
জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস' নিয়ে দর্শকদের উত্তেজনা বরাবর তুঙ্গে থাকে। প্রতি সিজনেই দর্শকদের জন্যে পরতে পরতে যেমন থাকে চমক, তেমনই প্রত্যেকবারই সমালোচনার শীর্ষে ওঠে এই শো। অনেকদিন ধরেই দর্শকদের মনে প্রশ্ন ছিল, কবে ফের আসবে 'বিগ বস' বাংলা। গত বছর জানা যায়, দীর্ঘ অপেক্ষার অবসান হয়ে বাংলায় আসতে চলেছে 'বিগ বস'-র সিজন ৩। আর সবচেয়ে বড় খবর, এই শোয়ের সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
'বিগ বস'-র সঞ্চালক রূপে থাকবেন সৌরভ, এই খবর চাউর হওয়ার পর থেকে দুটো প্রশ্ন ঘুরছে সকলের মনে। এই নিয়ে নানা জল্পনা, গুঞ্জনও ছড়াচ্ছে। এক, 'বিগ বস'-র নতুন সিজনে প্রতিযোগী হিসাবে কাদের দেখা যাবে? দুই, কবে থেকে সম্প্রচার হবে? ৬ মার্চ ইডেন গার্ডেন্সে সৌরভের উপস্থিতিতে আনুষ্ঠানিক ঘোষণা হল 'বিগ বস বাংলা'-র। সেই সঙ্গে এদিন লেজার শোয়ের মাধ্যমে প্রকাশ্যে এল 'বিগ বস বাংলা'-র লোগো। এই নন- ফিকশন শো প্রযোজনা করছে এন্ডেমলশাইন ইন্ডিয়া। বাংলার দর্শকদের কথা মাথায় রেখেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই রিয়্যালিটি শোয়ের ফরম্যাটকে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে।
শুক্রবার সন্ধ্যায় সেজে উঠেছিল ইডেন গার্ডেন্স। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আলোর ঝলকানি, আতসবাজির মাঝে উপস্থিত ছিলেন সকলের প্রিয় 'মহারাজ'। আগামী সেপ্টেম্বর মাস থেকে সম্প্রচার হবে 'বিগ বস বাংলা'-র। ৬ মাস চলবে। এবছর জুলাই মাস থেকে শ্যুটিং শুরু হবে। প্রতিযোগী হিসাবে আসবেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। সৌরভ এদিন বলেন, "আমি আমার জীবনে প্রচুর চাপ ও প্রত্যাশা দেখেছি। এর আগে আমি অনেক কিছু সঞ্চালনা করেছি। তবে এরকম শো এই প্রথমবার। এটা বড় চ্যালেঞ্জ বটে। তবে আমি চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত। তাই ভয় পাচ্ছি না। আমার সব রকম চেষ্টা করব এই শো সফল করার জন্য। আশা করি রিহার্সাল হবে। কারণ আগে তো কখনও করিনি। আমার জন্য কোনও কাজ ছোট না। সেটা অনূর্ধ্ব ১৮ হোক কিংবা ভারতের জন্য খেলা হোক, বা বিগ বস সঞ্চালনা।"
তিনি আরও বলেন, "বিগ বস এমন একটা ফরম্যাট যেখানে শক্তিশালী ব্যক্তিত্ব, স্পষ্ট মতামত এবং আকর্ষণীয় কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ—যা বাংলার সাংস্কৃতিক পরিসরের সঙ্গেও গভীরভাবে যুক্ত। স্টার জলসার সঙ্গে এই উদ্যোগে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমরা চাই ‘বিগ বস বাংলা’ এমন ভাবে দর্শকদের সামনে আসুক, যাতে বাংলার আবেগ, অনুভূতি এবং স্বতন্ত্র পরিচয় প্রতিফলিত হয়। এই শো আলোচনার জন্ম দেবে, ব্যক্তিত্বের বৈচিত্র্যকে উদযাপন করবে এবং দর্শকদের টানটান আগ্রহে বেঁধে রাখবে।"
ক্রীড়াজগতের মতো বাংলা টেলিভিশনেও সফল সৌরভ গঙ্গোপাধ্যায়। বলা যায়, ছোট পর্দার ময়দানেও তিনি প্রতিবারই ছক্কা হাঁকিয়েছেন। এবার স্টার জলসার পর্দায় সঞ্চালক রূপে দেখা যাবে সৌরভকে। পরবর্তী চার বছর একই চ্যানেলে দুটো শো সামলাবেন তিনি। 'বিগ বস' ছাড়াও সকলের প্রিয় মহারাজ সঞ্চালনা করবেন 'দাদাগিরি' মতো অন্য একটি নন- ফিকশন শো। স্টারের সঙ্গে সৌরভের আগামী চার বছরের জন্য চুক্তি হয়েছে ১২৫ কোটি টাকার। এবছর বেশ কয়েকটি অন্য কাজে প্রতিশ্রুতিবদ্ধ মহারাজ।
প্রসঙ্গত, ২০১৩ সালে ইটিভি বাংলার পর্দায় প্রথম দেখা যায় 'বিগ বস' বাংলা। এই সিজনের সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং বিজয়ী হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক ধর। ২০১৬ সালে কালার্স বাংলা চ্যানেলে দেখা যায় 'বিগ বস' বাংলার দ্বিতীয় সিজন। যেটি সঞ্চালনা করেছিলেন জিৎ বিজয়ী হয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।