
ইন্ডাস্ট্রিতে দুই সুপারস্টার জিৎ বনাম দেব-এর ঠান্ডা লড়াইয়ে সরগরম ছিল টলিউড। জিৎ একাধিক সাক্ষাৎকারে দেবকে নিয়ে পরোক্ষভাবে মন্তব্য করলেও দেব সেখানে মুখে কুলুপ এঁটেই ছিলেন। এমনকী ১৪ অগাস্ট জিতের 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবির প্রিমিয়ারে সব তারকাদের দেখা গেলেও, দেখতে পাওয়া যায়নি দেবকে। এমনকী ওইদিনই দেবের 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' মুক্তির কথা থাকলেও, দেব আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে তাঁর এই ছবি ১৪ অগাস্ট মুক্তি পাবে না। আর তারপরই ইন্ডাস্ট্রিতে দেব ও জিতের মধ্যে অদেখা দূরত্বের সৃষ্টি হয়। এমনকী কিছুদিন আগেও এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চেও তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গেলেও কেউ কারোর সঙ্গে কথা পর্যন্ত বলেননি। কিন্তু মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষ্যে একেবারে উল্টো দৃশ্য ধরা পড়ল। দেব-জিতের মধ্যেকার সমীকরণ আমূল বদলে গিয়েছে। শুধু তাই নয়, একসঙ্গে ঝালমুড়ি ভাগ করে খাচ্ছেন দেব-জিৎ। সেই ভিডিও ভাইরাল নিমেষে।
দেব-জিতের ঝালমুড়ি খাওয়া
উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে বাংলা ইন্ডাস্ট্রিকে সঙ্গে নিয়ে ৪ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রবিবার ছিল সেই অনুষ্ঠানের শেষদিন। যেখানে সব তারকারা মহানায়কের হিট গানে পারফর্ম করেন। দেব-জিৎও হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। গোটা দিন ধরেই তাঁদেরও ধকল কম যায়নি। আর শেষদিনের অনুষ্ঠানকে আরও ভাল করতে বিকেল থেকেই ছিল তোড়জোড়। আর সেই ফাঁকেই জিৎ ঝালমুড়ি এনে দেবের দিকে এগিয়ে দেন, আর দেবও ঝালমুড়ির ঠোঙা থেকে একমুঠো নিয়ে খেয়ে ফেলেন। এই দৃশ্য দেখে কে বলবে কিছুদিন আগেও দেব-জিৎ একে-অপরের সঙ্গে কথা পর্যন্ত বলতেন না। তবে এই অনুষ্ঠানের দিনগুলোতে দেব ও জিৎকে একসঙ্গে দেখা গিয়েছে, তাঁরা আড্ডা দিচ্ছেন, কখনও প্রসেনজিতের সঙ্গে গল্প করছেন।
লালে লাল দেব-জিৎ
রবিবার উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষ্যে দেব ও জিৎ দুজনেই পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। দেব পরেছিলেন, লাল পাঞ্জাবি এবং সাদা ধুতি। অন্যদিকে, জিতের পরনে ছিল লাল কুর্তা ও সাদা পাজামা। দুজনের পোশাকের এই সামঞ্জস্য আলোচনায়। একফ্রেমে তাঁরা ছবিও তুলেছেন। যদিও দেব বরাবর বলে এসেছেন যে তাঁদের দুজনের মধ্যে কোনও ঝামেলা নেই।
বরফ গলেছে দেব ও জিতের
এখন আর দেব বনাম জিৎ নয়, বরং দেব-জিৎ পাশাপাশি। সম্প্রতি জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছিলেন দেব। জিতের পাশে বসেই দেখেছেন ছবি। এমনকী দেবের ফ্যানেরা যখন জিৎকে কটাক্ষ করে পোস্ট করছিলেন, রুখে দাঁড়িয়েছিলেন দেব। জিৎ তাঁর বড় দাদার মতো, এ কথা সব সময়ই বলেছেন দেব। জিৎ ও দেবকে একসঙ্গে দুই পৃথিবী ছবিতে দেখা যায়, এরপর দুজনে আর কোনও ছবিতে কাজ করেননি। তবে ভবিষ্যতে তাঁরা একসঙ্গে কাজ করবেন কিনা, তা সময়ই বলবে।