
সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল।
কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! যে কোনও নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো মেগার উপর। স্টার জলসার নতুন মেগা 'গঙ্গা' আসার খবর চাউর হওয়া মাত্রই সকলের মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, শেষ হবে কোন ধারাবাহিক? বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় এনিয়ে শোনা যাচ্ছে নানা জল্পনা। অবশেষে সব জল্পনার অবসান হয়ে, মিলল সে উত্তর। এবার কি শেষ হতে চলেছে 'চিরসখা'? থেমে যাবে দীর্ঘদিন চর্চায় থাকা এই মেগার জার্নি।
আগামী ১০ মার্চ থেকে রোজ রাত ৯টায় দেখা যাবে সাহেব ভট্টাচার্য ও হিয়া মুখোপাধ্যায়ের নতুন মেগা 'গঙ্গা। এখন সেসময় দেখা যায় অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায়ের 'চিরসখা'। নতুন প্রোমো দেখে অনেকের মনেই প্রশ্ন ছিল, তাহলে কি এবার শেষ হয়ে যাবে এই সিরিয়াল? নানা জল্পনার পরে, জানা গেল সেই আশঙ্কা ভুল। এরপর থেকে স্লট পাল্টে, 'চিরসখা' সম্প্রচার হবে রাত ১০টার সময়। তবে দীর্ঘদিন পর ৪৫ মিনিটের স্লট বন্ধ করছে স্টার জলসা। রাত সাড়ে ৯টায় দেখা যাবে 'মিলন হবে কতদিনে'। তবে শেষ হচ্ছে 'শুভ বিবাহ' এবং 'গৃহপ্রবেশ' পাচ্ছে রাত ১০.৩০টার স্লট।
প্রসঙ্গত, ছোটপর্দার চেনা মুখ সাহেব। অন্যদিকে, দীর্ঘ দিন টিআরপি-তে ভাল স্কোর করা 'গীতা এলএলবি'-র গীতা রূপে সকলের মন জয় করেছেন হিয়া। প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, গঙ্গার থেকে পয়সা কুড়িয়ে জীবন চলে হিয়ার (গঙ্গা)। সে অত্যন্ত প্রাণোচ্ছ্বল স্বভাবের। উল্টো দিকে সাহেব (অর্জুন) পেশায় একজন পুলিশ অফিসার। সে অত্যন্ত সৎ এবং কঠোর। কাজই তাঁর ধ্যান- জ্ঞান। একদিকে যেমন, হিয়া আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়ে। বিপরীত দিকে, স্বচ্ছল পরিবারের ছেলে সাহেব। দুই বিপরীত মেরুর মানুষ কীভাবে মিলে যায় এবং নতুন এই জুটিকে দর্শক কতটা আপন করে নেয়, সেটাই এবার দেখার।