
'লর্ডসে ঘুরপাক জামা মানে দাদাগিরি, বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি...'। এই গান চেনে না, এরকম বাঙালি খুব কমই আছে। সেই গানের এবার জায়গা নিচ্ছে 'দাদাগিরি না করেও, দাদাগিরি করা যায়...।' প্রোমোতে ইতিমধ্যেই শোনা গিয়েছে সেই গান। অরিজিতের সিংয়ের এই দারুণ জনপ্রিয় গানের জায়গায় এবার বাজবে ঈশান মিত্রের গান। সঞ্চালকের মতো বদলেছে 'দাদাগিরি'-র টাইটেল ট্র্যাকও। কীভাবে সুযোগ মিলল, কেমন অনুভুতি, বাংলা ডট আজতক ডট ইন-র কাছে শেয়ার করলেন সঙ্গীতশিল্পী ঈশান মিত্র।
শুরু হয়েছে 'দাদাগিরি'-র শ্যুটিং। 'নতুন বাংলার নতুন দাদাগিরি'-এই মূলমন্ত্রে একেবারে নতুনভাবে আসছে 'দাদাগিরি'। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় নিয়েছেন দেব। সঞ্চালনার গুরুদায়িত্ব এবার তাঁর কাঁধেই। নতুন সিজনের টাইটেল ট্র্যাকে শোনা যাচ্ছে ঈশান মিত্রর কণ্ঠ। এর আগে দেবের সঙ্গে 'কবীর', 'রঘু ডাকাত', 'খাদান', 'প্রজাপতি ২', 'ধূমকেতু'-র মতো ছবিগুলোয় কাজ করেছেন ঈশান।
ঈশান জানালেন, "আমাকে অভিজিৎদা (পরিচালক অভিজিৎ সেন) একদিন ফোন করে অফিসে যেতে বলে। ওখানে যাওয়ার পরে আমি জানতে পারলাম 'দাদাগিরি' এবার নতুন ভাবে আসছে, যেটা দেবদা হোস্ট করছে। অভিজিৎদা জানান, গানটা নতুন করে বানাতে হবে, নতুন করে ট্র্যাক রেডি করতে হবে আর গাইতেও হবে। আমাকে লিরিক্সও দিয়ে দিলেন। সেটাকে নতুন করে ডিজাইন করলাম। যেহেতু দেবদা আছে, ওঁর যে পজিটিভ অরাটা আছে সেটাকে মেইনটেইন করে ট্র্যাকটা ডিজাইন করা হল। দেবদার, অভিজিৎদার কিছু ইনপুটস ছিল, সেগুলোকে দেখে ট্র্যাকটাকে নতুন ভাবে ডিজাইন করা হলে। 'দাদাগিরি'-র মেইন টিউনটা আমরা কোনও ভাবে অসম্মান না করে ওটাকেই রেখে ট্র্যাকটাকে নতুন করে ডিজাইন করেছি।"
অরিজিৎ সিংয়ের গানের সঙ্গে তুলনা হতে পারে, জেনে আগে থেকে প্রস্তুত ঈশান। তাঁর কথায়, "এই জন্যই আমরা মূল জিনিসটা না বদল করে, বাকিটা রেডি করেছি নতুন করে। যেহেতু নতুন করে 'দাদাগিরি', আবার দেবদা হোস্ট। অভিজিৎদার ওই ট্র্যাকটার মেইন থিমটা যেটা 'দাদাগিরি'-র, ওটাকে রেখে আমরা বাকিটা নতুন করে বানিয়েছি। তবে, যদি সৌরভদা থাকাকালীন ট্র্যাকটাকে নিয়ে কাটা- ছেঁড়া করা হত, তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। এবার যেহেতু দেবদা নতুন করে দাদাগিরিকে রিপ্রেজেন্ট করছে, বিশাল বড় করে আসছে, ওই জায়গাটা মেইনটেইন করতে হয়েছে। 'দাদাগিরি' বাংলার সবচেয়ে বড় রিয়্যালিটি শো। তাই খেয়াল রাখতে হয়েছে, যাতে কোনও বাঙালীর আবেগে আঘাত না হয়। সেভাবেই ট্র্যাকটাকে ডিজাইন করেছি।"
শিল্পী যোগ করলেন, "আমি গানটার ভাল প্রতিক্রিয়া পাচ্ছি। সবাই প্রশংসা করছে, শুভেচ্ছা জানাচ্ছে। এত বড় একটা জিনিসে অরিজিৎদার পরে আমি সুযোগটা পেয়েছি। 'দাদাগিরি'-তে আমার গলাটা বাজবে। এটা আমার কাছে বিশাল বড় একটা পাওয়া। আর যেহেতু দেবদার সঙ্গে একটা আলাদা বন্ডিং আছে, তাই আরও ভাল লাগছে। অভিজিৎদা যে আমায় এই সুযোগটা দিয়েছে, এর জন্য আমি দাদার কাছে অনেকটাই কৃতজ্ঞ।"
প্রসঙ্গত, এর আগে সমাজের ভিন্ন স্তরের কৃতি বাঙালি এসেছেন 'দাদাগিরি'-র মঞ্চে। 'দাদাগিরি' নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নন-ফিকশন শো এবং দর্শক বিপুল ভাবে এটি উপভোগ করে। শুধুমাত্র সপ্তাহান্তে সম্প্রচারিত হওয়া সত্ত্বেও, অনুষ্ঠানটি অন্যান্য সমস্ত মেগা সিরিয়ালগুলিকে টিআরপি -তেও যথেষ্ট টেক্কা দেয়। প্রতি পর্বেই বুদ্ধিমত্তার পাশাপাশি উঠে আসে নিত্য নতুন প্রতিভা। ২০০৯ সালে জি বাংলায় প্রথম সম্প্রচারিত হয়েছিল এই শো। এরপর নয়টি সিজনের সঞ্চালনা করেন সৌরভ। টেলিভিশন জগতে এটাই ছিল তাঁর হাতেখড়ি। শুধুমাত্র সিজন ৩ -র সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু অন্যান্য সিজনের তুলনায় এই সিজনটি কিছুটা কম জনপ্রিয় হয়। এবার দেখার এই জনপ্রিয় শো সঞ্চালনার দায়িত্ব কতটা ভাল করে পালন করতে পারেন দেব।