
সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল।
২০২৬-র শুরু থেকেই বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সে তালিকায় নাম জুড়তে চলেছে আরও এক মেগার। স্টার জলসাতে আসছে নতুন ধারাবাহিক 'কুমকুম'। ইতিমধ্যেই সামনে এসেছে প্রোমো। ধারাবাহিকের কাস্টিংয়ে রয়েছে বড় চমক। বিরতির পরে বাংলা মেগা সিরিয়ালে ফিরছেন আদৃত রায়। এবার নতুন মেগায়, নতুন জুটি পেতে চলেছে দর্শক। আদৃত জুটি বাঁধতে চলেছেন নবাগত অনুষ্কার সঙ্গে। এছাড়াও নতুন চরিত্রে ফিরছেন অরিজিতা মুখোপাধ্যায়। তাঁকে দেখা যাবে আদৃতের মায়ের চরিত্রে। তাঁর চরিত্রটি এবার ইতিবাচক না নেতিবাচক, এখনও স্পষ্ট নয়।
কেমন হবে গল্প?
প্রোমোতে দেখা যাচ্ছে, অল্প বয়সে বিধবা হয়েছে জুতোর কারিগর কুমকুম। অত্যন্ত গুণী এবং মনে অসম্ভব জোর ও আত্মসম্মানবোধ। ভাগ্যের ফেরে তার দেখা হয় শহরের ঈশানের সঙ্গে। বেশ কয়েকজন বিদেশি বন্ধুদের নিয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরছে সে। হঠাৎ মাঝ রাস্তায় ঈশানের বিলাসবহুল গাড়িটি খারাপ হয়ে যায়। অগত্যা গ্রামের মোটরভ্যানে করেই বাড়ির পথে রওনা দিতে হয় তাকে। ঠিক তখনই তার আলাপ হয় গ্রামের লড়াকু মেয়ে কুমকুমের সঙ্গে।
কুমকুম নিজেই নিজের সংসার টানে। চর্মশ্রী সু হাউসে তৈরি করা জুতো ডেলিভারি দিতে চলেছে সে। আর সেখানকার খোদ মালিকের নাতি হল ঈশান। ভিডিও কলের মাধ্যমে ঈশানের আম্মা যখন জানায় যে, পরিবারের বাকি সদস্যরা মিলে তাদের ১০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী জুতো ব্যবসা চিরতরে বন্ধ করার ফন্দি আঁটছে, তখনই পাশে থাকা কুমকুম ঈশানকে পরামর্শ দেয়। হাসিমুখে অনায়াসেই কুমকুম বলে, 'ব্যবসা নয়, নকশা বদলান! বাঙালি পারে ব্যবসায় ঘুরে দাঁড়াতে'। কুমকুমের এই 'ভোকাল টনিকে' প্রথম দর্শনেই তাকে বেশ ভাল লাগে ঈশানের। এবার কোন দিকে, কীভাবে এগোয় দু'জনের প্রেম, সেটাই দেখার অপেক্ষায় দর্শক।
বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ আদৃত রায়। 'মিঠাই' শেষ হওয়ার পরে দীর্ঘদিন বিরতি নিয়েছিলেন। এরপর 'মিত্তির বাড়ি' মেগার মাধ্যমে সকলের মন জয় করেন তিনি। সে ধারাবাহিক শেষ হয়েছে অনেক মাস আগে। প্রিয় অভিনেতাকে আবারও পর্দায় দেখার আবদার জানাচ্ছিলেন অনুগামীরা। আগেই জানা গিয়েছিল এবার ঘর পাল্টাচ্ছেন আদৃত। অর্থাৎ জি-এর নায়ক এবার স্টারের পর্দায় দেখা যাবে অভিনেতাকে। স্টুডিয়ো পাড়ায় আগে গুঞ্জন ছিল, লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকের জন্য ভাবা হচ্ছে আদৃতকে। তবে এখন টলিপড়ায় কাজ করতে পারছেন না লীনা। এজন্যে স্বাভাবিকভাবেই সেই দায়িত্ব পালন করছেন অন্য কেউ।
দর্শকদের মনে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন 'মিঠাই' ধারাবাহিকের চরিত্ররা। যার মধ্যে 'উচ্ছেবাবু' ওরফে সিদ্ধার্থ মোদকের জনপ্রিয়তার মাত্রা একেবারে অন্য পর্যায়। সেই প্রমাণ মেলে অভিনেতার একাধিক ফ্যান ক্লাবের দিকে চোখ রাখলেই। এর পর তিনি সকলের মনের আরও কাছের হয়ে ওঠেন 'মিত্তির বাড়ি'-র 'ধ্রুব' চরিত্রের মাধ্যমে। আদৃতর বিপরীতে এর আগে সৌমিতৃষা কুন্ডু ও পারিজাত চৌধুরী কাজ করে্ছেন। আদৃতপ্রেমীরা এখন তাকিয়ে আছে, তাঁর নতুন ধারাবাহিকের দিকে।
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পেয়েছিল আদৃতর প্রথম ছবি 'নূর জাহান’। এরপরে 'প্রেম আমার ২' ছবিতেও মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা। 'পাসওয়ার্ড', 'পরিণীতা'-র মতো ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। তাঁর 'পাগল প্রেমী' ছবিটি দেখার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা। তবে বড় পর্দার থেকে ছোট পর্দায় বেশি জনপ্রিয়তা পান অভিনেতা। এবার দেখার নতুন নায়িকার সঙ্গে তাঁর জুটি কতটা পছন্দ করে দর্শক।