Advertisement

Bonny Sengupta: এবার জনপ্রিয় 'ইনফ্লুয়েন্সর' চরিত্রে বনি! কার সঙ্গে জুটি বাঁধছেন?

Bonny Sengupta: অংশুমান প্রত্যুষের পরিচালিত এই ছবির নাম 'বোসDK'। এবার বনিকে দেখা যাবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরের চরিত্রে। বনির সঙ্গে এবার জুটি বাঁধবেন শুভাঙ্কী ধর। খুব শীঘ্রই কলকাতাতেই শুরু হবে শ্যুটিং।  

বনি সেনগুপ্তবনি সেনগুপ্ত
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 12:39 PM IST

সময়টা ভাল যাচ্ছে বনি সেনগুপ্তর। জানুয়ারিতে মুক্তি পেয়েছে তাঁর ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। এবার আরও একটি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। অংশুমান প্রত্যুষের পরিচালিত এই ছবির নাম 'বোসDK'। এবার বনিকে দেখা যাবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরের চরিত্রে। বনির সঙ্গে এবার জুটি বাঁধবেন শুভাঙ্কী ধর। খুব শীঘ্রই কলকাতাতেই শুরু হবে শ্যুটিং।  

বনি, শুভাঙ্কী ছাড়াও এছবিতে দেখা যাবে শঙ্কর চক্রবর্তী, মানসী সিনহা, সৈকত দে, রানা বসু ঠাকুরের মতো শিল্পীদের। পরিচালনার পাশাপাশি, ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অংশুমান প্রত্যুষ। কেমন ভাবে এগোবে গল্প? কিংশুক বোস একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর সুপারস্টার, যিনি 'কিং' নামে পরিচিত। তার ফলোয়ার্স সংখ্যা এতটাই বেশি যে, তাবড় তারকাদের জন্যও বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এরপর তার আলাপ হয় দিয়ার সঙ্গে। কিংশুক, দিয়া মিলে একসঙ্গে কনটেন্ট বানাতে শুরু করে। জনপ্রিয়তা আরও বাড়তে থাকে ঝড়ের গতিতে। কিন্তু এরপরই তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। কীভাবে বিপদ কাটিয়ে এগিয়ে যাবে তারা? উত্তর মিলবে ছবিতে। 

অংশুমান প্রত্যুষ জানালেন, "এই ঘরানার ছবি আমি আগে কখনও বানাইনি। তবে ইচ্ছে ছিল। আমাদের একটা সেলিব্রিটি ক্রিকেট টিম আছে। আমাদের দলে অনেক সফল ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও রয়েছেন। গত কয়েক বছরে আমি ব্যক্তিগতভাবে তাদের বেড়ে ওঠা দেখেছি, তাদের জীবন, সাফল্য এবং চ্যালেঞ্জ কাছ থেকে দেখেছি। তাদের মানসিকতা ভীষণ আলাদা, যা আমাকে সবসময় আকৃষ্ট করেছে। সেই আকর্ষণই সম্ভবত আমাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রোটাগনিস্ট করে একটি চিত্রনাট্য লিখতে অনুপ্রাণিত করেছে। তবে, এই ছবি সোশ্যাল মিডিয়া নিয়ে নয়—এটি আবেগঘন একটি সামাজিক ড্রামা, যার দৃষ্টিভঙ্গি শুধু একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের চোখ দিয়ে দেখা। এটি বন্ধুত্বের গল্প, এবং কঠিন সময়ে একে অপরের পাশে থাকার গল্প।" 

বনি সেনগুপ্ত জানালেন, "এই ছবিটা মূলত বন্ধুত্বের গল্প। এই ছবিতে দেখানো হয়েছে আধুনিক সমাজে ছেলেমেয়ের বন্ধুত্বকে নিয়ে মানুষের প্রচলিত ধারণা—যেখানে মনে করা হয়, একজন ছেলে ও একজন মেয়ে বন্ধু হলেই তাদের মধ্যে অন্য কোনও সমীকরণ আছে। এই ছবির লক্ষ্য সেই ধারণাকে ভুল প্রমাণ করা এবং দেখানো যে একটি ছেলে ও মেয়ের সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর পাশাপাশি ছবিতে একটি গভীর বার্তাও রয়েছে, যা আমরা পরে প্রকাশ করব। আমি এই ছবিতে ‘হ্যাঁ’ বলার প্রধান কারণ ছিল, আমাদের পরিচালক অংশুমান প্রত্যুষের সঙ্গে আমার ভাল বন্ধুত্ব। আমরা দীর্ঘদিন একসঙ্গে ক্রিকেট খেলেছি এবং নানা ধারণা নিয়ে আলোচনা করেছি। যখন তিনি এই নতুন ও সতেজ ভাবনাটি নিয়ে আমার কাছে আসেন, তখন আমার মনে হয় এটি সত্যিই আলাদা। কম বাজেট এবং প্রায় ১০ থেকে ১২ দিনের টাইট শ্যুটিং শিডিউল থাকা সত্ত্বেও, আমার বিশ্বাস আমরা দারুণ সময় কাটাব।" 

Advertisement

শুভাঙ্কি ধরের কথায়, "ছবির বিষয়বস্তু বেশ নতুন। আজকের জেন জি প্রজন্মকে কেন্দ্র করে তৈরি, এক অসাধারণ প্রেম, গাঢ় ও নিঃস্বার্থ বন্ধুত্বের গল্প। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, এটি আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভীষণভাবে প্রাসঙ্গিক এবং তাই বিষয়টি আমার কাছে বেশ তাৎপর্যপূর্ণ লেগেছে। অভিজ্ঞ ও প্রতিভাবান শিল্পী বনি সেনগুপ্ত এবং পরিচালক অংশুমান প্রত্যুষের সঙ্গে কাজ করা নিঃসন্দেহে আমার জন্য বড় প্রাপ্তি। একজন নবাগতা হিসাবে এটি আমার কাছে দারুণ অভিজ্ঞতা এবং শ্যুটিং শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।" 

 

Read more!
Advertisement
Advertisement