
মিঠাই, জগদ্ধাত্রী, গৌরী এলো-কে টেক্কা দিয়ে এখন টিআরপিতে এগিয়ে রয়েছে খেলনা বাড়ি (Khelna Bari)। আরাত্রিকা মাইতি ও বিশ্বজিৎ ঘোষ সিরিয়ালের (Bengali Mega Serial) প্রধান চরিত্র মিতুল ও ইন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন। সিরিয়ালের টিআরপি ভালোর দিকে এগোলেও অন্য এক বিড়ম্বনা দেখা দিয়েছে সম্প্রতি।
টিআরপিতে টিকে থাকার কৌশল
টিআরপিতে নিজেদেরকে ধরে রাখার তাগিদে এখন এই সিরিয়ালে ভূতের উপদ্রব দেখা দিচ্ছে। মূলতঃ এই ধরনের পারিবারিক সিরিয়ালগুলিতে পরিবারের কূটকাচালি, সাংসারিক মেলো ড্রামা, শাশুরি-বউমার চুলোচুলি, নায়ক-নায়িকার একাধিকবার বিয়ে এইসবই দেখানো হয়। হয়ত সেগুলির সঙ্গেও বাস্তবের তেমন মিল থাকে না কিন্তু তাও সেটা মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গই বলা চলে। কিন্তু সিরিয়ালে ভূত-আত্মা নিয়ে আসাটা দর্শকদের কাছে যেমন গাঁজাখুরি মনে হয়েছে তেমনই তা হাস্যকরও লেগেছে।
সিরিয়ালে অলৌকিক মোড়
গুগলি নামের একটি ছোট্ট মেয়েকে নিয়ে এগিয়েছে এই সিরিয়ালের গল্প। মিতুল তাকে কুড়িয়ে পেয়ে মানুষ করেছে। তারপর ভাগ্যের ফেরে তারা এসে ওঠে গুগলির বাবা ইন্দ্রর কাছে। প্রথমে অবশ্য নিজের মেয়েকে চিনতে পারেনি ইন্দ্র। কিন্তু ক্রমশ গুগলির পরিচয় ফাঁস হয়েছে। সে আর কেউ নয় ইন্দ্র এবং অন্তরার মেয়ে সোহাগ। এদিকে আবার গল্পে এসেছে নকল অন্তরা। মিতুলকে ইন্দ্রর থেকে আলাদা করতে চায় সে। যদিও নকল অন্তরার পরিচয় জেনে ফেলে মিতুল। কোর্টে তাকে নকল প্রমাণ করার জন্য শুরু হয় তাদের লড়াই। কিন্তু এই লড়াইতে কিছুতেই মিতুল জয় লাভ করতে পারছিল না। বিশেষ করে নকল অন্তরার আসল পরিচয়ের প্রমাণপত্র তাদের হাতে এসেও হারিয়ে যায়।
অন্তরার আত্মার আবির্ভাব
মিতুলকে প্রাণে মারার জন্য অনেক চেষ্টা করে রণ। এমনকি তাকে একটি ঘরের মধ্যে বন্দি করে পুড়িয়ে মারার চেষ্টা করে সে। হঠাৎ করেই সেখানে এসে পৌছায় আসল অন্তরা। মিতুলকে উদ্ধার করে সে। এমনকি নকল অন্তরার পরিচয় ফাঁস করার জন্য প্রমাণপত্রের হদিশ সে মিতুলকে দেয়। তখনও পর্যন্ত দর্শকরা আন্দাজ করতে পারেননি এই আসল অন্তরা কোথা থেকে এল। এই পর্যন্ত দর্শকরা অনুমান করেছিলেন আসল অন্তরাও হয়তো বেঁচে আছে। অবশেষে সমস্ত রহস্যের খোলাসা হল। অন্তরা মারা গিয়েছে অনেক আগেই। আসল অন্তরা বেঁচে নেই। মিতুলকে সাহায্য করতে এসেছিল যে সে আসলে আসল অন্তরার আত্মা। কোনওভাবেই যখন মিতুল প্রমাণ জোগাড় করতে পারছিল না তখন আসল অন্তরার আত্মা তার মধ্যে ভর করে এবং প্রমাণ জোগাড় করে।
সিরিয়ালকে কটাক্ষ দর্শকদের
একে তো এটা কোনও অলৌকিক সিরিয়াল নয়। একেবারেই সাধারণ পারিবারিক সিরিয়াল। কিন্তু সাধারণ একটি ফ্যামিলি ড্রামা মূলক বাংলা সিরিয়ালে হঠাৎ করে ভূতের আবির্ভাব ঠিকভাবে মেনে নিতে পারছেন না দর্শকরা। আসল অন্তরা বেঁচে থাকলেও আপত্তি ছিল না তাঁদের। কিন্তু হঠাৎ করেই অন্তরার আত্মা উড়ে এসে জুড়ে বসায় তারা সিরিয়ালটিকে কটাক্ষ করতে শুরু করেছেন।