
টলিউডের অত্যন্ত পরিচিত মুখ চুমকি চৌধুরী। নিজের ১৯৯০ সালে 'হীরক জয়ন্তী' ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন। প্রথম ছবিতেই বাজিমাত। দারুণ সাফল্য আসে। এরপর বছরের পর বছরের আরও অনেক ছবিতে কাজ করে বারবার সকলের মন জয় করেছেন অভিনেত্রী। ২০০৩-র পর থেকে কমতে থাকে ছবি।
সেসময় দু-তিন বছর অন্তর একটা করে ছবি করলেও, ২০১৩-র পর দীর্ঘদিন বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। এর প্রায় নয় বছর পর ২০২২ সালে 'কুলপি' নামের একটি ছবিতে কাজ করেছেন। এর মাঝে অবশ্য ছোট পর্দার বেশ কয়েকটি কাজ করেছেন। তবে সেটাও শেষ দেখা যায় ২০২৫ সালের জুলাই মাসে। চুমকিকে শেষ বারের মতো দেখা গিয়েছিল 'রোশনাই' ধারাবাহিকে। চুমকি চৌধুরীর আরও একটি বড় পরিচয় আছে। তিনি, অঞ্জন চৌধুরীর মেয়ে। মূল ধারার বাংলা ছবির গতিপথ বদলে ছিলেন অঞ্জন চৌধুরী। ১৯৮৪ থেকে ২০০৭ পর্যন্ত, তাঁর বানানো একাধিক ছবি আরও মনে রেখেছে দর্শক।
৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ১৫ বছরের তৃণমূল শাসনের অন্ত হয়ে এরাজ্যে বিপুল জয় হয়েছে বিজেপি-র। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে, টলিউড ইন্ডাস্ট্রিতেও অনেক বদল হতে চলেছে। চুমকির দীর্ঘদিন পর্দা থেকে দূরে থাকার পিছনেও কি রাজনৈতিক কোনও কারণ রয়েছে? কতটা বদলেছে টলিউড? এবিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন অভিনেত্রী। চুমকি বলেন, "সে যুগ একেবারেই অন্যরকম ছিল। বাবা আমাদের সব সময় বলেছেন কাজে মন দিতে। বাকি কোথায় কী ঘটছে না ঘটছে, সেটাকে গুরুত্ব না দিতে। এখনও আমি সেই পথ অনুসরণ করেই চলি। এখনও তা-ই করছি। এমনিতেও প্রায় এক বছর হল কাজ করছি না। নিজের কাজকে সবসময় গুরুত্ব দিয়েছি। তাই কখনও রাজনৈতিক কর্মকাণ্ড, রদবদল, বিতর্ক আমার উপরে প্রভাব ফেলেনি। তবে এখন অনেক দিন পর্দা থেকে দূরে থাকার নেপথ্যে অন্য কারণ রয়েছে।"
পারিশ্রমিক নিয়ে বারবার সমস্যায় পড়তে হয়েছে চুমকিকে। এত বছরের অভিজ্ঞতার পরে, পারিশ্রমিকের সঙ্গে আপোষ করতে নারাজ তিনি। তাঁর কথায়, "এখানে পারিশ্রমিক নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়। একেবারে প্রাপ্য পারিশ্রমিক দিতে চায় না কেউ। যা কিছু সময় অসম্মানেরও। এত বছর ধরে কাজ করছি। অভিজ্ঞতারও তো একটা মূল্য আছে। সেই নিরিখেই তো আমার পারিশ্রমিক চাইব আমি। সেই প্রাপ্য মূল্য যদি না দেয় কেন কাজ করব? তাই দুটো সুযোগ এসেছিল কাজের। কিন্তু না করে দিয়েছি। প্রাপ্য মূল্য না পেলে করব না।"
প্রসঙ্গত, 'রাঙিয়ে দিয়ে যাও', 'প্রতিদান', 'বাজল তোমার আলোর বেণু', 'গঙ্গারাম', 'আলতা ফড়িং', 'দ্বিতীয় বসন্ত'-র মতো মেগা সিরিয়ালে কাজ করেছেন চুমকি চৌধুরী। আপাতত বিদেশ থেকে ছুটি কাটিয়ে ফিরে, বাড়িতেই সময় কাটাচ্ছেন তিনি।