Advertisement

Shinjinee Chakraborty Serial: লীনার মেগা বন্ধ হতেই অনিশ্চয়তার জীবন কাটছিল! অবশেষে নতুন মেগায় ফিরলেন শিঞ্জিনী

Bengali Television: ২০২৬-র মার্চে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর পরিস্থিতি পাল্টে যায়। বন্ধ হয় লীনার দুই মেগা, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শিঞ্জিনী চক্রবর্তী। এরপর থেকেই অনিশ্চয়তা দেখা গিয়েছিল তাঁর জীবনে। 

শিঞ্জিনী চক্রবর্তী (ছবি: ফেসবুক)শিঞ্জিনী চক্রবর্তী (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Jun 2026,
  • अपडेटेड 4:26 PM IST

শিল্পী মানেই অনিশ্চয়তার জীবন। বাংলা টেলিভিশনের অত্যন্ত চেনা মুখ শিঞ্জিনী চক্রবর্তী। শেষ দেখা গিয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের 'চিরসখা' ও 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে। ২০২৫-র শুরু থেকে টানা লীনার প্রযোজনা সংস্থার ধারাবাহিকে কাজ করেছেন শিঞ্জিনী। এর আগে লীনার ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজিত ধারাবাহিকেও কাজ করেছিলেন। কিন্তু ২০২৬-র মার্চে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর পরিস্থিতি পাল্টে যায়। বন্ধ হয় লীনার দুই মেগা, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিনেত্রী। এরপর থেকেই অনিশ্চয়তা দেখা গিয়েছিল তাঁর জীবনে। 

 'চিরসখা'-র বর্ষাকে মিস করছিলেন ছোটপর্দার দর্শক। এই নেতিবাচক চরিত্রে সকলের নজর কেড়েছিলেন শিঞ্জিনী। এবার নতুনভাবে ফিরলেন শিঞ্জিনী। অভিনেত্রীকে দেখা যাচ্ছে নতুন শুরু হওয়া 'কুমকুম' ধারাবাহিকে। একেবারে গ্ল্যামারস লুকে নোরা চরিত্রে ধরা দিলেন তিনি। দেখেই বোঝা যাচ্ছে, এবারও তিনি নেতিবাচক চরিত্রেই। এই মেগাতে মুখ্য চরিত্রে রয়েছেন আদৃত রায় এবং নবাগতা অনুষ্কা। এই ধারাবাহিকে আদৃতর প্রিয় বান্ধবীর চরিত্রে দেখা যাবে শিঞ্জিনীকে।

 

সংবাদমাধ্যমকে নতুন ধারাবাহিক প্রসঙ্গে শিঞ্জিনী বলেন, "এই জগতে যে দিন থেকে পা দিয়েছি, তখন থেকেই জানি পুরোটাই অনিশ্চয়তা। তাই ধৈর্য ধরে ছিলাম। ইতিবাচক মনোভাব বজায় রেখেছিলাম। সেই সময় পরিস্থিতি হয়তো আলাদা ছিল। কিন্তু আমাদের পেশায় এই কথা তো জানা, যে কখন কোন ধারাবাহিক বন্ধ হয়ে যাবে তা জানা থাকে না। ফলে সেই মানসিক প্রস্তুতি আমার বরাবরই ছিল।" 

 

প্রসঙ্গত, কখনও গায়ের রং তো, কখনও নেতিবাচক চরিত্রে অভিনয় করার জন্য বারবার ট্রোলিংয়ের স্বীকার হয়েছেন অভিনেত্রী। তবে নেতিবাচক কথায় কান না দিয়ে 'কেয়ার নট অ্যাটিটিউট' রেখে, নিন্দুকদের মুখে ছাই ঘষে দেওয়া যায়, সেটাই বারবার বুঝিয়েছেন তিনি। 'উমা' ধারাবাহিকের মাধ্যমে সকলের মনের কাছে পৌঁছেছিলেন শিঞ্জিনী। 'উমা'-তে মুখ্য চরিত্রে দেখা গেলেও, এরপর 'সন্ধ্যাতারা' মেগাতে নেতিবাচক চরিত্রে কাজ করেন তিনি। 'চিরসখা'-তে মুখ্য চরিত্র থেকে পার্শ্বচরিত্রে খলনায়িকা রূপে কাজ করলেও কোনও আপোষ করেননি অভিনেত্রী। সেসময় তিনি বলেছিলেন, "নায়িকা হতে আসিনি তো! ভাল অভিনেত্রী হতে চাই। চরিত্র বাছাই করে অভিনয় করি। নায়িকা না কি খলনায়িকা- সেটা দেখি না।" 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement