
মিমির বিয়ে নিয়ে টলিপাড়ায় এখন জল্পনা তুঙ্গে। কবে কোথায় বিয়ে, পাত্র কে, কী কী হচ্ছে, এইসব কিছু সবাই জানলেও একেবারে বলিউডি কায়দায় মুখে কুলুপ এঁটেছেন ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকা। এরই মাঝে নেটদুনিয়ায় ভাইরাল মিমির বিয়ের কার্ড। যেখানে বর-কনের কার্টুন চরিত্রের পাশাপাশি দেখা গিয়েছে অভিনেত্রীর আদরের পোষ্য সারমেয়দেরও। এই অভিনব কার্ড ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে। আর বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করতেই কী বলছেন হবু বউ মিমি?
বেশ কিছুদিন ধরেই নায়িকার শুভ পরিণয় নিয়ে আলোচনা চলছে। পাত্র কে তা এতদিনে সকলেই জেনে গেছেন। মেরিন ইঞ্জিনিয়ার মিমির হবু বরের নাম সিদ্ধার্থ। যদিও এই নিয়ে মিমি একটি বাক্য খরচ করেননি। বিয়ের প্রসঙ্গ কোনও জায়গায় উঠলেই, খুব কৌশলের সঙ্গে তিনি তা এড়িয়ে গিয়েছেন। এরই মাঝে বিয়ের কার্ড ভাইরাল নেটদুনিয়াতে। শনিবার শহরের এক পোষ্যদের ক্লিনিক উদ্বোধনে এসেছিলেন মিমি। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। আর সেখানেই বিয়ের কার্ডের অভিনবত্ব নিয়ে তাঁকে প্রশ্ন করতেই মিমি প্রথমেই বলেন যে ঠিক কার কার্ডের কথা তাঁকে জিজ্ঞাসা করা হচ্ছে। এরপরই কার্ডে পোষ্যদের সঙ্গে বর-বউয়ের ছবির এই বিষয়টি জেনে মিমি খুব অবাক হন এবং বলেন তিনি অবশ্যই এই আইডিয়াটি মাথায় রাখবেন। তবে মিমির মুখের হাসি বলে দিচ্ছিল যে তিনি সবটাই বুঝছেন, কিন্তু এখনই খোলসা করতে চাইছেন না।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই আমন্ত্রণপত্রটি বেশ অভিনব। কার্ডের উপরের অংশে আঁকা হয়েছে বাঙালি সাজে বর ও কনের ছবি। আর মিমির পশুপ্রেমের কথা মাথায় রেখেই কার্ডের নীচের দিকে জায়গা করে নিয়েছে তাঁর প্রিয় পোষ্যরাও। পাত্রের নাম ও বিয়ের তারিখ ঘিরে মুহূর্তেই শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। অনেকেই অভিনেত্রীকে আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেন। পেট-পেরেন্টস মিমির কথা মাথায় রেখেই তৈরি হয়েছে বিয়ের কার্ড। বর-কনের প্রতীকী ছবির সঙ্গে রয়েছে তিন পোষ্য সারমেয়।
জানা গিয়েছে, নভেম্বরেই আইনি বিয়ে সারবেন মিমি আর ৫ ডিসেম্বর পাহাড়ে ডেস্টিনেশন ওয়েডিং। যদিও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে পাত্রপাত্রী উভয়ের মুখেই কুলুপ। তবে ঘনিষ্ঠরা বলছেন, বিয়ের শপিং থেকে নিমন্ত্রণপত্র বিলিও নাকি চলছে জোরকদমে। সম্প্রতি মিমিকে সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোর থেকেও বের হতে দেখা গিয়েছে। তাহলে কি বিয়ের দিন সব্যসাচীর ব্রাইড হবেন মিমি? বলিউডের একাধিক তারকাদের অনুসরণ করে মিমিও নিজের বিয়ের দিন ও পাত্রের খবর একেবারে গোপনে রেখেছেন। অপেক্ষা শুধু চারহাত এক হওয়ার।