
রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে। টলিপাড়ায় বদল হতে শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, টলিউডের নানাবিধ সমস্যা সমাধানের দায়িত্বভার দিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়ের উপর। বলা চলে, টলিউডের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন 'বিশ্বাস ব্রাদার্স' অরূপ এবং স্বরূপ বিশ্বাস।
ব্যান কালচার, ফেডারেশনের 'দাদাগিরি' সব বন্ধ হবে, শিল্পী- কলাকুশলীরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং বাকি সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রূপা, রুদ্রনীলরা। এমনকি, বদল আসতে পারে ইন্ডাস্ট্রির একাধিক সংগঠনে। তৃণমূল- কংগ্রেসের ঘনিষ্ঠ তারকারা একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার হচ্ছেন, অন্যদিকে তাঁরা এখন 'ব্যাক ফুটে'। তবে দেবকে সবার থেকে আলাদা করে রাখলেন রূপা। বিজেপি-র বিধায়কের মুখে শোনা গেল তৃণমূলের সাংসদের নামে প্রশংসা।
বিজেপি ঘনিষ্ঠ তারকারা এতদিন অঘোষিত 'ব্যান' কালচারের তালিকাভুক্ত ছিলেন। তবে এসবের পরোয়া করেননি দেব। তিনি বরাবর নিজের নিয়মে চলেছেন। 'ব্যান' কালচারের বিরোধিতা করা থেকে শুরু করে অন্য রাজনৈতিক মতাদর্শের তারকাদের নিয়ে কাজ তিনি করেছেন। শাসক দলের থেকে বিরোধী দলের ঘনিষ্ঠদের নিয়ে কাজ করায়, কম ঝক্কি পোহাতে হয়নি তাঁকে। এমনকি, মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার জন্য নন্দনের ছবি প্রদর্শন নিয়ে সমস্যাতেও পড়তে হয় দেবকে। তা সত্ত্বেও রূপাকে দিয়েছেন তাঁর 'রঘু ডাকাত' ছবিতে গুরুত্বপূর্ণ পাঠ। এছবিতে দেবের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল রূপাকে। 'খাদান'-র সাকসেস পার্টিতে দেবের সঙ্গে রূপার নাচ ভাইরাল হয়।
বিজেপি ক্ষমতায় সসার পর বহু বছর পরে রূপা ও রুদ্রনীলের ছবির প্রদর্শন হল নন্দনে। সমর্পণ সেনগুপ্ত পরিচালিত ছবি 'প্রত্যাবর্তন'-র প্রদর্শনের জন্য প্রায় দীর্ঘ ১০ বছর পরে নন্দনে পা রাখেন রূপা। ফলস্বরূপ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এদিন দেবের প্রসঙ্গ উঠতেই সংবাদমাধ্যমের সামনে মিষ্টি হাসিতে তাঁর প্রশংসায় ভরালেন অভিনেত্রী- বিধায়ক। রূপা বলেন, "একমাত্র দেব ব্যতিক্রম। ওঁর তরফ থেকে যতটা করা যায়, ততটা করেছে। কখনও বাছবিচার করেনি। ও ভীষণ প্রিয় ছেলে আমার। আমি ভীষণ ভালোবাসি ওকে। দেব একটা নিদর্শন প্রমাণ করেছে। ও ওঁর সাধ্য মতো চেষ্টা করেছে। সবাই জানে, ওঁর সঙ্গে আমার ভীষণ ভালো বন্ধু- ভালোবাসা। ও আমার ছোট্ট ভাইয়ের মতো।"
প্রসঙ্গত, রূপা, রুদ্রনীল, পাপিয়া, হিরণ- এই চারজনের উপর টলিউডের দায়িত্ব এবং তাঁদের কাজ প্রসঙ্গে রূপা সংবাদমাধ্যমকে বলেন, "আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বলবেন, সে ভাবেই কাজ করব আমরা। এই বিষয়ে এখনও কিছুই ঠিক হয়নি।" তিনি আরও বার্তা দেন, শুধু এই চার জন নন, ইন্ডাস্ট্রির সবাই এক হয়ে টলিউড সামলাবেন।