্গলবার
সোমবার রাত থেকেই ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক করা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এও শোনা যায় যে মঙ্গলবার, ৩১ মার্চ প্রিয়াঙ্কা হয়তো গল্ফগ্রিন থানায় অভিযোগও দায়ের করতে পারেন। কিন্তু সেদিন প্রিয়াঙ্কা কোনও অভিযোগ দায়ের করেননি। 

রাহুলের বিজয়গড়ের বাড়ি

১ এপ্রিল, বুধবার
এদিন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়। যেখানে বলা হয় আর্টিস্ট ফোরাম জানায় যে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে রাহুলের পরিবার, তাঁর বন্ধুরা ও গুণমুগ্ধ দর্শকেরা। তাই আর্টিস্ট ফোরামের তরফ থেকে এই দুর্ঘটনার বিষয়ে একটা স্বচ্ছ উত্তর চেয়ে প্রযোজনা সংস্থাকে চিঠি দেয়। আর এইদিনই লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স আনুষ্ঠানিক বিবৃতি জারি করে। যেখানে তারা দাবি করে যে তাদের কাছে সবকিছুর প্রমাণ রয়েছে। তদন্তকাজে প্রয়োজনীয় সমস্ত নথি ও তথ্য-প্রমাণ সরবরাহ করবে বলেও জানিয়েছে তারা। 

ছবি সৌজন্যে: ফেসবুক

২ এপ্রিল, বৃহস্পতিবার
তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ন্যায় বিচার চেয়ে ৪ এপ্রিল শনিবার টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলের আহ্বান জানানো হয়। যদিও এই মিছিলের উদ্যোক্তা কারা, সে বিষয়ে ধোঁয়াশা ছিল। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয় যে এই মিছিলে তাদের আমন্ত্রণ জানানো হয়নি। তবে কেউ অংশ নিতে চাইলে তাতে কোনও আপত্তি নেই। এরই মাঝে আর্টিস্ট ফোরামের বৈঠক চলছে ক্রমাগত। 

ছবি সৌজন্যে: ফেসবুক

৩ এপ্রিল, শুক্রবার
শুক্রবার গভীর রাতে আর্টিস্ট ফোরামের বৈঠক হয়। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার জবাবে একেবারেই সন্তুষ্ট নন আর্টিস্ট ফোরামের সদস্যরা। আর এবার তাঁরা এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন বলে জানিয়ে দেন। শনিবারই থানায় এফআইআর দায়ের হবে বলে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়।

ছবি সৌজন্যে: ফেসবুক

 

৪ এপ্রিল, শনিবার
শনিবার দুপুর আড়াইটে নাগাদ রিজেন্ট পার্ক থানায় পৌঁছান আর্টিস্ট ফোরামের প্রসেনজিৎ, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ সহ একাধিক তারকারা। ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কাও। এই থানাতে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR করে। এরপরই প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে শনিবার রাতেই তালসারি রওনা দেয় আর্টিস্ট ফোরাম। শনিবার রাত দশটা-সাড়ে দশটা নাগাদ আর্টিস্ট ফোরাম ও প্রিয়াঙ্কা সরকার তালসারি থানাতে পৌঁছায়। এই থানার অন্তর্গত তালসারিতেই শ্যুটিং হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ভোলে বাবা পার করেগা আর সেই শ্যুটিং করতে গিয়েই বেঘোরে প্রাণ হারাতে হয় রাহুলকে। শনিবার রাত ২টো নাগাদ তালসারি থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর্টিস্ট ফোরামের অন্যতম সদস্য প্রসেনজিৎ বলেন, আমরা অনেক রাতে তালসারি থানাতে পৌঁছেছি। এখানকার প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। আজকে আমাদের রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা তালসারি থানাতে অফিসিয়ালি FIR দায়ের করলেন। পরবর্তী পদক্ষেপ আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। এদিনই টেকনিশিয়ান থেকে রাধা স্টুডিও পর্যন্ত রাহুলের জন্য মিছিলও হয়, যেখানে অংশ নেন টলিপাড়ার সব তারকারা।        
 

   
 

Read more!
Advertisement
Advertisement