
ঘিয়ে রঙের ফুলের ডিজাইন করা সালোয়ার কামিজ ও সঙ্গে হলুদ রঙের ওড়না। একেবারে সাদামাটাভাবেই মা-বাবার সঙ্গে ভোট দিতে গেলেন কোয়েল মল্লিক। বুধবার টালিগঞ্জ গলফ ক্লাব রোডের বাঙুর হাইস্কুলে ভোট দিতে পৌঁছে গেলেন সস্ত্রীক রঞ্জিত মল্লিক ও মেয়ে কোয়েল মল্লিক। ভোট দিয়ে বেরিয়ে কোয়েল ফিরে গেলেন তাঁর ছোটবেলায়। জানালেন ভোটের দিনে শৈশবে তাঁর স্মৃতির কথা।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও প্রবেশ করেছেন কোয়েল। তিনি এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। ভোট দিয়ে বেরিয়ে কোয়েল জানালেন তাঁর পুত্র কবীর কতটা উচ্ছ্বসিত আজকে। সাংসদ-অভিনেত্রী বলেন, 'কবীর আঙুলে লাল একটা মার্ক করে চলে এসছে, বলছে ভোট দিয়েছি, ভোট দিয়েছি। ভোটের ব্যাপারে কিচ্ছু বোঝে না, কিন্তু খুব উচ্ছ্বাসিত।' টলি কুইন বলেন, 'কবীরকে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাবাকে দেখতাম আঙুলে কালি লাগানো, আমিও আঙুলে কালো রং ঘষে ঘষে লাগিয়ে দিতাম।'
কোয়েল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি চাই সবাই যেন ভোট দেন। এটা একটা গণতান্ত্রিক অধিকার। দেশের ভালোর জন্য প্রতিটি মানুষকে দরকার, প্রতিটি মানুষের মতামত প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে। যেদিন থেকে আমি ভোটাধিকার পেয়েছি, তবে থেকে আজ পর্যন্ত অভিজ্ঞতা বেড়েছে। সব সময় চেয়েছি দেশের উন্নতি, মানুষের উন্নতি। সবাই যেন ভালো থাকে, আনন্দে থাকে। এটা একটা গণতান্ত্রিক অধিকার। সবার প্রয়োগ করা উচিত। শান্তিপূর্ণ ভাবে যেন সবাই ভোট দিতে পারে। অপরদিকে, প্রায় ৬০ বছর ধরে ভোট দিচ্ছেন রঞ্জিত মল্লিক। একটিবারের জন্যও মিস করেনি তিনি। তাঁর কাছে ভোটাধিকার প্রয়োগ হল গণতান্ত্রিক অধিকার।
কোয়েল কোনওদিন রাজনীতিতে পা দেবেন তা অনেকেই ভাবতে পারেননি। বাবা রঞ্জিত মল্লিক সক্রিয় রাজনীতির সঙ্গে বহু বছর ধরেই যুক্ত। কিন্তু কোয়েল বরাবরই অভিনয়কেই গুরুত্ব দিয়ে এসেছেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতিতে পা রাখেন কোয়েল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ হন তিনি। দুই সন্তান, অভিনয় ও রাজনীতি তিনদিকই সুন্দরভাবে গুছিয়ে সামলাচ্ছেন কোয়েল। এ বছর তাঁকে একাধিক জায়গায় ভোটের প্রচারেও দেখা গিয়েছে। মুখে একগাল হাসি নিয়েই তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার সেরেছেন রঞ্জিত-কন্যা।