
টলিউডের লেডি সুপারস্টার-এর বাড়িতে আজ কিন্তু দারুণ মজা। ভাইফোঁটার দিন ইউভানের কপালে ফোঁটা দেবে ছোট্ট ইয়ালিনি। আর সেই নিয়েই সকাল থেকে ব্যস্ত মা শুভশ্রী ও বাবা রাজ চক্রবর্তী। অবশেষে দাদার কপালে ছোট ছোট হাত দিয়ে ফোঁটা দিলেন শুভশ্রী-কন্যা। আর দাদা ইউভানের কাছ থেকে পেলেন উপহারও। ভাই-বোনের খুনসুটিতে ভরা সেই ভাইফোঁটার ছবি শেয়ার করেছেন লেডি সুপারস্টার।
নায়িকার বাড়িতে প্রতি বছরই জাঁক জমকের সঙ্গে পালন হয় ভাইফোঁটার উৎসবটি। রাজকে ফোঁটা দিতে আরবানার ফ্ল্যাটে আসেন তাঁর দুই দিদিরা। আর তাঁদের মেয়েরা ফোঁটা দেন রাজ-শুভশ্রীর ছেলে ইউভানকে। তবে গত দুবছর ধরে ইউভান প্রথম ফোঁটা নিচ্ছে বোন ইয়ালিনির কাছ থেকেই। আর এই বছর একটু একটু বুঝতেও শিখেছে আড়াই বছরের ইয়ালিনি। তাই ভাইফোঁটার দিন সকাল সকাল দাদা ইউভানের কপালে ফোঁটা দিল রাজ-শুভশ্রী কন্যা। এদিন ইউভান পরেছিল সাদা রঙের পাঞ্জাবি আর ছোট্ট ইয়ালিনির পরনে ছিল বিস্কুট রঙের লহেঙ্গা চোলি।
আসনের ওপর দাদা ইউভানকে বসিয়ে খুদে আঙুল দিয়ে ফোঁটা দিল ইয়ালিনি। শুধু তাই নয়, দাদার পা ছুঁতেই আশীর্বাদ করল ৬ বছরের ইউভান। খুদে দাদার চোখে-মুখে দুষ্টুমি একেবারে স্পষ্ট। শুভশ্রীর শেয়ার করা ছবিতে দেখা গেল দাদাকে আদর করছে ইয়ালিনি আর দাদার থেকে কড়কড়ে ৫০০ টাকা পেতেই কোলে চেপে আনন্দের হাসি শুভশ্রী-কন্যার মুখে। ছোট বোনকে জড়িয়ে দাদা আদর করতে ভুললো না। বোনকে আগলে রাখার দায়িত্ব তো এখন তারই ছোট্ট কাঁধে। দাদা-বোনের এই মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করে শেয়ার করেছেন শুভশ্রী। সঙ্গে ক্যাপশন দিলেন, দুষ্টুমি, খুনসুটি আর অনেকটা ভালোবাসা।
শত ব্যস্ততা সত্ত্বেও রাজ ও শুভশ্রী তাঁদের দুই সন্তানকে সময় দিতে ভোলেন না। ২০২৪ সালে ইউভান ও ইয়ালিনির প্রথম ভাইফোঁটা ছিল। তখন অবশ্য ইয়ালিনি সেভাবে কিছু বুঝতে পারেনি। কিন্তু এই বছর একটু বড় হয়েছে, তাই দাদাকে ফোঁটা দিতে পেরে খুব খুশি শুভশ্রী-কন্যা। ২০২৩ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন শুভশ্রী। এক ছেলের পর কন্যা ইয়ালিনি আসে তাঁর ও রাজের জীবনে। দুই সন্তানকে ঘিরেই এখন তাঁদের জীবন যাপন।