
খুব বেশি সিনেমা তাঁরা একসঙ্গে করেননি। হাতে গোনা মাত্র চারটে ছবি। 'দুই ভাই', 'বধূ', 'নবদিগন্ত' আর 'ডাক হরকরা'। কিন্তু বিশুর সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বন্ধুত্ব কিন্তু আজও অটুট। বিশু অর্থাৎ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এত বছর পরেও সেই সম্পর্ক যে একটুও ফিকে হয়নি তা আবারও প্রমাণ হল। বহু বছর ধরেই মুম্বইতে বসবাস বিশ্বজিতের। যদিও ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কলকাতাতেই থাকেন। বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীদের সম্মান ও শ্রদ্ধা কী করে করতে হয়, তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খুব ভাল করে জানেন। প্রসেনজিতের প্রযোজনায় পরবর্তী ছবি 'অনেকদিন পর' আসছে। আর এই ছবির জন্য ইন্ডাস্ট্রির সব বর্ষীয়ান মানুষদের কাছে আমন্ত্রণ জানাতে পৌঁছে যাচ্ছেন সকলের প্রিয় বুম্বা। আর সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে এক নস্টালজিয়া তৈরি করলেন প্রসেনজিৎ। বাবা বিশ্বজিৎ-এর সঙ্গে কথা বলিয়ে দিলেন অভিনেত্রীর।
কী কথা হল দুই বর্ষীয়ান তারকাদের মধ্যে? প্রসেনজিৎ একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, প্রসেনজিৎ তাঁর বাবাকে ফোনে নিয়ে তা ধরিয়ে দিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের হাতে। আর নিজে চা খেতে খেতে সেই কথোপকথন উপভোগ করতে শুরু করলেন। প্রিয় বিশুর সঙ্গে কথা বলতে গিয়ে যেন পুরনো দিনে ফিরে গেলেন সাবিত্রী। একের পর এক স্মৃতিতে ডুব দিলেন বর্ষীয়ান অভিনেত্রী। শ্যুটিং থেকে থিয়েটার অনেকটা সময় তাঁরা একসঙ্গে কাটিয়েছেন।
ফোনের ওপারে বিশ্বজিৎকে সাবিত্রী বললেন, কেমন আছ? তুমি সেই যে মুম্বই গেছ, কলকাতায় এলে তো আর একবার আমার সঙ্গে দেখা করতেও আসো না। এখন বলছো ফোনের এপার থেকে আমার গলা শুনে ভালো লাগছে। এবার যদি তুমি আমার সঙ্গে দেখা করতে না আসো, তাহলে আমি যাব তোমার সঙ্গে দেখা করতে। এরপরই মজার কথা বলেন সাবিত্রী। বিশ্বজিৎকে বলেন, আগে তোমার সঙ্গে ডেট করতাম, এখন তোমার ছেলের সঙ্গে করব ভাবছি। সাবিত্রীর এই কথা শুনে পাশে বসা প্রসেনজিৎ হেসে ফেলেন। এরপর বিশ্বজিৎ ফোনের ওপার থেকে সাবিত্রীকে বলেন তিনি এভারগ্রিন। দুই স্বর্ণযুগের অভিনেতা-অভিনেত্রীর কথোপকথন যে ভালই জমে উঠেছিল তা বলার অপেক্ষা রাখে না।
প্রসেনজিৎ জানিয়েছেন, এবার তাঁর বাবা কলকাতায় ফিরলে তাঁদের জন্য এক আড্ডার ব্যবস্থা করে দেবেন তিনি। যেখানে সমস্ত বয়স্ক অভিনেতা অভিনেত্রীরা তাঁর বাড়িতে বসেই আড্ডা মারবেন। হিন্দি সিনেমার হ্যান্ডসম হিরো ছিলেন বিশ্বজিৎ। একের পর এক হিন্দিতে তিনি গৃহিট ছবি উপহার দিয়েছেন। সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব-সম্পর্ক যে সেই আগের মতোই আছে, তা বলাই বাহুল্য। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সকলের বেশ ভাল লেগেছে।