
পশ্চিমবঙ্গের প্রতিটি সিনেমাহলে প্রতিদিন অন্তত একটি বাংলা ছবি দেখাতে হবে। নির্দেশিকা জারি রাজ্য সরকাররে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর এই মর্মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করল । এই নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে ছ’ঘণ্টার এই সময়সীমায় অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী রাজ্যের প্রতিটি সিনেমা হল ও প্রেক্ষাগৃহে প্রতিদিন অন্তত একটি করে বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। শুধু বাংলা ছবির প্রদর্শনের সুযোগ বাড়ানোই নয়, বাংলা চলচ্চিত্রের সামগ্রিক পরিবেশ, পরিবেশনা ও আয়কে আরও শক্তিশালী করার লক্ষ্যেও একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়।
প্রসঙ্গত, মঙ্গলবার টলিউডের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, প্রাইম টাইমে বাংলা ছবিকে জায়গা দিতেই হবে ৷ মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পর বুধবার তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ডঃ সৌমিত্র মোহন এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেন ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবিলম্বে এই নিয়ম কার্যকর হচ্ছে ৷
নির্দেশিকায় কী কী বলা হয়েছে?
নবান্নের জারি করা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে অন্তত একটি বাংলা সিনেমা দেখাতে হবে ৷ তবে হল মালিকদের ব্যবসায়িক ও পরিচালনগত সুবিধার কথাও মাথায় রাখা হয়েছে ৷ ওই ছ'ঘণ্টা সময়সীমার মধ্যে নিজেদের সুবিধা মতো যে কোনও একটি শো বেছে নিতে পারবেন হল মালিক ও প্রদর্শকরা ৷ অর্থাৎ, নির্দিষ্ট কোনও শোয়ের সময় বেঁধে না দিয়ে বাংলা ছবির জন্য প্রতিদিন একটি প্রদর্শনী নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এই নির্দেশ কার্যকর হচ্ছে অবিলম্বে। নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকেরা নিজ নিজ এলাকায় সিনেমা হলগুলির উপর নজর রাখবেন। কলকাতা পুলিশের আওতাধীন এলাকার হলগুলির ক্ষেত্রে এই দায়িত্ব পালন করবেন কলকাতার পুলিশ কমিশনার।
নির্দেশি অমান্য করলে ব্যবস্থা
বাংলা সিনেমা প্রশর্শন নিয়ে সরকারি নির্দেশ অমান্য করলে হল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্ট করেছে নবান্ন। প্রয়োজন হলে আইন মেনে সংশ্লিষ্ট সিনেমা হলের লাইসেন্স বা অনুমতি স্থগিত কিংবা বাতিল করা হতে পারে।
তৈরি হল বিশেষ কমিটি
বাংলা ছবির সামগ্রিক উন্নয়ন ও প্রদর্শনী সংক্রান্ত সমস্যা মেটাতে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করেছে রাজ্য সরকার ৷ কমিটিতে রয়েছেন তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ এছাড়াও টলিউডের প্রতিনিধি হিসেবে চার বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ এবং হিরণ্ময় চট্টোপাধ্যায় কমিটিতে আছেন ৷ কমিটিতে পরিচালক, প্রযোজক, প্রদর্শক এবং পরিবেশক—এই চারটি ক্ষেত্র থেকেই দু’জন করে প্রতিনিধি থাকছেন ৷ পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কলকাতা পুরনিগমের একজন প্রতিনিধিকে নেওয়া হচ্ছে। প্রয়োজনে চলচ্চিত্র জগতের বিশেষ আমন্ত্রিতদেরও এই আলোচনায় সামিল করা যাবে ৷ কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ৷
কী কাজ করবে এই কমিটি?
বাংলা ছবির প্রদর্শন ও বণ্টনের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে সমস্যাগুলি চিহ্নিত করাই হবে কমিটির অন্যতম কাজ। সিনেমা হলের মালিকদের কী ধরনের বাণিজ্যিক ও পরিচালনাগত সমস্যার মুখে পড়তে হয়, কেন অনেক জায়গায় বাংলা ছবির পর্যাপ্ত প্রদর্শন হয় না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হবে। বাংলা সিনেমার জন্য একটি সুস্থ ও দীর্ঘমেয়াদি পরিবেশ তৈরির সুপারিশও করবে এই কমিটি । সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে বিস্তারিত রিপোর্ট ও সুপারিশ কমিটিকে জমা দিতে হবে তথ্য ও সংস্কৃতি দফতরের কাছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
বাংলা ছবির প্রচার ও প্রসার এবং রাজ্যের সর্বত্র বাংলা ছবির জন্য সিনেমাহল নিশ্চিত করতেই এই পদক্ষেপ করেছে সরকার। প্রসঙ্গত, মঙ্গলবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলা চলচ্চিত্রজগতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি দেন, প্রতিটি সিনেমাহলে অন্তত একটি প্রাইম টাইম শো বাংলা ছবির জন্য বরাদ্দ রাখা হবে। চলচ্চিত্রজগতের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, বড়ো কোনও হিন্দি ছবি মুক্তি পেলেই অনেক সময় বাংলা ছবিকে হল থেকে সরিয়ে দেওয়া হয়। ফলে বাংলা ছবির প্রদর্শনের সুযোগ কমে যায়। এই বৈঠকের পরেই নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সেইসঙ্গে বাংলা ছবির জন্য সিনেমা হলের দরজা আরও বেশি করে খুলে দিতে উদ্যোগী হল নবান্ন।