
দ্বিতীয়বার মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। ছেলে কৃষিভের পর এবার পূজা কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। স্বাধীনতা দিবসের আগের দিনই অর্থাৎ ১৪ অগাস্ট মা হয়েছে পূজা। মেয়ে সন্তান আসার পর এখন পবজা ও তাঁর অভিনেতা স্বামী কুণাল বর্মার চারজনের পরিবার। জানা গিয়েছে, মা এবং মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন। সন্তান জন্মের পর অভিনেত্রী একটি মিষ্টি ভিডিও করে মেয়ের প্রথম ঝলক সকলের সঙ্গে ভাগ করেও নিয়েছেন।
হাসপাতালে ডেলিভারি হওয়ার পর মা পূজার কাছে একরত্তিকে দেওয়ার সেই ঝলক শেয়ার হতেই টলিউড ও বলিউডের অনেকেই পূজাকে অভিনন্দন জানিয়েছেন। গর্ভাবস্থার বিভিন্ন স্মৃতি থেকে শুরু করে নবজাতককে পরম আদরে আগলে রাখার মুহূর্ত তুলে ধরেছেন সেই ভিডিওতে। ক্যাপশনে লিখেছেন, ‘আমার মেয়ের প্রথম ঝলক।’ সদ্যোজাতের কপালে মায়ের স্নেহচুম্বন সকলের মন ছুঁয়ে গিয়েছে। তবে পাঞ্জাবি রীতি মেনে কন্যাসন্তানের জন্ম হওয়ার ৪০ দিন পর তাঁর নামকরণের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানিয়েছেন পূজা।
অভিনেত্রী নিজেও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে। তবে এখনই তিনি কাউকে আলাদা করে উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই বলেই জানিয়েছেন। টলিউডের পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতেও বেশ পরিচিত মুখ পূজা। চলতি বছরের ২১ এপ্রিল নিজের ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে নিয়ে হাসিমুখে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর ভাগ করেছিলেন অভিনেত্রী। এরপর ১০ মে মাতৃদিবসের দিন ছিল পূজা সাধ ভক্ষণের অনুষ্ঠান। যেখানে তাঁকে নানান পদ দিয়ে থালা সাজিয়ে দেওযা হয়।
২০২০ সালে করোনা মহামারিতেই আড়ম্বড় ছাড়াই ঘরোয়াভাবে কুণালের সঙ্গে বিয়ে সারেন পূজা। সেই বছরই জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান কৃষিভ। বিয়ের ৬ বছর পর দ্বিতীয় সন্তান এল তাঁদের সংসারে। সম্প্রতি বেবিমুনে স্বামী কুণালের সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত শেয়ার করে চর্চিত হন পূজা। মাচো মাস্তান, চ্যালেঞ্জ ২, রকি, লাভেরিয়া, হইচই আনলিমিটেড, বিবাহ অভিযান বাংলা ছবিতে কাজ করেছেন।