Advertisement

Raj Chakraborty: 'শিল্পীদের সুরক্ষা দেওয়া হয়', সেফটির দাবিতে কর্মবিরতির মধ্যেই উল্টো দাবি রাজের

রাজের এই মন্তব্যের পরই পরিচালককে তীব্রভাবে ট্রোলের মুখে পড়তে হয়। প্রসঙ্গত, টলিপাড়ার একাংশ রাহুলের এই মৃত্যুর ঘটনার পর শ্যুটিং সেটে কেন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকে না, তা নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে গোটা টলিউডকে।

টলিপাড়ার কর্মবিরতির মাঝেই রাজের গলায় অন্য সুরটলিপাড়ার কর্মবিরতির মাঝেই রাজের গলায় অন্য সুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 2:18 PM IST
  • মঙ্গলবার সকাল থেকে জনশূণ্য টালিগঞ্জের বিভিন্ন স্টুডিও।

মঙ্গলবার সকাল থেকে জনশূণ্য টালিগঞ্জের বিভিন্ন স্টুডিও। আজ থেকে শুরু হয়েছে টলিউড ও টেলিপাড়ার কর্মবিরতি। সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গিয়েছিল, সেকথা জানিয়েও দিয়েছিল আর্টিস্ট ফোরাম। দিঘার তালসারিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর জেরে অনেক প্রশ্ন সামনে এসেছে। কেন কোনও সুরক্ষা ছাড়া শিল্পীরা দিনের পর দিন কাজ করে চলেছেন, কেন পুলিশের অনুমতি নেওয়া হয়নি ওইদিনের শ্যুটিংয়ে, এই ধরনের অনেক প্রশ্ন সামনে এসেছে। আর এই নিয়ে যখন টলিপাড়া উত্তাল, সোশ্যাল মিডিয়ায় চলছে একের পর এক কটাক্ষ, ঠিক তখনই বড়সড় পদক্ষেপ করল আর্টিস্ট ফোরাম। যতদিন না শিল্পী ও সিরিয়াল-সিনেমার সঙ্গে কর্মীদের নিরাপত্তা সুরক্ষিত না হচ্ছে, ততদিন এই কর্মবিরতি চলবে। মঙ্গলবার একটি এসওপি স্বাক্ষর হওয়ার কারণে এদিন সকাল থেকে টেকনিশিয়ান স্টুডিওতে জড়ো হতে থাকেন অভিনেতা-অভিনেত্রী, পরিচালক-প্রযোজকর। আর এরই মাঝে আর্টিস্ট ফোরামের সিদ্ধান্তের উল্টোপথে হাঁটলেন চিরদিনই তুমি যে আমার ছবির পরিচালক রাজ চক্রবর্তী।    

এক সাক্ষাৎকারে পরিচালক রাজ চক্রবর্তী বলেন, 'যেহেতু আমি বাইরে রয়েছি নির্বাচনের প্রচারে, যেটুকু সোশ্যাল মিডিয়াতে দেখছি, যেটুকু আমার কাছে খবরা খবর আসছে, যে একটা সেফটি সিকিউরিটি নিয়ে কথা হচ্ছে। আমার এখানে একটা কথা আছে। আমরা কি তাহলে এতদিন ধরে শিল্পীদের নিরাপত্তা দিচ্ছিলাম না? এটা হতে পারে? আমরা যখন কাজ করছিলাম, তখন কি শিল্পীদের নিরাপত্তা দিই নি?' এরপর রাজ বলেন, 'একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেখান থেকে আমাদের চোখ খুলে গেছে। আমাদের আরও সুরক্ষার দিকে নজর দিতে হবে। কিন্তু আমরা যথাযথ সুরক্ষা বিধি মেনেই কাজ করেছি। এত বছর ধরে কাজ করেছি। অবশ্যই প্রত্যেকটা সুরক্ষা নিরাপত্তা মেনেই কাজ করেছি বা যে করেছে সে নিজের নিরাপত্তা রেখেই কাজ করেছে।' 

পরিচালক ও ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী বলেন, 'হতে পারে যে সেটা আরও বাড়ানোর প্রয়োজন আছে, যেগুলো করলে আরও ভাল হবে, সেগুলো অবশ্যই হবে। কিন্তু কোনও সুরক্ষা বিধি ছিল না, মানতে নারাজ। সব সুরক্ষা নিরাপত্তা ছিল। আমরা সব সময় একটা অনুমতি নিয়ে কাজ করি, সবকিছুর প্রোটোকল আছে, যে প্রোটোকলের মধ্যে কাজ করা উচিত। শুধু নিয়ম নয়, নিয়মের বাইরেও আমি একটা মানুষ, এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে আমি যাচ্ছি, অবশ্যই ছিল। সেফটি সিকিউরিটি না নিয়ে গেছি, হতে পারে না। যদি আরও সুরক্ষা বিধির প্রয়োজন হয়, সেটা আলোচ্য বিষয়। কিন্তু এটা মানতে নারাজ কোনও সুরক্ষা বিধি ছিল না।' 

Advertisement

রাজের এই মন্তব্যের পরই পরিচালককে তীব্রভাবে ট্রোলের মুখে পড়তে হয়। প্রসঙ্গত, টলিপাড়ার একাংশ রাহুলের এই মৃত্যুর ঘটনার পর শ্যুটিং সেটে কেন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকে না, তা নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে গোটা টলিউডকে। আর যে কারণে মঙ্গলবারের এই কর্মবিরতির ডাক। যদিও এদিন টেকনিশিয়ান স্টুডিওর বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায় রাজের স্ত্রী তথা নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।  

Read more!
Advertisement
Advertisement