
বিয়ে করছেন মিমি। চলতি বছরেই টলিপাড়ায় বাজতে চলেছে নায়িকার বিয়ের সানাই। যদিও নায়িকার পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি। তবে টলিপাড়ায় মিমির বিয়ে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। মিমি দীর্ঘদিন ধরে সিঙ্গল ছিলেন। তবে এখন তাঁর সিঙ্গল থেকে মিঙ্গল হওয়ার সময়। চলতি বছরেই চারহাত এক হতে চলেছে মিমি ও তাঁর হবু বরের। একদিকে যখন মিমির হবু বর কে হতে চলেছেন, তা নিয়ে তর্চা তুঙ্গে ঠিক সেই সময়ই নায়িকা নিজেই ইঙ্গিত দিলেন যে তিনি সম্পর্কে জড়িয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ মিমি। নিজের ছোট ছোট মুহূর্তগুলিকে সকলের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন। সম্প্রতি একগুচ্ছ সেলফি শেয়ার করেছেন মিমি। যেখানে কখনও বিনা মেকআপে আবার কখনও মেকআপ করে ছবি দিয়েছেন নায়িকা। ঘরে-বাইরে মিমি কীভাবে থাকেন, তারই ঝলক শেয়ার করেছেন তিনি। তবে মিমির ছবির চেয়েও সকলের নজর কেড়েছে নায়িকার ক্যাপশন। যেখানে মিমি লিখেছেন, সেলফি কুমারি, বিনা মেকআপওয়ালা মেরা ফেভারিট অউর মেকআপওয়ালা উনকা। এই উনকা শব্দতেই চোখ আটকেছে সকলের। মিমি কি তাহলে এই উনকা শব্দের মাধ্যমে তাঁর হবু বরের কথাই বুঝিয়েছেন?
মিমির এই ছবিতে রসিকতা করে কমেন্ট করতে ভোলেননি অভিনেতা অঙ্কুশ হাজরা। তিনি মিমিকে কমেন্টেই জিজ্ঞাসা করেন, উনকাটা কে? মিমিও পাল্টা অঙ্কুশকে বলেন, নিজের চরকায় তেল দে। নেটপাড়ার কাছেও কিন্তু এই উনকা শব্দটি চোখ এড়ায়নি। নেটিজেনের অনেকেই মিমিকে কমেন্টে লিখেছেন, জামাইবাবু নাকি, আবার কেউ লিখেছেন, মিমির বয়ফ্রেন্ড। তবে নায়িকা নিজের মুখে সরাসরি কিছু জানাননি। মিমির হবু বর বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে একেবারেই জড়িত নন। তিনি নৌসেনায় কর্মরত, নাম সিদ্ধার্থ দত্ত।
শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই চারহাত এক হবে। বিয়ের আসর বসতে পারে পাহাড়ের শহর কালিম্পঙে। ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই নিমন্ত্রণের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলেও খবর। যদিও মিমির তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। নভেম্বরে মিমি ও সিদ্ধার্থ আইনি বিয়ে সারবেন। আত্মীয়-পরিজনদের মধ্যে নিমন্ত্রণ কার্ডও বিলি করা হয়ে গিয়েছে। মিমির প্রেমজীবন নিয়ে অবশ্য এর আগে কম আলোচনা হয়নি। সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেলেও মিমি নিজে সেগুলিকে কখনও বিশেষ গুরুত্ব দেননি। বরং বারবার জানিয়েছেন, কাজের বাইরে তাঁর সময় কাটে পরিবার, বই এবং পোষ্যদের সঙ্গে।
কয়েক বছর আগে বিয়ে নিয়ে প্রশ্নের উত্তরে মিমি জানিয়েছিলেন, বিয়ে করতে হলে আগে তো পাত্র খুঁজতে হবে, তার জন্য দেখা-সাক্ষাৎও করতে হবে— সেটুকু করার সময়ও নাকি তাঁর নেই। সেই ‘ব্যস্ত’ মিমির জীবনেই তবে এ বার চুপিসারে এসেছেন কেউ! সম্প্রতি প্রাক্তন প্রেমিক রাজ চক্রবর্তীর তাণ্ডব সিরিজে অভিনয় করবেন মিমি, যার শ্যুটিং শুরু হল মঙ্গলবার থেকে।