
গত বছর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের মঞ্চ আলো করে থাকতেন টলিউড ও টেলিভিশন জগতের তারকারা। দেব, সোহম, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যেত ছোটপর্দার সৌমিতৃষা, পিয়া, সোহেল, তিয়াসা, ভিভান ঘোষদের মতো জনপ্রিয় মুখদের। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের চালচিত্র একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে। বিজেপি সরকার আসার পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরেছে। এক এক করে সব তারকারাই মমতার তৃণমূল থেকে দুরত্ব বাড়িয়ে দিয়েছেন। তাই এ বছরের ২১ জুলাই মঞ্চ কার্যত ছিল তারকাহীন। আর এই পরিস্থিতিতে টেলি অভিনেতা ভিভান ঘোষ স্পষ্ট করলেন কেন তাঁকে দেখা যায়নি কালীঘাট তৃণমূলের ২১ জুলাই মঞ্চে?
ছোটপর্দার ময়না ও অর্ণব বন্দ্যোপাধ্যায় ছাড়া মমতার ২১ জুলাই মঞ্চে আর কোনও তারকাদেরই দেখা যায়নি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা কিন্তু তুঙ্গে। চিরসখা সিরিয়াল খ্যাত বুবলাই তথা ভিভানকে এক সময় দেখা যেত ২১ জুলাই মঞ্চ সহ প্রাক্তন রাজ্য সরকারের একাধিক অনুষ্ঠানে। কিন্তু রাজ্যে প্রত্যাবর্তনের পর সেই মমতার ২১ জুলাই মঞ্চে দেখা গেল না ছোটপর্দার এই অভিনেতাকে। যার জন্য তাঁকে নেটদুনিয়ায় রীতিমতো ট্রোলের শিকার হতে হয়েছে। তারই মাঝে ভিভান একটি ইঙ্গিকপূর্ণ পোস্ট করেন, যা দেখে মনে হয়েছিল যে তিনি ঋতব্রত শিবিরকে কটাক্ষ করেছেন। যদিও পরে সেই পোস্ট তিনি সরিয়ে ফেলেন। এইসবের মধ্যে ভিভান জানালেন তাঁকে কেন দেখা যায়নি মমতার ২১ জুলাই মঞ্চে?
এক সংবাদমাধ্যমকে ভিভান বলেন যে, এই বছর তাঁদের কাছে কোনও অফিসিয়ালি আমন্ত্রণপত্র পাঠানো হয়নি, যেটা প্রতি বছর ২১ জুলাইয়ের আগে পাঠানো হতো। পার্টির অনুষ্ঠানগুলিতে আমন্ত্রণ পাঠানো হতো কখনও অরূপ বিশ্বাসের অফিস থেকে, কখনও রাজ চক্রবর্তীর অফিস থেকে আবার কখনও দোলা সেনের দফতর থেকে। অভিনেতা জানান যে কার্নিভাল বা অন্য কোনও সরকারি অনুষ্ঠানে যাওয়ার জন্য নবান্ন থেকে চিফ সেক্রেটারির সই করা চিঠি আসতো সব তারকাদের কাছে। কিন্তু এ বছর কোনও আমন্ত্রণপত্র আসেনি বলে জানিয়েছেন চিরসখার বুবলাই। তাই ২১ জুলাই মঞ্চে কোনও তারকাদের দেখা যায়নি। এরই পাশাপাশি ভিভান এও জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবা যায় না। ভিভান বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা শ্রদ্ধা ছিল। তিনি আমাদের যথেষ্ট সম্মান দিতেন। এরপর ঋতব্রত তৃণমূলকে কটাক্ষ করে বলেন যে যাঁরা ওই শিবিরে গেছেন, তাঁরা পিঠ বাঁচানোর জন্য গেছেন।
তবে ভিভান এও স্পষ্ট করেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন এবং থাকবেন। এই ভিডিও ভিভান তাঁর ফেসবুকে শেয়ার করতেই তাঁকে ট্রোল করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। অনেকেই ভিভানকে চটিচাটা, ধান্দাবাজ বলে কটাক্ষ করেছেন। যদিও এই নিয়ে অভিনেতাকে পাল্টা কোনও জাবাব দিতে দেখা যায়নি। সম্প্রতি অপারেশন হয়েছে ভিভানের। বাড়ি থেকে খুব একটা বেশি তিনি বেরোচ্ছেন না। তবে এরই মাঝে তিনি এটা স্পষ্ট করলেন যে মমতার তৃণমূল কংগ্রেস থেকে কোনও আমন্ত্রণপত্র না আসার কারণে তিনি ২১ জুলাই মঞ্চে যাননি।