
টলিপাড়ায় সম্পর্ক ভাঙা- গড়ার কথা শোনা যায় প্রায়ই। এরকমই আরও দুই টেলি তারকাকে নিয়ে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে খবর। স্টুডিয়ো পাড়ায় ফিসফাস, বসন্তের আগেই জীবনের প্রেমের রং লেগেছে তাঁদের। কথা হচ্ছে সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়-কে নিয়ে। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই একসঙ্গে আদুরে ছবি শেয়ার করেন দুই তারকা। যা দেখে, নেটিজেনদের প্রশ্ন, প্রেম করছেন দু'জনে?
এক মেগাতে কাজ করতে করতে প্রেম হওয়ার উদাহরণ অতীতেও বহু রয়েছে। বাংলা সিনেদুনিয়ার এবারের চর্চা, 'লক্ষ্মীর ঝাঁপি' ধারাবাহিকের ঝাঁপি ও দীপ পর্দার বাইরে বাস্তবেও সম্পর্কে রয়েছেন কিনা তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন। নিজেদের ব্যক্তিগত সম্পর্ক ও বন্ধুত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন জুটি।
এক সাক্ষাৎকারে, সৌরভ ও শুভস্মিতা জানিয়েছেন তাঁদের আলাপ প্রায় আট মাসের। ছ'মাস সিরিয়ালের শ্যুটিংয়ের জন্য এবং শুরুর আগে আরও দু'মাস। এই সময়কালে দু'জনের খুব ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছে। দু'জনের দাবি, এই বন্ধুত্বই ক্যামেরার সামনেও ভাল রসায়ন ফুটিয়ে তুলতে সাহায্য করছে তাঁদের। তাহলে কি তাঁরা সত্যি প্রেম করছেন? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, "আমি বলব, বন্ধুত্ব দিয়েই তো সব সম্পর্ক শুরু, সেখান থেকেই প্রেম হয়। তবে প্রেম অনেক বড় ব্যাপার। টুক করে প্রেমে পড়া যায় না। আমি অন্তত পারি না, সময় লাগে। তবে আক্ষরিক অর্থে প্রেম বলতে যা বোঝায়, তা আমাদের মধ্যে হয়নি।"
অভিনেতা আরও বলেন, "আমরাও দেখছি- শুনছি। আমাদের 'অনস্ক্রিন' জুটি দর্শকের ভাল লাগছে, এতে খুশি। অনেক সময়ে কাজ পছন্দ হলেও দর্শকের কাছে জুটি গ্রহণযোগ্য হয়নি। সেক্ষেত্রে, এটা উপরি পাওনা। নায়ক- নায়িকাকে নিয়ে একটা ইলিউশন থাকা ধারাবাহিকের জন্যও ভাল। তাঁদের ব্যক্তিগত জীবনের সবটা যদি অনুরাগীর জেনে যায়, তবে ওই মোহটা কেটে যায়। আমার মনে হয় না সেটা ভাল। এই জন্য আমি ব্যক্তিগত জীবন সমাজমাধ্যমে দেখাই না।"
শুভস্মিতা বলেন, "অফ -ক্যামেরা আমাদের সম্পর্ক নিয়ে চর্চা চলছে, সেটা ঠিক। সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাই। সরস্বতী পুজোর থেকে এটা বেড়েছে। আসলে ওটা তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে।" তিনি যোগ করেন, "আমরা প্ল্যান করে কিছু করিনি। এমনিই একসঙ্গে ছবি, রিল পোস্ট করি।"
প্রসঙ্গত, ২০১৫ সালে অভিনেত্রী মধুমিতার সঙ্গে বিয়ে হয়েছিল সৌরভ চক্রবর্তীর। 'সবিনয় নিবেদন' ধারাবাহিকে অভিনয় করতে করতেই তাঁদের কাছে আসা, প্রেম ও বিয়ে। তবে তাঁদের বিবাহিত জীবন সুখের হয়নি। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এরপর থেকে নিজেকে 'সিঙ্গল' বলেই দাবি করেন সৌরভ। এদিকে এবছরের শুরুতেই ফের বিয়ের পিঁড়িতে বসেছেন তাঁর প্রাক্তন স্ত্রী। এবার দেখার, সৌরভ ও শুভস্মিতা তাঁদের প্রেমে কবে সিলমোহর দেন এবং সেই সম্পর্ক পূর্ণতা পায় কিনা।