
'ভালোবাসা বাঁচে, অভিমানের আঁচে...', এই একটা লাইনেই মধ্য দিয়েই যেন ফুটে উঠছে সম্পর্কের নানা আবেগ, সূক্ষ্ম টানাপোড়েন। প্রেম, বিরহ, না পাওয়ার যন্ত্রণা এই সব আবেগের মিশেলে নতুন ছবি তৈরি হয়েছে টলিউডে। যিশু সেনগুপ্ত, সৌরভ দাস প্রযোজিত নতুন ছবি মুক্তি পেয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায়। ছবির নাম 'অভিমান'। ছবিতে মুখ্য চরিত্রে কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যিশু। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সরকার, অরিজিতা মুখোপাধ্যায়ের মতো শিল্পী। ছবির গল্প যিশু সেনগুপ্তর এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। পরিচালনার পাশাপাশি সঙ্গীত পরিচালনাও ইন্দ্রদীপের। জেনে নিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'অভিমান'-র এখন অবধি বক্স অফিস কালেকশন কেমন।
'অভিমান' ছবিতে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন প্রসেনজিৎ। রকস্টারের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নানা শেডস আছে। তাঁর চরিত্রের নাম আকাশ চট্টোপাধ্যায়। ফ্লোরে যাওয়ার আগে, নিজের লুক, শরীরী ভাষা, এনার্জি লেভেলের উপর কাজ করেছেন অভিনেতা। বিচ্ছেদের যন্ত্রণা ও সেই সঙ্গে অবসাদ গ্রাস করে আকাশকে। একদিন নিরুদ্দেশ হয়ে যায় সে। ধীরে ধীরে হারিয়ে যায় কেরিয়ারও।
অন্যদিকে, পর্দায় ফুটে ওঠে যিশু ও শুভশ্রীর রোম্যান্স। গল্পে শুভশ্রীর চরিত্রের নাম 'শ্রী'। তাঁর উপর প্রবীণ আকাশের নির্ভরশীলতা তৈরি হয়। পর্দায় প্রসেনজিৎ ও যিশু বাবা ও ছেলে। সবটা মিলিয়েই সম্পর্কের টানাপোড়েন, গভীর প্রেম, বিচ্ছেদ বেদনা, হতাশা, একাকীত্ব সবটা এক সূত্রে বাঁধতে চেয়েছেন পরিচালক। আর সব মিলিয়ে, গল্পে ভরে রয়েছে অভিমান।
ছবি: অভিমান
* প্রযোজনা সংস্থা: হোয়াই সো সিরিয়াস ফিল্মস
* পরিচালক: ইন্দ্রদীপ দাশগুপ্ত
* অভিনয়ে: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, কাঞ্চন মল্লিক, অরিজিতা মুখোপাধ্যায়
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ০.৩২ কোটি
* ভারতে নেট কালেকশন- ০.২৯ কোটি
'অভিমান' মুক্তির দিনই ছবির মুখ্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ছবির 'ভাবনা এবং চরিত্র চুরি'র অভিযোগ আনেন সুমন ঘোষ। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ তোলেন পরিচালক। অভিযোগের পাল্টা সাফাই দেন প্রসেনজিৎ। নিজেদের অবস্থান স্পষ্ট করেন যিশু, সৌরভও। তবে যারা ছবিটি দেখেছেন, তাঁদের সকলেরই দাবি এই ছবির গল্প শুধুমাত্র রকস্টারের প্রসেনজিতকে নিয়ে নয়। এটা একটা সম্পর্কের ছবি। সম্পর্কের অভিমানের ছবি।
প্রসঙ্গত, গত কয়েক বছরে বারবার চর্চায় উঠে আসে টলিউডের নাম। 'বাংলা ছবি ব্যবসা করছে না’— একথা, ইন্ডাস্ট্রির অনেকের মুখে শোনা যায়। প্রযোজকরা বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করেন, বর্তমানে বাজার ততটাই খারাপ যে, ছবিতে ১০- ১৫ কোটি টাকা ঢাললে, তা ফেরত পাওয়ার সম্ভাবনা কম। এজন্যেই ঝুঁকি না নিয়ে মাঝামাঝি নিরাপদ পথে হাঁটছেন তারা। আর সেই নিরাপদ ছবিগুলোই দর্শককে হলে টানতে পারে না।