
দীর্ঘদিন ধরেই তাঁর বিয়ে নিয়ে নানা কানাঘুষো শোনা যাচ্ছিল। অবশেষে তাতে শিলমোহর দিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সামনে এল অভিনেত্রীর বিয়ের কার্ড। জানা যাচ্ছে, ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধছেন মিমি। পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত।
অভিনব বিয়ের কার্ড
অভিনেত্রী মিমি পশুপ্রেমি হিসেবেই পরিচিত। মিমি চক্রবর্তীকে মাঝেমধ্যেই দেখা যায় তাঁর প্রাণপ্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটাতে। কখনও তাদের নিয়ে ছুটির দিন কাটানো, কখনও আবার জন্মদিন পালন। সন্তানের মতো করেই তাদের লালনপালন করছেন মিমি। অবলা প্রাণীদের সঙ্গে সময় কাটানোর মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে বলেই মনে করেন অভিনেত্রী। তাঁর বিয়ের কার্ডেও রয়েছে সেই ছোঁয়া। মিমির কার্ডে দেখতে পাওয়া যাচ্ছে মন্ডপে বসে রয়েছে বর কনে, সঙ্গে তিনটি পোষ্য। তবে এটি কি মূল বিয়ের কার্ড, নাকি রিসেপশনের আমন্ত্রণপত্র! তা এখনও স্পষ্ট নয়।
কবে বিয়ে করছেন মিমি?
মিমি অবশ্য নিজের বিয়ে নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে খবর, আগামী ৫ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। সূত্র বলছে, নভেম্বর মাসেই এনগেজমেন্ট আর তারপর ডিসেম্বরে কালিম্পংয়ে বিয়ের আসর বসতে চলেছে। তবে এখানে নাকি শুধুই দুই পরিবারের লোকজন থাকবেন। তারপর ফিরে এসে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য ঘটা করে রিসেপশন অনুষ্ঠান হবে। প্রসঙ্গত, পাহাড়ের প্রতি মিমির বিশেষ ভালোবাসা রয়েছে। জলপাইগুড়িতে তার বেড়ে ওঠা।
ডিজাইনার সব্যসাচীর স্টোরে মিমি
সম্প্রতি দক্ষিণ কলকাতায় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে দেখা গিয়েছে মিমিকে। সাদা টি-শার্ট ও ডেনিম পরেছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। স্টোর থেকে বেরিয়ে স্টাইলিস্টকে জড়িয়ে ধরেন তিনি। পরে গাড়িতে করে সেখান থেকে চলে যান। মিমির এই উপস্থিতি ঘিরে শুরু হয় নতুন আলোচনা। বলিউডের একাধিক তারকার বিয়ের পোশাক তৈরি করেছেন সব্যসাচী। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও কিয়ারা আডভানির মতো তারকারা তার নকশার পোশাক পরেছেন। মিমিও নিজের বিয়ের পোশাকের প্রস্তুতি নিতে সেখানে গিয়েছিলেন কি না, উঠেছে সেই প্রশ্ন।
কাকে বিয়ে করছেন মিমি?
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রেখেছেন অভিনেত্রী। বিয়ের খবর সামনে আসার পরও এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি তিনি। বিয়ের তারিখ, পাত্রের পরিচয় কিংবা অনুষ্ঠানস্থল নিয়ে মিমি চক্রবর্তী বা তার ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মিমির ঘনিষ্ঠ মহল সূত্রেজানা গেছে, সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন তিনি। পাত্র বিনোদনজগতের কেউ নন। পেশায় মার্চেন্ট নেভি তিনি।