
জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস' নিয়ে দর্শকদের উত্তেজনা বরাবর তুঙ্গে থাকে। প্রতি সিজনেই দর্শকদের জন্যে পরতে পরতে যেমন থাকে চমক, তেমনই প্রত্যেকবারই সমালোচনার শীর্ষে ওঠে এই শো। 'বিগ বস' বাংলা আসার খবর চাউর হওয়ার পর থেকেই সকলের মনের প্রশ্ন- কবে শুরু হবে, কে কে থাকবেন প্রতিযোগী হিসাবে। দীর্ঘ অপেক্ষার অবসান হয়ে নতুন ভাবে বাংলায় আসতে চলেছে 'বিগ বস'। এই শোয়ের সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রতিযোগী কারা হবেন?
এবার কারা কারা থাকবেন বিগ বস হাউজে, এই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। তার মধ্যে এক তারকা দম্পতির নাম শোনা যাচ্ছে জোরালো ভাবে। টলিপাড়ার অন্দরের গুঞ্জন, নুসরত জাহান ও যশ দাশগুপ্তর কাছে নাকি প্রস্তাব গিয়েছে প্রতিযোগী হওয়ার। শুধু তাই না, তাঁরা নাকি রাজিও হয়েছেন। সেই সঙ্গে উঠে আসছে আরও একটি নাম। স্টুডিওপাড়ার ফিসফাস, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কেও নাকি দেখা যেতে পারে। যদিও চ্যানেল কর্তৃপক্ষ বা অভিনেতাদের তরফে এখনও চূড়ান্ত ভাবে কিছু জানানো হয়নি। প্রতিযোগী কারা হবেন, সে বিষয়ে খুবই গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। 'বিগ বস বাংলা'-র টিমের গুটিকয়েক জন ছাড়া এই বিষয়ে কারও সঙ্গেই আলোচনা করা হচ্ছে না।
কনটেন্ট ক্রিয়েটরদের কাছে প্রস্তাব
টলিপাড়ার আরও গুঞ্জন, বেশ কিছু কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের কাছেও নাকি প্রস্তাব গিয়েছে। যার মধ্যে উঠে আসছে ননসেন, অর্থাৎ শমীক অধিকারীর নাম। যদিও তিনি হ্যাঁ বলেছেন কিনা তা এখনও জানা যায়নি। অন্য দিকে আরও এক জনপ্রিয় ট্রাভেল ভ্লগারের কাছেও প্রস্তাব গিয়েছে। যদিও তিনি 'বিগ বস'-এ যাওয়ার প্রস্তাব ফিরিয়েছেন। ট্রাভেল উইথ কৌশিক চ্যানেলের কৌশিক পালের কাছে এই প্রস্তাব গিয়েছিল। সম্প্রতি, নিজের ভ্লগে একথা শেয়ার করেছেন তিনি। কৌশিক বলেছেন, "আমার কাছে প্রস্তাব আসে বিগ বস হাউজে প্রতিযোগী হয়ে যাওয়ার। কিন্তু ওখানে অন্তত এক থেকে তিন মাস তো থাকতেই হবে। এর বেশিও হতে পারে। ওদের শর্ত, তিন মাস আমি কোথাও যেতে পারব না। আমার কাজ হচ্ছে ভ্লগিং করা। তিনি মাস আমি ভ্লগিং বন্ধ করে দিলে, আমার চ্যানেলে কোনও ভিডিও না আসলে আমার দর্শকরা হতাশ হবে। যদিও ওখানে প্রতিযোগী হলে, আর্থিক দিকটা ভালই হতো এবং জনপ্রিয়তাও বাড়ত। কিন্তু অনেক ভেবে আমি ভ্লগিংকেই বেছে নিলাম।"
'বিগ বস বাংলা'-র প্রতিযোগী তালিকায় উঠে এসছে আরও বেশ কিছু নাম। শোনা যাচ্ছে, প্রতিযোগী হওয়ার জন্য নাকি ডাক পেয়েছিলেন ঊষসী চক্রবর্তী, লোকনাথ দে, জীতু কমল, তিথি বসু, দেবলীনা নন্দী, সায়ক চক্রবর্তী-সহ আরও অনেকে। যদিও দেবলীনা ও সায়ক দু'জনেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটা শুধুই গুঞ্জন। তাঁরা যাচ্ছেন না এই প্রতিযোগিতায় অংশ নিতে। এবার দেখার শেষ পর্যন্ত কাদের দেখা যায়।
৬ মার্চ ইডেন গার্ডেন্সে সৌরভের উপস্থিতিতে আনুষ্ঠানিক ঘোষণা হয় 'বিগ বস বাংলা'-র। এই নন- ফিকশন শো প্রযোজনা করছে এন্ডেমলশাইন ইন্ডিয়া। বাংলার দর্শকদের কথা মাথায় রেখেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই রিয়্যালিটি শোয়ের ফরম্যাটকে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে সম্প্রচার হবে 'বিগ বস বাংলা'-র। ৬ মাস চলবে। শোনা যাচ্ছে, 'বিগ বস বাংলা ২০২৬'-এর শ্যুটিং হবে মুম্বইয়ের ফিল্ম সিটি, গোরেগাঁও ইস্টে। জুলাই মাস থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা। প্রতিযোগী হিসাবে আসবেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। তবে শেষ পর্যন্ত তালিকায় কারা রয়েছেন, তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, ২০১৩ সালে ইটিভি বাংলার পর্দায় প্রথম দেখা যায় 'বিগ বস' বাংলা। এই সিজনের সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং বিজয়ী হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক ধর। ২০১৬ সালে কালার্স বাংলা চ্যানেলে দেখা যায় 'বিগ বস' বাংলার দ্বিতীয় সিজন। যেটি সঞ্চালনা করেছিলেন জিৎ বিজয়ী হয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।