Advertisement

Dev Viral Video: 'আমার বিকৃত, এডিটেড ভিডিও ছড়ানো হচ্ছে...,' কার বিরুদ্ধে অভিযোগ তুললেন দেব?

Dev Viral Video: নেটমাধ্যমে এই ভিডিও শেয়ার করে অনেকে লেখেন, ৪ মে ভোটে বিজেপি জেতার পর নাকি জনরোষের মুখোমুখি হতে হয় অভিনেতা- প্রযোজক তথা তৃণমূল সাংসদকে।

দেব দেব
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 May 2026,
  • अपडेटेड 4:47 PM IST

শিরোনামে দেব। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরছে। যেখানে দেখা যাচ্ছে, একটি সভা থেকে হাত জোর করে বেরিয়ে যাচ্ছেন তিনি। নেপথ্যে শোনা যাচ্ছে 'চোর চোর স্লোগান'। নেটমাধ্যমে এই ভিডিও শেয়ার করে অনেকে লেখেন, ৪ মে ভোটে বিজেপি জেতার পর নাকি জনরোষের মুখোমুখি হতে হয় অভিনেতা- প্রযোজক তথা তৃণমূল সাংসদকে। ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে ভিডিও। প্রাক্তন শাসক দলের হওয়ায়, চরম কটাক্ষ শুরু হয় তাঁকে নিয়ে। 

এবার নিজেই সোশ্যাল পেজে ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করলেন দেব। তবে এখানে নেপথ্যে কোনও 'চোর' স্লোগান নেই। প্রচুর মানুষের কোলাহল আছে এবং তাঁকে দেখে উৎসাহ আছে। দেবের দাবি, তাঁর বিকৃত ও এডিটেড ভিডিও ছড়ানো হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। সেই সঙ্গে সকলকে অনুরোধ করেছেন, বিভ্রান্তিকর ভিডিওতে বিশ্বাস না করতে। 

ভিডিওটির ক্যাপশনে দেব লিখেছেন, "বাংলা কখনও বিদ্বেষের সংস্কৃতি শেখায়নি। গত কয়েকদিন ধরে আমার কিছু বিকৃত ও এডিটেড ভিডিও ছড়ানো হচ্ছে। আমি সকলের কাছে অনুরোধ করব, দয়া করে এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিওতে বিশ্বাস করবেন না, এগুলো শেয়ারও করবেন না। ইচ্ছাকৃত অপপ্রচার ও চরিত্রহনন কখনও বাংলার সংস্কৃতি নয়। আমার পূর্ণ বিশ্বাস আছে নতুন সরকারের উপর যে তারা এই ধরনের অপপ্রচার ও বিভাজন বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাংলা সব সময় সৌহার্দ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্মানের জায়গা ছিল, ভবিষ্যতেও তাই থাকবে।" 


     

রাজ্যের নির্বাচনী ফল ঘোষণার দু'দিন পরে বুধবার আরও একটি পোস্ট করেন দেব। বিজেপির বিধায়কদের শুভেচ্ছা জানিয়ে বিশেষ আবেদন করে তিনি লেখেন, "বাংলায় নতুন সরকার গঠনের জনগনের রায়ের জন্য বিজেপি-কে জানাই আন্তরিক অভিনন্দন। আমি একান্তভাবে আশা করি যে, এই সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করবে এবং নিশ্চিত করবে যেন সাধারণ মানুষের কণ্ঠস্বর যথাযথভাবে শোনা হয়।" 

Advertisement

দেব আরও বলেন, "জনজীবন এবং চলচ্চিত্র জগৎ- উভয়ের সঙ্গেই গভীরভাবে যুক্ত একজন ব্যক্তি হিসেবে, আমি নতুন সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই যেন তারা ঐক্য ও শৈল্পিক স্বাধীনতার চেতনাকে বাঁচিয়ে রাখেন। এর জন্য প্রয়োজন, বাংলা চলচ্চিত্র শিল্পের অভ্যন্তরে নিষেধাজ্ঞা আরোপ ও বিভাজনের যে সংস্কৃতি বিদ্যমান, তাকে চিরতরে অতীতের বিষয়বস্তুতে পরিণত করা। সিনেমা হল বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয়। আর এর প্রকৃত বিকাশ কেবল পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান এবং সম্মিলিত অগ্রগতির মাধ্যমেই সম্ভব।" 

তিনি আরও যোগ করেন, "এছাড়াও, 'ঘাটাল মাস্টার প্ল্যান' বাস্তবায়নের লক্ষ্যে নতুন সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা আমি অধীর আগ্রহে প্রত্যাশা করছি—যা ঘাটালবাসীর কাছে দীর্ঘদিনের স্বপ্ন এবং এক অপরিহার্য প্রয়োজন। রাজনীতির ঊর্ধ্বে উঠে দেখলে, এটি মূলত মানুষের জীবন রক্ষা, জীবিকা সুনিশ্চিত করা এবং ঘাটালবাসীকে তাদের প্রাপ্য এক উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়ারই উদ্দেশ্যে।"  

 

দেবের এই পোস্ট দেখে বহু নেটিজেন তাঁকে কটাক্ষ শুরু করেছেন। অনেকে লিখেছেন, 'পাল্টি খাচ্ছেন'। অন্যদিকে দেবের অনুগামীরা তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অতীতেও বিভিন্ন মন্তব্যের জন্য, প্রশ্ন উঠেছিল দেব কি তৃণমূল- কংগ্রেস ছাড়ছেন? এমনকি, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াতে চাননি, দেব। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে বৈঠক করে রাজি করান। 

প্রসঙ্গত, টলিউড ইন্ডাস্ট্রির অন্দরের নানা সমস্যা নিয়ে বারবার হয়েছেন দেব। এমনকি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেবের কাজিয়া বারবার প্রকাশ্যে এসেছে। ইন্ডাস্ট্রির 'ব্যান কালচার' নিয়ে নিয়ে সরব হয়েছেন। এবার দেখার, ভবিষ্যতে তিনি কি তৃণমূল- কংগ্রেসেই থাকেন, নাকি 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে নাম লেখান গেরুয়া শিবিরে।   


     


 

Read more!
Advertisement
Advertisement