
সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল।
২০২৬-র শুরু থেকেই বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সে তালিকায় নাম জুড়তে চলেছে আরও এক মেগার। জি বাংলাতে আসছে 'দুলারি'। ইতিমধ্যে প্রথম ঝলক সামনে এসেছে। শোনা যাচ্ছে, স্বর্ণেন্দু সমাদ্দারের পরিচালনায় আসছে মেগাটি। ইতিমধ্যেই জানা গিয়েছে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে দেবপ্রিয়া বসু। এবার খবর, নায়কের চরিত্রে অভিনয় করবেন নীল ভট্টাচার্য। দেবপ্রিয়া খবরটি নিশ্চিত করলেও, নীল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমি কিছু জানি না। আর ক’টা দিন অপেক্ষা করলেই তো সব জানা যাবে।'
এর আগে স্টার জলসার 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকের প্রথম সিজনে দেখা গিয়েছিল নীলকে। এরপরে মূলত তিনি জানিয়েছিলেন, বড় পর্দাতেই মন দেবেন। এই মেগার মাধ্যমেই প্রথমবার ছোটপর্দার নায়িকা হিসাবে দেখা যাবে দেবপ্রিয়াকে। এর আগে 'অনুরাগের ছোঁয়া'-র মতো অনেক ধারাবাহিকে তাঁকে শিশুশিল্পীর চরিত্রে দেখা গিয়েছে। টেলিপাড়ার খবর, দেবপ্রিয়া- নীল ছা়ড়াও দেখা যাবে পায়েল দেব, রাজন্যা মিত্র, মৌসুমী সাহা, ভিকি নন্দীকে।
জানা যাচ্ছে, এই ধারাবাহিকে অসমবয়সী প্রেমের গল্প দেখানো হবে। মেগায় মূলত পুরুলিয়ার এক মেয়ের গল্প বলবে। যে চোখে অনেক স্বপ্ন নিয়ে কলকাতায় এসে নিজেকে প্রতিষ্ঠিত করবে। যদিও, প্রকাশ্যে আসা প্রোমোতে নায়িক- নায়িকা বা কোনও চরিত্রকে দেখা যায়নি। গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছে একটি বাস। যেটিতে মালপত্র বোঝাই করা এবং সেই বাসের গায়ে আঁকা মা দুর্গার ছবি। দূরে রয়েছে পাহাড় আর জ্বলজ্বল করছে আলো। কারও আর বুঝতে বাকি থাকে না, এটা লাল মাটি- পুরুলিয়ার রাস্তা।