
সময়টা খুব ভাল যাচ্ছে রুদ্রনীল ঘোষের। শিবপুর কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে এবছর ভোটে দাঁড়িয়েছিলেন অভিনেতা। জয়ী হয়েছেন রুদ্রনীল। বুধবার, টালিগঞ্জের বাড়িতে ফিরলেন তিনি। সেখানে তাঁকে শুভেচ্ছা জানাতেতে হাজির হয়েছিলেন বহু অনুগামী সহ ইন্ডাস্ট্রির বন্ধুরা। আবেগপ্রবণ- আপ্লুত হয়ে নিজেই সোশ্যাল পেজে শেয়ার করলেন তিনি নিজেই।
ফুলের তোড়া, মিষ্টি, উপহার নিয়ে রুদ্রনীলের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন টলিউডে তাঁর কাছের মানুষেরা। রুদ্রর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, দুলাল দে, পঙ্কজ লাদিয়া, পারমিতা মুন্সি সহ আরও অনেকে। ক্যাপশনে তিনি লিখেছেন, 'ধন্যবাদ টলিউডের বন্ধুদের। নতুন রুপে সেজে উঠুক "থ্রেট কালচারহীন" টলিউড।' যদিও নেটিজেনদের অনেকে কটাক্ষ করে লিখেছেন, রুদ্রনীল ঘোষ বিধায়ক হবেন এবং তাঁর ক্ষমতার জন্যই এখন ধারে-কাছে ঘেঁষতে চাইছেন অনেকেই।
এর আগে বারবার টলিউডের 'থ্রেট ও ব্যান কালচারহীন' নিয়ে সরব হয়েছিলেন রুদ্রনীল। এমনকি তিনি অভিযোগ তোলেন, বিজেপির কর্মী হওয়ার জন্যই তাঁকে কাজ করতে দেওয়া হয় না টলিউডে। শুধু তাই নয়, তাঁর অভিযোগের তীর ছিল ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের দিকে। সেই সঙ্গে ইন্ডাস্ট্রির মধ্যে আরও বিভিন্ন সমস্যা রয়েছে বলেই, একাধিকবার জানান তিনি। বছরের পর বছর কাজ না পাওয়ায় সংবাদমাধ্যম ও নিজের সোশ্যাল পেজে বারবার ক্ষোভ উগড়ে দিতে দেখা গেছে অভিনেতাকে।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। তিনি প্রার্থী হয়েছিলেন ভবানীপুর কেন্দ্র থেকে। তবে জিততে পারেননি। পরাজিত হয়েও, রুদ্রনীল বিজেপি ছাড়েননি। এবার দেখার শুধু বিধায়ক হিসেবেই তিনি কাজ করবেন, নাকি আরও কোনও নতুন দায়িত্ব দেওয়া হয় তাঁর কাঁধে। সেই সঙ্গে অনেকেই আশাবাদী, এবার ফের বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন রুদ্রনীল এবং তাঁর হাত ধরেই অনেক পরিবর্তন আসবে ও সমস্যা মিটবে।