
ফের শিরোনামে থাকেন মমতা শঙ্কর। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মহিলা থেকে স্যানিটারি ন্যাপকিনের মতো তাঁর নানা মন্তব্য নিয়ে বারবার বিতর্ক হয়েছে। এমনকী, মেয়েদের শাড়ি পরার স্টাইল নিয়েও মন্তব্য করে চর্চায় এসেছিলেন তিনি। সম্প্রতি মহিলাদের স্বাধীনতা নিয়ে কথা বলে, আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী- নৃত্যশিল্পী। 'পিঞ্জর' সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানে তাঁর একটি মন্তব্য ভাইরাল হয়েছে।
মমতা শঙ্কর বলেন, "প্রচুর মেয়ে আছে যারা বন্দি। কিন্তু সবাই নয়। কিন্তু কিছু মেয়েরা যেভাবে ফ্রি হয়ে ঘুরছে, এবং যা যা আমরা দেখতে পারছি…।" এরপর, তিনি নিজেকে কিছুটা সংশোধন করে বলেন, "কিছু মেয়ে, সব মেয়ে বলব না। বেশিরভাগ মেয়েই ভাল। কিছু মেয়ের যেভাবে বেশি স্বাধীনতা দেখছি, সেটাও ঠিক না। আসলে আমরা ভুল দিকে স্বাধীনতা নিয়ে যাচ্ছি। স্বাধীনতা বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু আলাদা। যা ইচ্ছে তাই করব, সেটা কিন্তু কখনোই স্বাধীনতা নয়। তাই নারী স্বাধীনতা একেবারে নেই বললে, সেটা ভুল বলা হবে। কিছু মানুষের হাতে রয়েছে অগাধ স্বাধীনতা। আমি বলব আমাদের মেয়েদের, ভল মেয়েদের এরকম হওয়া উচিত, যারা কষ্টে আছে, চারদিক থেকে চাপের মধ্যে আছে, তাদের ভালো দিকে নিয়ে আসুন। তাই বলে, স্বাধীনতার ভুল ব্যাখ্যা যেন না হয়।"
মমতা শঙ্করের এই ভিডিওটি ভাইরাল হয়েছে। তাঁকে রীতিমতো কটাক্ষের শিকার হতে হচ্ছে। তাঁর মন্তব্যকে 'নৈতিক পুলিশিগিরি' বলে উল্লেখ করছে নেটিজেনরা। একজন লিখেছন, "একটু চুপ করুন, বয়স তো হয়েছে, ঠাকুরের নাম করুন।" অন্য আরেক জনের মন্তব্য, "ছেলেদের স্বাধীনতা নিয়ে তো কখনও এত কথা হয় না..."। একজন আবার লিখেছেন, "উনি স্বাধীনতা নিয়ে এত জ্ঞান দিচ্ছেন কেন, উনি কি ব্রিটিশ গভর্নমেন্ট?"
প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময় চর্চায় এসেছেন মমতা শঙ্কর। কখনও কলকাতার মেট্রো স্টেশনের চুমু বিতর্ক নিয়ে মন্তব্য, তো কখনও মেয়ের শাড়ির আঁচল নেওয়ার ধরণ নিয়ে কথা বলে ট্রোলড হয়েছেন অভিনেত্রী। ২০২৫ সালে তাঁর বক্তব্য ঘিরে উত্তাল হয় নেটপাড়া ৷ তিনি মেয়েদের স্যানিটারি প্যাড বাড়ির ছেলে বা বাবাকে কিনতে দেওয়ার বিপক্ষে কথা বলেন ৷ পাশাপাশি, বিজ্ঞাপনে যেভাবে মেয়েদের পিরিয়ডস দেখানো হয় ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার দেখানো হয়, তা নিয়ে সরব হন অভিনেত্রী ৷ এরপরেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসে একের পর এক তীক্ষ্ণ সমালোচনার বাণ ৷ মমতা শঙ্করের এসব ব্যক্তিগত মন্তব্য সামনে আসার পরেই অভিনেত্রীর মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা।