
বাংলা ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে দিঘার তালসারিতে জলে ডুবে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। হঠাৎ করে এই মৃত্যু গোটা বাংলা ইন্ডাস্ট্রিতে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। রাহুলের মৃত্যুর পর সেভাবে ইন্ডাস্ট্রির তথাকথিত সংগঠনগুলোর পক্ষ থেকেও সেভাবে কোনও সাড়া পাওয়া যায়নি। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হলেও, তা নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। টলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রীরা রাহুলের এই মৃত্যুর পিছনে প্রযোজনা সংস্থার গাফিলতিকেই দায়ি করছেন বারংবার। উপরন্তু প্রযোজক সংস্থার তরফে অবশেষে একটি বিবৃতি আসার সঙ্গে-সঙ্গে রাগে ফেটে পড়েন টলিপাড়ার কিছু অভিনেতারা। এরই মাঝে জাস্টিস ফর রাহুল নামে একটি পোস্টার দেখা যায়, যেখানে রাহুলের মৃত্যুর ন্যায়বিচার চেয়ে পথে নামার ডাক দেওয়া হয়। কিন্তু কারা এই ডাক দিয়েছেন সেই বিষয়টা ধোঁয়াশাই ছিল। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম-এর পক্ষ থেকে বৃহস্পতিবার রাতেই জানিয়ে দেওয়া তাঁরা এর সঙ্গে যুক্ত নন। তাহলে কারা ডাকল?
সম্প্রতি পরিচালক ও বাম সমর্থক সৌরভ পালোধি একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে রাহুলের জন্য ন্যায়বিচার চেয়ে পথে নামার ডাক কারা দিয়েছেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে। জনৈক অনির্বাণ মাইতি তিনি এক পোস্টের মাধ্যমে বলেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জন্য জাস্টিস চেয়ে মিছিলের উদ্যোক্তা কারা এই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সবাইকে পরিষ্কার করে জানাই এই মিছিলের ডাক কোনও সংগঠন দেয়নি। এই মিছিলের ডাক দিয়েছেন রাহুলের বন্ধুরা। যারা মনে করছেন এই চূড়ান্ত নির্বাচনী আবহে রাহুলের তদন্তের দাবি চাপা পড়ে যাচ্ছে। তাই এই মিছিলের ডাক দিচ্ছি আমিও। আমার সঙ্গে কে থাকবেন জানি না, যদি কেউ না থাকেন, আমি একা থাকবো শনিবার বিকেল ৪টে টেকনিশিয়ান স্টুডিওতে।
তিনি এও বলেন, হতেই পারে এই দাবি হাইজ্যাক করে নিল কোনও রাজনৈতিক দল, সে যখন হবে তখন দেখা যাবে, তখন সেই পরিস্থিতির ওপর ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। যারা সেদিন আসবেন তারা সকলেই সেদিনের মিছিলের আহ্বায়ক। তারা কমেন্ট বক্সে সোচ্চারে ঘোষণা করতে পারেন, আমি রাহুলের বন্ধু, এটা আমার মিছিল। যদিও এর আগে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মিছিলে তাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তবে কোনও অভিনেতা-অভিনেত্রীরা অংশ নিতে চাইলে তাতে আর্টিস্ট ফোরামের কোনও আপত্তি নেই।
ইতিমধ্যেই এই উদ্যোগে সামিল হওয়ার কথা জানিয়েছেন অরিন্দম শীল, ইন্দ্রদীপ দাশগুপ্ত, দেবপ্রতীম দাশগুপ্ত, প্রযোজক রানা সরকার, স্বরূপ বিশ্বাস, যিশু সেনগুপ্ত, কাঞ্চন, অনির্বাণ ভট্টাচার্য সহ আরও অনেক টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। এছাড়াও টলিপাড়ার অনেকেই হাজির হবেন। সাধারণ মানুষও যোগ দিতে পারেন শনিবারের এই মিছিলে। টেকনিশিয়ান থেকে শুরু করে এই মিছিল শেষ হবে রাধা স্টুডিও পর্যন্ত। সূত্রের খবর, শনিবার বিকেলে কিছু সময়েক জন্য শ্যুটিং বন্ধ রাখার অনুরোধ করা হবে। টলিপাড়ার একাধিক জনপ্রিয় মুখদের এদিন দেখা যেতে পারে।