
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দীর্ঘ কেরিয়ার জীবন। কর্মাশিয়াল ছবি থেকে অন্য রকমের ছবি, প্রসেনজিৎ নিজেকে কখনও ভেঙেছে আবার কখনও বা গড়েছে। বাংলা ইন্ডাস্ট্রির কঠিন সময়ে নিজে দায়িত্ব নিয়ে হাল ধরেছিলেন সকলের প্রিয় বুম্বা দা। যেটা এখনও বজায় রেখেছেন। এখনও ইন্ডাস্ট্রির যে কোনও ধরনের সমস্যা সমাধানে সবার আগে এগিয়ে আসেন প্রসেনজিৎ। তবে তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই চর্চায় থেকেছে। প্রথমে দেবশ্রী, তারপরে অপর্ণা গুহঠাকুরতা, দুটো বিয়েই অসফল। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খুব স্পষ্ট জবাব দিয়েছেন প্রসেনজিৎ। তবে বর্তমান স্ত্রী অর্পিতাকে নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ তাঁর তৃতীয় বিয়ে টিকে থাকার সিক্রেট শেয়ার করলেন।
২০০২ সালে অর্পিতা পালকে বিয়ে করেন প্রসেনজিৎ। গত দুদশকের বেশি সময় ধরে তাঁদের সংসার। প্রসেনজিৎ-অর্পিতার ছেলে তৃষাণজিৎ। গত কয়েক বছরে তারকা দম্পতির দাম্পত্যে চিড় ধরা নিয়ে কম গুঞ্জন হয়নি। অর্পিতাকে এখন বেশিরভাগ সময় মুম্বইতে থাকতে হয়। মাঝে মধ্যে কলকাতায় আসেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অর্পিতার সঙ্গে দাম্পত্য সমীকরণ নিয়ে মুখ খুললেন সকলের প্রিয় বুম্বাদা। আর সেখানেই স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা।
প্রসেনজিৎ বলেন, অর্পিতা চট্টোপাধ্যায়...ওকে সম্মান করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে রয়ে গেছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও আমাকে সহ্য করছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি। আর ও খুব ভাল একজন অভিনেত্রীও বটে। প্রসেনজিৎ-এর এই মন্তব্য সামনে আসার পর অনেকেই মনে করছেন এবার হয়তো প্রসেনজিৎ ও অর্পিতার মধ্যে দূরত্ব ঘুচে গিয়েছে। এমনিতে খুব কম সময়ই তাঁদের দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া যায়। লক্ষ্মীপুজোতে প্রসেনজিৎ-এর বাড়ি উৎসব-এ দেখা মিলল অর্পিতার। একফ্রেমে বরের সঙ্গে আদুরে মুহূর্তে ধরা দিয়েছিলেন তিনি।
প্রসেনজিৎ প্রথম বিয়ে করেন নায়িকা দেবশ্রী রায়কে। তাঁদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পর্দায় হিট জুটি ছিলেন তাঁরা। কিন্তু দেবশ্রীর সঙ্গে প্রথম বিয়ে টেকেনি অভিনেতার। এরপর প্রসেনজিৎ বিয়ে করেন অপর্ণা গুহঠাকুরতাকে, তাঁদের একটি মেয়েও রয়েছে। কিন্তু সেই বিয়েও খুব বেশিদিন স্থায়ী হয়নি। এখন অভিনেতার দ্বিতীয় স্ত্রী ও মেয়ে বিদেশে রয়েছেন। মেয়ে প্রেরণার সঙ্গে কোনও সম্পর্ক নেই প্রসেনজিতের। এরপর ২০০২ সালে অর্পিতার সঙ্গে বিয়ে করেন প্রসেনজিৎ। প্রায় ২৪ বছরের বিবাহিত জীবন প্রসেনজিৎ-অর্পিতার।