
'দিদি বদল' হয়েছে বাংলা টেলিভিশনে। রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গা নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নেটজেনদের। একদল দারুণ খুশি নতুন 'দিদি'কে পেয়ে। আবার রচনার অনুগামীদের মন খারাপ, তাঁরা এখনও স্বস্তিকা মেনে নিতে পারছেন না এই শোয়ের সঞ্চালিকা রূপে। সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন কটাক্ষের শিকার হতে হচ্ছে স্বস্তিকাকে, অন্যদিকে, অনেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
জুন মাসের শেষে এসে শুরু হয়েছে 'দিদি নম্বর ১'-র নতুন সিজন। মনের কথা অকপটেই বলে ফেলেন স্বস্তিকা। সেজন্যে প্রায়শই থাকেন জল্পনার শীর্ষে। নিন্দুকরা শত কটূ কথা বললেও, 'কেয়ার নট অ্যাটিটিউটই' রাখতে পছন্দ করেন নায়িকা। এই আচরণের জন্যেই তিনি বহু মানুষের মনের খুব কাছের। টলিউডের পাশাপাশি জমিয়ে কাজ করছেন বি- টাউনেও। এজন্যে মুম্বইতে তাঁর যাতায়াত লেগেই থাকে। মায়ানগরীতেও তাঁর কাজ যথেষ্ট প্রশংসিত। এবার ট্রোলারদের যোগ্য জবাব দিলেন স্বস্তিকা।
'দিদি নম্বর ১'-র একটা প্রোমো শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, "যে বা যারা আমায় রাক্ষসী বলে ডাকছেন, দয়া করে শাঁকচুন্নিতে শিফট করে যান। শাঁকচুন্নি ইস বেটার। আই লাভ শাঁকচুন্নিস। কদলীবালা শাঁকচুন্নি ছিল। ওটা আমাকে বেশি মানায়। এবারের 'দিদি নম্বর ১'-র হোস্ট একজন শাঁকচুন্নি -বলে দেখুন এটা বেশি ভাল লাগছে।"
'দিদি নম্বর ১'-র সিজন ১০-এ চার জন দিদি নয়, খেলা হচ্ছে ১০ জন দিদিকে নিয়ে। ১০ গুন মজা আর ১০ গুন পুরস্কার থাকছে এই নতুন সিজনে। বদল হয়েছে শোয়ের সময়ও। আগে বিকালে দেখা যেত। তবে এখন সোম থেকে শুক্রবার রাত ১০.১৫ মিনিটে সম্প্রচার হচ্ছে 'দিদি নম্বর ১'।
প্রসঙ্গত, 'দিদি নম্বর ১' বাংলার প্রত্যেক ঘরে ঘরে সকলের প্রিয়। এত দিন হিট ছিলেন শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। এর আগের বেশিরভাগ সিজনেরই সঞ্চালিকা ছিলেন রচনা। প্রথম সিজনে এই দায়িত্ব পালন করেছিলেন পুষ্পিতা মুখোপাধ্যায়। এছাড়া সিজন ৩ -এ জুন মালিয়া এবং সিজন ৫-এ দেবশ্রী রায়কেও সঞ্চালিকা হিসাবে দেখা গেছে। সিজন ৮- এ রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা প্রয়াত হওয়ার পর, তিনি কয়েক দিনের বিরতি নেন। সেই সময় সুদীপা চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস সেই দায়িত্ব সামলেছেন কিছুদিন। এছাড়া রাজনৈতিক প্রচারের কাজে যখন রচনা ব্যস্ত ছিলেন, তখন এই শো সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। এবার দেখার নতুন মোড়কে, নতুন 'দিদি'কে নিয়ে, নতুন সময়ে কতটা সফল হয় 'দিদি নম্বর ১' সিজন ১০।