Advertisement

Raj Subhashree: বিজেপি-কে 'মহিষাসুর' বলেছিলেন, রাজের গায়ে কাদা লাগতেই আগলে, চরম কটাক্ষের মুখে শুভশ্রী

Raj Subhashree: এত দিন যে তারকাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা যেত বা মিছিলের সামনে সারিতে দেখা যেত, সেসব তৃণমূলপন্থী তারকাদের নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ভরেছে মিমে।

রাজ- শুভশ্রীর (ছবি: ইনস্টাগ্রাম)রাজ- শুভশ্রীর (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 May 2026,
  • अपडेटेड 11:30 AM IST

৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ১৫ বছরের তৃণমূল শাসনের অন্ত হয়ে এরাজ্যে বিপুল জয় হয়েছে বিজেপি-র। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, এই প্রশ্ন এখন সকলের মনে। রাজনীতিতে গ্ল্যামার দুনিয়ার তারকাদের হিড়িক গত কয়েক বছরের ট্রেন্ড। এত দিন যে তারকাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা যেত বা মিছিলের সামনে সারিতে দেখা যেত, সেসব তৃণমূলপন্থী তারকাদের নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ভরেছে মিমে। নেটিজেনরা কটাক্ষ করছে, 'এবার আবার কি তাঁরা পাল্টি খাবেন', এই প্রশ্ন তুলে।

তৃণমূল- কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী এবছরও দাঁড়িয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্র থেকে। রাজকে এবার পরাজিত করেন বিজেপি-র কৌস্তভ বাগচী। সোমবার গণনাকেন্দ্র থেকে বেরনোর সময় চরম হেনস্থার শিকার হন রাজ। শুনতে হয় 'চোর চোর' স্লোগান। এমনকি, তাঁর দিকে কাদা ছুঁড়ে মারেন সেখানে উপস্থিত একদল যুবক। এই ঘটনার পর থেকে এখনও মুখ খোলেননি পরিচালক- প্রযোজক তথা প্রাক্তন বিধায়ক। তবে তাঁর পাশে দাঁড়িয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ গোটা পরিবার। 

সোশ্যাল পেজে রাজের সঙ্গে একাধিক আদুরে ছবি শেয়ার করেছেন শুভশ্রী। ক্যাপশনে লিখেছেন, "আমাদের সুপার হিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের ঘর, আমাদের পৃথিবীর কেন্দ্র...।" এই পোস্টে অনেক তারকা কমেন্ট করেছেন। রাজ- শুভশ্রীর অনুগামীরা তাঁদের পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন। তবে নেটজেনদের অনেকেই তীব্র কটাক্ষ করা শুরু করেছে। রাজ ও তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরাট ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা।   

এক নেটিজেন মন্তব্য করেছেন, 'চুরি করা টাকায় ফুটানি করা বেরবে...।' অন্য আরেকজনের মন্তব্য, 'একটু কাদা ছুঁড়েছে, তার জন্য এত দুঃখ করে কষ্ট পেয়ে লাভ আছে? যদি মুখে কাদা লেপে দিত, তাহলে কী করতেন, ভারত বনধ?' 

 

 

ভোটের দিন সংবাদমাধ্যমকে শুভশ্রী বলেছিলেন, 'প্রতিবার মা দুর্গার সঙ্গে প্রচুর মহিষাসুররা লড়াই করতে আসে, প্রচুর বাহিনী নিয়ে আসে। কিন্তু জয় হয় মা দুর্গারই। এবারও তাই হবে।' অনেকে মনে করছেন, নায়িকা 'মহিষাসুর' বলতে বিজেপি এবং 'বাহিনী' বলতে কেন্দ্রীয় বাহিনীকে ইঙ্গিত করেছেন। 'সিঙ্ঘম' আইপিএস অজয় পাল শর্মার প্রসঙ্গে রাজ ঘরণী বলেন, "আমি একজন নেতার স্ত্রী হয়ে নই, একজন আমজনতা হয়ে বলতে চাই, সিঙ্ঘম বা সিংহ, মা দুর্গার পায়ের তলায় থাকে। আমাদের এখানে মা দুর্গা রয়েছে, তারই রাজ চলবে।"  
 
প্রসঙ্গত, মেসিকান্ডের সময় যখন শুভশ্রী চরম কটাক্ষের মুখে পড়েছিলেন, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন রাজ। এবার স্বামীর জীবনের কঠিন সময়ে, তাঁকে আগলে রাখার চেষ্টা করছেন শুভশ্রী। ২০১৮ সালের ১১ মে গাঁটছড়া বেঁধেছিলেন রাজ- শুভশ্রী। বাওয়ালি রাজবাড়িতে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement