
মুসলিম পরিবারে জন্ম হলেও শাবানা আজমি নিজেকে ধর্মীয় গোঁড়ামি থেকে বরাবরই দূরে রেখেছেন। এমনিতে অভিনেত্রী তাঁর স্পষ্ট কথা বলার জন্য বেশ পরিচিত। মাঝে মধ্যেই তাঁর মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। সম্প্রতি ধর্ম, হিজাব ও বোরখা পরা নিয়ে শাবানা আজমির মন্তব্য আবারও বিতর্কের সৃষ্টি করেছে। শাবানা জানিয়েছেন যে তিনি ধর্মীয় আচার-রীতি পালন না করলেও, সাংস্কৃতিকভাবে নিজেকে মুসলিম বলে মনে করেন।
শাবানা জনপ্রিয় কবি ও গীতিকার কাইফি আজমি ও অভিনেত্রী শওকত আজমির কন্যা। বিয়েও হয়েছে খ্যাতনামা গীতিকার, লেখক ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের সঙ্গে। জাভেদ নিজেও মুসলিম পরিবারে বড় হয়ে উঠলেও, তিনি নিজেকে নাস্তিক বলেই পরিচয় দিয়ে থাকেন। অর্ধাঙ্গিনী শাবানাও খানিকটা সেই পথেরই পথিক। সম্প্রতি এক পডকাস্টে এসে শাবানা ফের ইসলাম ধর্মের সংবেদনশীল বিষয় হিসাব ও বোরখা নিয়ে অকপট নিজের মত প্রকাশ করেন।
শাবানা ওই পডকাস্টে এসে স্পষ্ট বলেন, 'কোরানে কোথাও বলা নেই যে এভাবে বোরখা পরতে হবে। এতে শুধু বলা হয়েছে চোখে শালীনতা ও সম্মান থাকতে হবে। এটা পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য়।' অভিনেত্রীর মতে, 'কিছু দালাল ধর্মীয় শিক্ষাকে বিকৃত করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি বলেন, কোরানে নারীদের জন্য পর্দার বিধান ধর্মের প্রকৃত শিক্ষাকে বিকৃত করে।' শাবানা আরও বলেন, 'আমি বোরখা পরি না, কিন্তু কেউ যদি এসে বলে যে আমি বোরখা পরতে পারব না, তাহলে আমি তিনটে বোরখা পরবো। তুমি কে এটা বলার? তবে ধর্মনিরপেক্ষতার আড়ালে মৌলবাদ ছড়ানোও ঠিক নয়।'
তবে এই প্রথমবার নয়। শাবানা এর আগেও বহু সাক্ষাৎকারে ইসলাম নিয়ে তাঁর নিজের মত প্রকাশ করতে পিছুপা হননি। ২০২২ সালে কর্ণাটকের উদুপিতে হিজাব পরার কারণে ৬ জন ছাত্রীকে কলেজে ভর্তি না নেওয়ার অভিযোগেও সরব হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। শাবানা এবং জাভেদ দুজনেই হিজাব পরার এই প্রথাকে একেবারেই সমর্থন করেন না। তবে তাঁরা স্বামী-স্ত্রী দুজনে এটা মনে করেন যে ধর্মনিরপেক্ষতার বিরোধী হিন্দুত্ববাদী শক্তিগুলোর এই বিষয়ে অন্যের পোশাকের সমালোচনা করার কোনো নৈতিক অধিকার নেই।
কিছুদিন আগেও এক পডকাস্টে শাবানা নিজের বেড়ে ওঠা, ধর্মীয় বিশ্বাস নিয়ে মুখ খুলেছিলেন। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে তাঁর বাবা নাস্তিক আর মা কিছুটা ধর্মাচরণ করতেন বটে। কিন্তু শাবানা কোনওদিনই ধর্মের গোঁড়ামিতে আবদ্ধ ছিলেন না। ইসলাম ধর্ম এবং নিজের সাংস্কৃতিক শিকড় সম্পর্কে শাবানার মত, 'হ্যাঁ, আমি মুসলিম। আমার ইদ ভালো লাগে, উর্দু ভাষা ভালো লাগে, খাবারও ভালো লাগে। কিন্তু আমরা নমাজ পড়ি না এবং ধর্মের সঙ্গে আমাদের সেই অর্থে কোনও সম্পর্ক নেই।'