
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর প্রায় পাঁচ মাসের মধ্যেই। নানা প্ল্যানের সঙ্গে পুজোয় ছবি মুক্তি গত কয়েক বছরের একটা চল। ট্রেন্ড অনুযায়ী ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখী করতে ভিড়ে সামিল হন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থা। পুজোর সময় প্রেক্ষাগৃহের বাইরে 'হাউজফুল' বোর্ড ঝুলতে দেখা যায়। এবারও উৎসবের মরসুমে মুক্তি পাবে একাধিক ছবি। সবটা প্রকাশ্যে না এলেও, ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ২০২৬-র পুজোয় কোন কোন ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেবের ছবি নিয়ে নতুন তথ্য সামনে এল।
পুজোয় দেব বনাম দেব?
আগামী পুজোয় মুক্তি পাবে 'দেশু৭'। এই খবর এখন আর নতুন নয়। 'দেশু'-র অনুগামীরা এখন থেকেই দিন গুনছেন। এমনকি, ছবির অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। এরই মধ্যে টলিপাড়ায় ছড়িয়ে পড়েছে আরও এক বড় খবর। এবছর পুজোয় নাকি দেবের আরও একটি ছবি মুক্তি পাবে। গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী, দেবের ছবি মানেই সুপারহিট। আর একই সময় তাঁর দুটি ছবি মুক্তি মানে, দর্শকও ভাগ হবে। যার অর্থ, পুজোয় দেব বনাম দেব?
অভিজিৎ সেনের মন্তব্য
আসলে, এই জল্পনার সুত্রপাত হয় অভিজিৎ সেনের মন্তব্য থেকে। সম্প্রতি একটি ছবির প্রিমিয়ারে একসঙ্গে দেখা যায় অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী ও ইধিকা পালকে। তাঁদের একসঙ্গে দেখেই সাংবাদিক প্রশ্ন ছোঁড়েন, 'প্রজাপতি ৩'-র মিটিং করছিলেন কিনা। এই প্রশ্ন শুনে হেসে পরিচালক জবাব দেন, "হ্যাঁ, সামনের দুর্গাপুজোয় 'প্রজাপতি ৩' আসছে।" এই কথাটি মজা করে বলেছেন নাকি, সত্যিই এমন কিছু ঘটতে চলেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে নেটিজেনদের আশা, 'প্রজাপতি' ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি আসবে শীঘ্রই।
২০২৬-এ দেবের ছবি মুক্তির তালিকা
বাইক অ্যাম্বুলেন্স দাদা
জীবনের ৫০ তম ছবি হিসেবে দেব বেছে নিয়েছেন করিমুল হকের জীবনীকে। ছবির নাম 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'। জানা যাচ্ছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে, ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই ছবিটি। বিনয় মুদগিল পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স এবং নন্দী মুভিজের ব্যানারে।
দেশু৭
শুরু হয়েছে দেব- শুভশ্রীর পুজোর ছবি 'দেশু৭'-র শ্যুটিং। বড় পর্দায় ফিরছে দেব- শুভশ্রী জুটি। দেবের জীবনের ৫১ তম ছবি এবং জুটির সপ্তম ছবি আসছে এবছরের দুর্গাপুজোয়। এই ছবিতে থাকবে দু'জনের ভরপুর রোম্যান্স, অ্যাকশন ও রহস্য। নির্মাতাদের দাবি, এই রসায়ন সকলের মনে থেকে যাবে। এই ছবির মাধ্যমেই ডেবিউ হবে পরিচালক দেবের। অর্থাৎ অভিনয়, প্রযোজনার পাশাপাশি 'দেশু৭'-র পরিচালনা ও চিত্রনাট্য লেখার গুরু দায়িত্ব পালন করবেন দেব নিজেই। ১৬ অক্টোবর, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন মুক্তি পাবে 'দেশু৭' (এখনও নাম নিয়ে কাজ চলছে)। দেব- শুভশ্রী ছাড়াও এই ছবি নিয়ে সকলের বাড়তি আগ্রহ- কৌতূহল রয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে। মুক্তির ৯ মাস আগে থেকে শুরু হয়েছে এই ছবির অগ্রিম টিকিট বুকিং। ফার্স্ট ডে ফার্স্ট শো ইতিমধ্যেই হাউজফুল।
টনিক ২
ইচ্ছেপূরণ করতে ২০২১-র বড়দিনের আগে বাঙালি দর্শকরা উপহার পেয়েছিল 'টনিক'। অতনু রায় চৌধুরী প্রযোজিত, অভিজিৎ সেন পরিচালিত এই ছবি, মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বিপুল সাড়া ফেলে। 'হাউজফুল' শোয়ের জেরে, বিভিন্ন মাল্টিপ্লেক্সে বাড়াতে হয় সংখ্যা। সাধারণ দর্শক থেকে শুরু করে তারকাদের মুখে মুখে প্রশংসিত হয় 'কাকা' ও তাঁর 'টনিকের' দারুণ বন্ডিং। এবার ফিরতে চলেছে সেই কাকা- ভাইপো জুটি। ২০২৬-এ আসছে 'টনিক ২'। এবারও মুখ্য চরিত্রে থাকছেন দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় । আগের ছবিতে তনুশ্রী চক্রবর্তী, শকুন্তলা বড়ুয়া, সুজন মুখার্জী,কনীনিকা বন্দ্যোপাধ্যায়রা ছিলেন। তবে এবার আর কারা কারা থাকছেন, তা এখনও জানা যায়নি। জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো 'সারেগামাপা' এবং 'ডান্স বাংলা ডান্স'-র পরিচালক অভিজিৎ সেনের প্রথম বড় পর্দার কাজ ছিল এটি। এরপর তাঁর পরিচালনায় আরও সফল ছবি পেয়েছে টলিউড। তাই নিঃসন্দেহে 'টনিক ২' নিয়ে সকলের উৎসাহ, কৌতূহল থাকবে।
খাদান ২
২০২৪-র বড়দিনে মুক্তি পেয়েছিল 'খাদান'। ছবির গান, জুটি আজও হিট। বক্স অফিসেও বিরাট ঝড় তুলেছিল। এই ছবির বিশ্বব্যাপী নেট কালেকশন প্রায় ৯.২৩ কোটি এবং ভারতে নেট কালেকশন প্রায় ৮.২৪ কোটি টাকা। নতুন বছরের শুরুতেই দেব ঘোষণা করেন, এবছরই আসছে 'খাদান ২'। এদিকে স্ক্রিনিং কমিটির সমস্যায় দেবের বিপরীত পক্ষেই রয়েছেন ছবির এক প্রযোজক নিসস্পাল সিং রানে। অনেকেই মনে করেছিলেন, সেই প্রভাব হয়তো এই ছবির উপরও পড়বে। যদিও ১ জানুয়ারি তাদের সেই ভুল ভেঙেছে। 'খাদান'-র প্রচারের সময়ের বেঙ্গল ট্যুরের একটি ছবি শেয়ার করে এই সুখবর সকলকে দেন দেব।
প্রসঙ্গত, ২০২৬-র শুরুতেই ঘোষণা করেছিলেন, বছরভর দর্শককে কী কী উপহার দেবেন দেব। চলতি বছরে তিন বড় ছবি আনতে চলেছেন তিনি। যার মধ্যে একটি ছবি নতুন এবং নিজের দুই সফল ছবির সিক্যুয়েল আনতে চলেছেন মেগাস্টার। ঘোষণার বাইরেও হঠাৎ দেব জানান, চতুর্থ ছবি 'দেশু৭' মুক্তির কথা। সাধারণত স্বাধীনতা দিবস, দুর্গাপুজো এবং বড়দিনের আগে মুক্তি পায় দেবের ছবি। 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' আসবে স্বাধীনতা দিবসের আগে। 'দেশু৭' আসছে পুজোয়। বাকি পড়ে রইল 'টনিক ২', 'খাদান ২' এবং 'প্রজাপতি ৩'। এবছর কি সত্যিই আরও এক ছবি মুক্তি সম্ভব? সেই প্রশ্নের উত্তর দেবে সময়।