
'একবার বলো উত্তম কুমার...।' সিনেমায় চিন্ময় রায়ের মুখে এই সংলাপ শোনা গেলেও আদতে কোনও না কোনও সময়ে এমনটা ভেবেছেন অনেক বাঙালি পুরুষই। আসলে বাঙালির কাছে উত্তম কুমার এক চিরকালীন ম্যাজিক, স্বপ্নের নায়ক। সেই দশকের বাঙালি মেয়েরাও নিজেদের শয়নে-স্বপনে দেখতেন সদা হ্যান্ডসম এই নায়ককে। আর মনে মনে নিজেদের ভাবতেন নায়িকা সুচিত্রা। তবে এবার আর ভাবনা নয়, বাস্তবেই সেজে নিতে পারেন 'কৃষ্ণেন্দু আর রিনা ব্রাউন'। কিংবা 'অরুণ আর সাগরিকা'। সিনেমার লুক ফুটিয়ে তুলতে পারলেই হাতে হাতে পুরস্কার। কোথায় হচ্ছে এমন প্রতিযোগিতা।
শুনতে অবাক লাগলেও উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এমন অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছে খোদ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর।
কীভাবে হবে এই প্রতিযোগিতা?
নাম রাখা হয়েছে 'মহানায়ক ও মহানায়িকা' আকর্ষণীয় যুগল প্রতিযোগিতা। মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনের আবেগে যুগলকে সাজতে হবে উত্তম ও সুচিত্রার মতো। এই ক্লাসিক জুটির স্টাইলে সেজে অংশ নিতে হবে আকর্ষণীয় যুগল প্রতিযোগিতায়।
মহানায়ক ও মহানায়িকার লুকে উত্তম-সুচিত্রার জনপ্রিয় কোনও সিনেমার চরিত্র ফুটিয়ে তুলতে পারলেই কেল্লাফতে। সেরা ৩ জন জুটিকে বেছে নেবে রাজ্য সরকার। তাঁদের হাতে তুলে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
কীভাবে অংশ নেবেন প্রতিযোগিতায়?
অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন মাস্ট। ৪ এবং ৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন পর্ব। নন্দ প্রাঙ্গনে হবে এই রেজিস্ট্রেশন।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজ্য সরকারের উদ্যোগে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মশতবর্ষে মহানায়ক উদযাপন। নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুভেন্দু অধিকারী সরকারের তরফে। তার মধ্যেই রয়েছে এই অভিনব মহানায়ক মহানায়িকা আকর্ষণীয় যুগল প্রতিযোগিতা। দারুণ সব পুরস্কার রয়েছে বিজেয়ীদের জন্য। ফলে উত্তম-সুচিত্রা অনুরাগীরা সহজেই সেজে ফেলতে পারেন 'কৃষ্ণেন্দু-রিনা ব্রাউন'। আর আপনার সাজ উত্তম-সুচিত্রার মতো হলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার।
বৃহস্পতিবার সকালে মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বরে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। সেখানে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বাংলা বিনোদন জগতের একাধিক তারকা। সেখানে বিশেষ ভাবে নজর কাড়েন ঋতুপর্ণা সেনগুপ্ত। পরনে ছিল ঘিয়েরঙা শাড়ি এবং মেরুন রঙের লম্বাহাতা ব্লাউজ। তবে শাড়িটির বিশেষত্ব ছিল তার নকশায়। গোটা পাড়জুড়ে ছাপা ছিল উত্তমকুমার ও সুচিত্রা সেনের জনপ্রিয় সিনেমাগুলির নানা চরিত্র। শাড়ির আঁচলে ফুটে উঠেছিল তাঁদের কালজয়ী ছবি ‘এই পথ যদি না শেষ হয়’-এর দৃশ্য। হাসিমুখে বাইকে চড়ে উত্তম-সুচিত্রার সেই পরিচিত মুহূর্ত এদিনের অনুষ্ঠানে ছিল শো-স্টপার।