
সমস্ত চ্যানেলই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে বাংলা টেলিভিশনের দর্শকের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে। ফলস্বরূপ ধারাবাহিক বা নন- ফিকশন শো সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা, শো। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল।
২০২৬-র শুরু থেকেই বেশ কয়েকটি নতুন ধারাবাহিক, অনুষ্ঠান শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সে তালিকায় নাম জুড়তে চলেছে আরও এক নন-ফিকশন শোয়ের। সান বাংলাতে আসছে নতুন রিয়্যালিটি শো 'ছানাগিরি'। ইতিমধ্যেই শ্যুট হয়ে গিয়েছে প্রোমো। প্রকাশ্যে আসবে খুব শীঘ্রই। গত এপ্রিল মাসে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় 'চিরসখা'। এই ধারাবাহিক শেষ হওয়ার পর বেজায় মন খারাপ ছিল অপরাজিতা ঘোষে অনুগামীদের। তবে এবার তাদের জন্য দারুণ সুখবর। নতুনরূপে ছোট পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে।
'খেলব, শিখব, জিতব'- এই ট্যাগলাইন নিয়ে আসছে বাচ্চাদের একটি অনুষ্ঠান 'ছানাগিরি'। একেবারে নতুন ফরম্যাটে তৈরি এই শোয়ে, শিশুরা খেলবে, শিখবে এবং জিতবে। প্রতিটি শিশুই সবচেয়ে ভাল শেখে যখন শেখার বিষয়টি আনন্দদায়ক হয়। এই ভাবনাকেই বাস্তবে রূপ দিতে, আসছে 'ছানাগিরি'। যেখানে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা খেলার ছলে শিখবে, নতুন কিছু আবিষ্কার করবে এবং জয়ী হবে; আর এই পুরো প্রক্রিয়ায় তারা গড়ে তুলবে কিছু অবিস্মরণীয় স্মৃতি। ফরম্যাট এমনভাবে সাজানো হয়েছে, যা শিশুদের কৌতূহল, আত্মবিশ্বাস এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে বিশেষভাবে উৎসাহিত করবে। সঞ্চালনার দায়িত্ব পালন করবেন অপরাজিতা ঘোষ।
প্রতিটি বাবা-মাই চান তাদের সন্তান জীবনে সফল হোক। কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান কিছু শিক্ষা আমরা পাই শ্রেণিকক্ষ বা পাঠ্য বইয়ের গণ্ডির বাইরেই। এই অনুষ্ঠানটি শিশুদের বই এবং প্রথাগত রুটিনের বাইরে পা বাড়াতে অনুপ্রাণিত করবে। আর এক আনন্দঘন পরিবেশে তাদের কৌতূহল, আত্মবিশ্বাস এবং সৃজনশীলতাকে বিকশিত করে তুলবে, বলেই দাবি টিম 'ছানাগিরি'-র। বাচ্চাদের অনুষ্ঠান হলেও, দের মায়েরাও এই এখানের অংশ হওয়ার সুবর্ণ সুযোগ পাবেন। খুব শীঘ্রই গোটা রাজ্য জুড়ে শুরু হবে অডিশন বা বাছাই পর্ব।
অপরাজিতা জানালেন, "একটা শিশু জন্মানোর সাথে সাথে একজন মা-ও জন্মায়। শিশু যেমন অনেক কিছু শেখে, মা-ও অনেক কিছু শিখতে শিখতে যায় আর শুরু হয় দু'জনের এক নতুন অ্যাডভেঞ্চার। দু'জনেই একসাথে শেখে এবং বড় হয়। মা আর ছানাদের এই জার্নিটাকে সেলিব্রেট করবে 'ছানাগিরি'। এখানে তারা একসাথে খেলবে, শিখবে আর জিতবে। আমি এই সেলিব্রেশনের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত। মায়েদের আর তাদের ছানাদের এই জার্নি থেকে আমিও অনেক কিছু শিখব বলেই মনে করছি।"
প্রসঙ্গত, , এর আগে 'একদিন প্রতিদিন', 'বিজয়িনী', 'কোজাগরী', 'কুসুম দোলা', 'চিরসখা'-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন অপরাজিতা। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে 'ইতি শ্রীকান্ত', 'চলো লেটস গো', 'বাকিটা ব্যাক্তিগত', 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত', 'নধরের ভেলা'-র মতো একাধিক ছবি।