Advertisement

Biplab Dasgupta Demise: প্রয়াত অভিনেতা, বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত, শোকের ছায়া টলিউডে

Biplab Dasgupta: গত প্রায় দেড় বছর ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বাড়িতে শোকবিহ্বল স্ত্রী রুমা দাশগুপ্ত ও কন্যা প্রিয়ম দাশগুপ্ত।

বিপ্লব দাশগুপ্তবিপ্লব দাশগুপ্ত
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Apr 2026,
  • अपडेटेड 3:46 PM IST

ফের দুঃসংবাদ টলিউডে। প্রয়াত অভিনেতা, বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত। বয়স হয়েছিল ৭৫ বছর। গত প্রায় দেড় বছর ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বাড়িতে শোকবিহ্বল স্ত্রী রুমা দাশগুপ্ত ও কন্যা প্রিয়ম দাশগুপ্ত। প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সিনে দুনিয়া।

বিপ্লব দাশগুপ্তর স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, অটোইমিউন ডিজিজে ভুগছিলেন তিনি। প্রায় দু'দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত অভিনেতা। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত 'শ্যাডোজ় অফ টাইম' নামক ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবনে পা রাখা। এরপর 'বাইশে শ্রাবণ', '৮৯', 'ফেলুদা', 'গুমনামি'-র মতো ছবিতে অভিনয় করে সকলের মন জয় করেছেন।

এছাড়া ২০১৯ সালে 'দেবতার গ্রাস' ছবিতে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন। শুধুমাত্র অভিনয় দুনিয়ায় নয়, আবৃত্তি ও সাহিত্যের দুনিয়াতেও এক আলাদা উচ্চতায় পৌঁছেছিলেন তিনি। প্রয়াত শিল্পী, তাঁর কণ্ঠের জাদুতে বিজ্ঞাপন এবং ভয়েস-ওভারের দুনিয়াতেও খ্যাতি পেয়েছিলেন। 

 

বিপ্লব দাশগুপ্ত, তাঁর পেশাদার জীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন তার আগে। যদিও শিল্পের প্রতি তাঁর টান ছিল বরাবর। এরপর বিনোদন দুনিয়ায় পা রাখেন শিল্পের প্রতি টানে। শোনা যায়, মহানায়ক উত্তম কুমার এবং তাঁর ভাই তরুণ কুমারের সঙ্গেও গভীর ব্যক্তিগত বন্ধুত্ব ছিল বিপ্লব দাশগুপ্তর। টলিউড হারাল এক গুণী শিল্পীকে। প্রয়াত শিল্পীর মরদেহ শুক্রবার বিকালে টেকনিশিয়ান্স স্টুডিওতে এনে, তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে।       

 

Read more!
Advertisement
Advertisement