
বরাবরই আধ্যাত্মিকতায় বিশ্বাসী টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। ব্যস্ততা যতই থাকুক না কেন বাড়ির পুজোতে তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বহু বছর পর শুভশ্রীকে দেখা গেল সেই চেনা রূপে। বর্ধমানের পৈত্রিক বাড়িতে কালীপুজোয় ধুনো পোড়ানোর ঐতিহ্যবাহী রীতি পালন করলেন নায়িকা। সঙ্গে ছিলেন স্বামী রাজ চক্রবর্তী ও দুই সন্তান। তবে এবার শুভশ্রীর পাশে দেখা গেল তাঁর বড় দিদি দেবশ্রী ও নায়িকার বোনপোকেও। পরিবারের সঙ্গেই এ বছরের কালীপুজো উদযাপন করলেন তিনি।
পরনে টকটকে লাল শাড়ি, সোনার গয়না, হাতে শাঁখা-পলা ও সিঁথিতে চওড়া করে সিঁদুর। কালীপুজোর রাতে শুভশ্রীর এই সৌন্দর্য থেকে চোখ ফেরানো দায়। প্রত্যেক বছরেই শুভশ্রী এই রীতি পালন করে আসছেন। যদিও কোনও কোনও বছর ব্যস্ততার কারণে বর্ধমানের বাড়ির পুজোয় অংশ নিতে পারেননি। তবে এই বছর তাঁকে আবার সেই রীতি পালন করতে দেখা গেল। রীতি অনুযায়ী, শুভশ্রী লাল পেড়ে শাড়ি ও গয়না পরে মাথায় এবং দুই হাতে জ্বলন্ত মালসা (মাটির পাত্র) রেখে দেবীর সামনে বসেন। এরপর সেই জ্বলন্ত মালসার ওপর ধুনো দেওয়া হয়, যা থেকে তীব্র ধোঁয়া ও আগুন জ্বলে ওঠে। নায়িকাকে ঘিরে তাঁর পরিবার, পরিজন।
এ বছর অবশ্য শুভশ্রী পাশে পেয়েছেন তাঁর খুদে দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে। তারাও মায়ের এই রীতি পালন মন দিয়ে দেখছিল। এ বছর শুভশ্রীর পাশে ছিলেন তাঁর দিদি দেবশ্রী ও তাঁর ছেলে। মাসি শুভশ্রীকে ধুনো পোড়ানোর রীতি করতে সহায়তা করছিলেন দেবশ্রীর ছেলে। নায়িকার এই বিশেষ রূপটি ক্যামেরাবন্দি করতে ভোলেননি স্বামী রাজ চক্রবর্তী। বিয়ের পরও শুভশ্রী নিষ্ঠা সহকারে এই রীতি পালন করে চলেছেন। ২০২২ সালে ধুনো পোড়ানোর ভিডিও সামনে এসেছিল শুভশ্রীর, তারপর এই বছর আবার তাঁকে এই রূপে দেখা গেল।
বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত নায়িকা এখন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাণিজ্যিক ছবি থেকে শুরু করে অন্য রকমের ছবিতে শুভশ্রী বরাবর নিজেকে প্রমাণ করেছেন। এ বছরের পুজোয় দেবের সঙ্গে জুটিতে ফিরেছেন নায়িকা। যদিও তাঁদের ছবি দেশু৭ বক্সঅফিসে সেইভাবে সাড়া ফেলতে পারেনি বলেই, সিনেমা সমালোচকদের দাবি। তবে প্রশংসিত হয়েছে শুভশ্রীর অভনয়। এই মুহূর্তে একের পর এক ছবির প্রস্তাব আছে শুভশ্রীর ঝুলিতে। পাশাপাশি রাজের সঙ্গে সংসারটাও জমিয়ে করছেন লেডি সুপারস্টার।