
টলিপাড়ার সফল নায়িকাদের মধ্যে অন্যতম শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয়, সৌন্দর্য ও নিজের আকর্ষণীয় ব্যক্তিত্বের জেরে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি শুভশ্রী দুই সন্তানের মাও। সংসার ও কেরিয়ার খুব সুন্দরভাবে ব্যালেন্স করেন নায়িকা। বর্ধমান জেলার এক সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের প্রতিভা ও পরিশ্রমের জোরে বিনোদন জগতে প্রতিষ্ঠা পাওয়ার গল্পই শুভশ্রীর জীবনকে করে তুলেছে অনুপ্রেরণার। আজ ৩ নভেম্বর শুভশ্রীর জন্মদিন। উইকিপিডিয়া বলছে শুভশ্রীর বয়স ৩৫ বছর। আসুন জেনে নিন তাঁর শিক্ষাগত যোগ্যতা কী?
শুভশ্রীর শিক্ষাগত যোগ্যতা
বর্ধমানের মধ্যবিত্ত পরিবারের মেয়ে শুভশ্রী। ছোট থেকে অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে পড়াশোনা করতেন শুভশ্রী। ২০০৬ সালে দশম শ্রেণী পাশ করার পর তাঁর জীবনের মোড় ঘুরে যায়। জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘আনন্দলোক নায়িকার খোঁজে’-তে অংশ নেন শুভশ্রী। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে খুব অল্প বয়সেই নিজের প্রতিভার পরিচয় দেন তিনি। সেই সাফল্যই তাঁকে মডেলিংয়ের জগতে পা রাখার সুযোগ করে দেয়। তবে এরপর তিনি আর পড়াশোনা করেছিলেন কিনা, সেই বিষয়ে তেমন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নায়িকার উচ্চশিক্ষা
কিছু অসমর্থিত তথ্য বলছে, শুভশ্রী পরে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে B.Tech ডিগ্রি অর্জন করেছেন। যদিও এই বিষয়ে সঠিকভাবে কোনও তথ্য নেই। তাই একরকমভাবে ধরে নেওয়া যায় যে শুভশ্রী দশম শ্রেণী পর্যন্তই পড়াশোনা করেছেন এবং তারপরে বিনোদন জগতে পা রাখেন তিনি। শুভশ্রীর চলচ্চিত্রে হাতেখড়ি বাংলা সিনেমা দিয়ে নয়। ওড়িয়া ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ধীরে ধীরে বাংলা চলচ্চিত্র জগতে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন।
কেরিয়ার
শুভশ্রী পিতৃভূমি ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে টলিউডে পা রাখেন। কিন্তু খুব তাড়াতাড়ি নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের নজরে পড়েন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নায়িকাকে। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ এবং ‘পরান যায় জ্বলিয়া রে’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। পরবর্তীতে ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সফল ছবিতে তাঁর অভিনয় তাঁকে টলিউডের জনপ্রিয় নায়িকাদের তালিকায় নিয়ে আসে। বাণিজ্যিক ছবির সঙ্গে সঙ্গে শুভশ্রী অন্য ঘরানার ছবিতেও নিজেকে প্রমাণ করেছেন। ধর্মযুদ্ধ কিংবা পরীণিতা অথবা বৌদি ক্যান্টিন, ইন্দুবালা ভাতের হোটেল, অনুসন্ধান সহ একাধিক সিনেমা-সিরিজে শুভশ্রী বুঝিয়েছেন তিনি জাত অভিনেত্রী।
সংসার ও অভিনয় ব্যালেন্স
অতীতে দেবের সঙ্গে সম্পর্ক থাকলেও তা ভেঙে যায়। ২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেন নায়িকা। এখন দুই সন্তানের মা শুভশ্রী একই সঙ্গে কেরিয়ার, সংসার ও মায়ের ভূমিকা খুব সুন্দরভাবে পালন করে চলেছেন।