
বছরের বিশেষ কিছু সময়, উৎসবে ছবির মুক্তির চেষ্টায় থাকে নির্মাতারা। সেক্ষেত্রে, বহু সময় বক্স অফিসেও এর বিরূপ প্রভাব পড়েছে। দর্শক ভাগ হয়েছে। প্রতি বছরের কিছু উৎসবে দেবের ছবি মুক্তি নিশ্চিত থাকে। অন্তত তিনি প্রযোজক হওয়ার পরে, এটা গত কয়েক বছরের ট্রেন্ড। এবছরের ক্যালেন্ডার আগেই জানিয়েছিলেন দেব। ঘোষণার পরেও, নতুন সংযোজন হয়েছে সেই তালিকায়। তবে এবার বড় বদল হল সেই তালিকায়।
বাইক অ্যাম্বুলেন্স দাদা
জীবনের ৫০ তম ছবি হিসেবে দেব বেছে নিয়েছেন জলপাইগুড়ির করিমুল হকের জীবনীকে। ছবির নাম 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'। ছবিতে দেবের বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র। আগে ঘোষণা হয়েছিল, স্বাধীনতা দিবসের প্রাক্কালে, ১৪ অগাস্ট মুক্তি পাবে এই ছবিটি। বিনয় মুদগিল পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স এবং নন্দী মুভিজের ব্যানারে। তড়িঘড়ি শ্যুটিংও শেষ করেন তিনি। তবে এরই মাঝে তৈরি হয় সমস্যা।
কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত
নন্দী মুভিজের ব্যানারেই আরও একটি ছবির একই সময় মুক্তি নিয়ে সমস্যা দেখা দেয়। একই সময় জিতের ছবির 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'-র মুক্তি নিয়ে জলঘোলা শুরু হয়। দেব ও জিৎ- ভক্তদের মধ্যে বাকযুদ্ধ চলতে থাকে নেটমাধ্যমে। তবে শেষ পর্যন্ত সব জট কেটেছে। আপাতত পিছিয়ে আসছেন দেব। ঘোষণা হয়েছে, ১৮ অগাস্ট মুক্তি পাবে, জিতের ছবি। তবে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'-র মুক্তি কবে, তা এখনও স্পষ্ট নয়।
দেবের পোস্ট
ইনস্টা স্টোতে দেব জানান, "সব জার্নির একটা নিজস্ব সঠিক সময় থাকে। 'বাইক অ্য়াম্বুলেন্স দাদা' যাতে আপনাদের কাছে একদম ভাল ভাবে পৌঁছতে পারে, তাই আমরা এর মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আর আপনাদের এই ভালোবাসা, ধৈর্য ও বিশ্বাসের জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের উপর বিশ্বাস রাখুন, আপনাদের এই অপেক্ষা বৃথা যাবে না। ততদিন #BAD (বাইক অ্য়াম্বুলেন্স দাদা) আপনাদের হৃদয়ে থাক।"
প্রসঙ্গত, ২০২৬-র শুরুতেই ঘোষণা করেছিলেন, বছরভর দর্শককে কী কী উপহার দেবেন দেব। চলতি বছরে তিন বড় ছবি আনার কথা ছিল তাঁর । যার মধ্যে রয়েছে একটি ছবি নতুন এবং নিজের দুই সফল ছবির। এই ঘোষণার বাইরেও হঠাৎ দেব জানান, চতুর্থ ছবি 'দেশু৭' মুক্তির কথা। সাধারণত স্বাধীনতা দিবস, দুর্গাপুজো এবং বড়দিনের আগে মুক্তি পায় দেবের ছবি। 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' এখন আসছে না স্বাধীনতা দিবসের আগে। 'দেশু৭' আসছে পুজোয়। বাকি পড়ে থাকা 'টনিক ২', 'খাদান ২'-র মধ্যে কোনও একটি আসবে বড়দিনে। এবার দেখার বাকি আরেকটি ছবি কবে মুক্তি পায়।