
শহরজুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশঃই বাড়ছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অনেকজনের। এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বোন। মঙ্গলবার মাঝরাতেই সাহেব সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন তাঁর বোনের ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার কথা। প্রয়োজন ছিল রক্তের। যার জন্য এগিয়ে এসেছিলেন অনেকেই। কিন্তু শেষরক্ষা আর হল না। মঙ্গলবার রাতেই মারা গেলেন সাহেব চট্টোপাধ্যায়ের বোন।
জানা গিয়েছে, কয়েকদিনের জন্য শহরের বাইরে গিয়েছিলেন অভিনেতা। ফিরেই হাসপাতালে ছোটেন তিনি। রক্ত জোগাড় করার চেষ্টাও করেছিলেন। মাত্র দুদিনেই এই অবস্থা। তবে দৌড়ঝাঁপ করেও বিশেষ লাভ হয়নি। অভিনেতা বআঁচাতে পারেননি তাঁর বোনকে। যদিও সাহেবের নিজের বোন নন। মাসির মেয়ে। তবে মানুষ হয়েছেন অভিনেতার বাড়িতেই। সাহেবের মায়ের কাছেই থাকতেন তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাহেব জানিয়েছেন যে মাত্র দুদিনের মধ্যে সব শেষ হয়ে গেল। মাসির মেয়ে ও সাহেব একসঙ্গেই বড় হয়ে উঠেছেন। অভিনেতার বোনের ২ মাসের একটা মেয়ে আছে। কলকাতায় এসেছিলেন অভিনেতার বোন। কিন্তু শহরে এসেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে পড়েন তিনি। মাত্র ৪০ বছর বয়স। অভিনেতা জানিয়েছেন যে দুদিনেই মাল্টিঅরগ্যান ফেল করে গিয়েছিল তাঁর বোনের। বোনের মৃত্যুতে ভেঙে পড়েছেন সাহেব।
তবে রক্ত দরকার, পোস্ট করতে না করতেই প্রচুর ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন, অনেকেই এগিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন তিনি। ফেসবুকে নিজের পোস্টেই মন্তব্যবাক্সে সাহেব লেখেন, “সবাইকে ধন্যবাদ এগিয়ে আসার জন্য। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি বুধবার ভোরে আমার বোনকে আমরা হারিয়েছি।” আপাতত তাঁর দু’মাসের ভাগ্নিকে রাখা হয়েছে সাহেবের বন্ধুর স্ত্রীর কাছে। অভিনেতার ভগ্নিপতি নয়ডায় একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত। মানসিক ভাবে ভেঙে পড়েছেন সাহেব।