
বাংলা ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার দেব ও জিৎ। মাঝে তাঁদের মধ্যে ঠান্ডা লড়াইয়ের খবর শোনা গেলেও পরে তা আবার মিটমাট হয়ে যায়। তবে দুজনেই নিজের জায়গায় রাজা, সেটা অস্বীকারের জায়গা নেই। দেব ও জিৎ দুজনের ছবি মুক্তি পাওয়া মাত্রই তাঁদের ভক্তদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়। মাঝে শোনা গিয়েছিল, দেবের 'দাদাগিরি'তে নাকি আসছেন জিৎ। কিন্তু তারপর নাকি জিৎ আর আসেননি। সম্প্রতি দেবের 'দাদাগিরি'তে আবারও সেই একই প্রশ্ন উঠে এল। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অরিজিৎ চক্রবর্তী দেবকে জিজ্ঞাসা করেই বসলেন দাদাগিরিতে দেব-জিৎ কবে মুখোমুখি হচ্ছেন?
'দাদাগিরি'র মঞ্চে অরিজিৎ দেবকে প্রথমে বলেন যে তাঁর পডকাস্টে এসে জিৎ দেবের সম্পর্কে প্রশংসা করেছেন। এরপরই সরাসরি জিজ্ঞাসা করেন যে জাতি জানতে চায় দুই পৃথিবীর পর দেব ও জিতের দেখা দাদাগিরির মঞ্চে কি হতে পারে? দেব এই প্রশ্নের উত্তরে বলেন, 'জিৎদার নিজের একটা জগৎ আছে। জিৎদার নিজের একটা মেজাজ আছে, জিৎদার একটা অউরা আছে। আর আমি নিজে জিৎদার খুব বড় ফ্যান।' দেব এরপর বলেন, 'দেব-জিৎকে নিয়ে ছবি করা বিশাল বড় দায়িত্ব। মানে দুজনকে এমনভাবে প্লেস করতে হবে, দুজনকে এমনভাবে মানুষের সামনে নিয়ে আসতে হবে, সিনেমার মাধ্যমে, যেটা দর্শক আশা করেছে কিন্তু দেখেনি। এটার জন্য কাউকে ভাল লিখতে হবে। পরিচালক অনেকেই আছে, বুম্বাদা পরিচালনা করতে চায়, আমিও করতে পারি বা অনেক বড় বড় পরিচালক আছে।'
দেব বলেন, 'শুধু লেখার অভাব আছে। যেদিন জিৎদা এবং আমার মনে হবে যে এই লেখাতে আমরা দুজন ছাড়া এই চরিত্রটা কেউ করতে পারবে না, দেখবে দুজন শ্যুটিং ফ্লোরে দাঁড়িয়ে আছি।' এরপরই দেব বলেন, 'দাদাগিরির মঞ্চে জিৎদার আসার কথা ছিল, আমিও জানতাম আসবে বলে, এসে দেখছি আসেনি।' কিন্তু কবে আসবে বা আদৌও আবার দাদাগিরিতে জিৎ আসবেন কিনা, সেই বিষয়টি স্পষ্ট করেননি দেব। প্রসঙ্গত, দেবের দাদাগিরিতে আসার কথা ছিল জিৎ-এর। কিন্তু আচমকাই জিৎ এলেন না 'দাদাগিরি'তে। যার ফলে দর্শকেরা দেব-জিৎকে মুখোমুখি দেখার সুযোগ হারিয়ে ফেলেন দর্শকেরা।
শোনা যাচ্ছিল, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির প্রমোশন করতেই নাকি জিৎ আসবে দেবের দাদাগিরিতে। তবে সেটা ছবি মুক্তির আগেই ছিল। গত ৮ অগাস্ট জিতের যাওয়ার কথা ছিল দাদাগিরিতে। কিন্তু ১৪ অগাস্ট ছবি মুক্তি পাওয়ার পরও দাদাগিরিতে দেখা গেল না জিৎকে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, যেহেতু দেব এই শোয়ের হোস্ট তাই নাকি জিৎ এই শোতে আসেননি। যদিও চ্যানেল কর্তা এবং প্রোডাকশনের কর্মকর্তাদের নাকি ফাইনাল কথা হয়েই গিয়েছিল। কিন্তু সূত্র বলছে, শেষে গিয়ে নাকি সমস্যা দাঁড়ায় জিৎ ওখানে কতটা সময় থাকবেন তা নিয়ে। এমনিতে জিৎ সময় নিয়ে খুব স্থির, বেশি সময় কাউকেই তিনি দিতে চান না। এক্ষেত্রেও তাই হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, চ্যানেলের কর্তারা যতটা সময় চেয়েছিলেন, জিৎ নাকি ততটা সময় থাকতে চাননি। চ্যানেল কর্তাদের বক্তব্য ছিল মিনিমিাম কয়েকটা রাউন্ড জিতকে খেলতেই হবে আর এদিকে জিৎ নাকি নিজের শর্তে অনড় ছিলেন। আর যে কারণেই দেবের দাদাগিরি-তে দেখা যায়নি জিৎকে।
তবে দেব-জিতের ঠান্ডা লড়াই শেষ। সম্প্রতি দুজনকে দেখা গিয়েছে এক মঞ্চেও। উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষ্যে নন্দনে দেব-জিৎক একসঙ্গে ঝালমুড়ি শেয়ার করে খেতে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে কোনও রেষারেষি, ঝামেলা যে নেই তা দুই সুপারস্টারই একবাক্যে স্বীকার করেছেন।